২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গীতিকারদের গান গেয়ে গায়কেরা ধন্য’

গীতিকার হিসেবে যাত্রা শুরুর পরেই ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের ব্যান্ড সংগীতে রনিম রহমান উপহার দিয়েছেন অনেকগুলো জনপ্রিয় গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 05:44 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

শাফিন আহমেদের কন্ঠে ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ কিংবা জেমসের কন্ঠে ‘আমি এক দুঃখওয়ালা’ ও ‘শততম দুঃখবার্ষিকী’র মতো গানগুলো তারই লেখা। মাঝে কিছুদিন বিরতির পরে ফিরে এলেন নতুন অবতারে গায়ক হিসেবে। সম্প্রতি নিজের সংগীত ক্যারিয়ারের নানান বিষয় নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন তিনি।

গ্লিটজ: ২০০৬ সালের পরে বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর কাছ থেকে শ্রোতারা কোনো জনপ্রিয় অ্যালবাম কিংবা কালজয়ী গান আর উপহার পেলো না কেন?

রনিম: সেই সময়টায় আমাদের দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ব্যান্ডের শিল্পীদের একটা আত্ম-অহংকার জেগে উঠেছিলো। তাদের ধারণা ছিলো আমাদের মতো হাতেগোনা কয়েকজন গীতিকারের লেখা গান না গাইলে তাদের এমন আর কী ক্ষতি হবে। আমাদের লেখা গান ছাড়াই তারা নিজেরাই গান লেখতে পারেন, এমনটি তারা ভেবে বসলেন। কিন্তু এরপরে এই অবধি অনেক বিখ্যাত শিল্পীর একক কিংবা ব্যান্ড অ্যালবাম প্রকাশিত হলেও তাদের কোনো অ্যালবাম হিট হয়নি।

এর অন্যতম কারণ হলো একটি সময় আমরা যেসব গীতিকবিরা তাদের জন্য গান লিখতাম তারা সবাই একটি সময়ে গান লেখা ছেড়ে দিয়েছিলাম। যারা ব্যান্ডের গান লিখতে অভ্যস্ত নয় এমন নতুন ও পুরনো গীতিকারদের কাছ থেকে তারা ব্যান্ডের গান নেওয়া শুরু করলো। কিন্তু তাদের গান শ্রোতাদের জনপ্রিয়তা কুড়াতে ব্যর্থ হলো। যার দরুণ দিনে দিনে আমাদের ব্যান্ডশিল্প একটা অধঃপতনের দিকে ধাবিত হলো।

Image
ছবি: তানজিল আহমেদ জনি

ছবি: তানজিল আহমেদ জনি

সত্যি বলতে, মাইলস, নগর বাউল, প্রমিথিউস, এলআরবি, সোলস, ফিডব্যাক ইত্যাদি বিভিন্ন ব্যান্ডের জন্য যেসব গীতিকাররা নিয়মিত গান লিখতেন তাদের প্রায় সবাই একইসঙ্গে গান লেখা বন্ধ করে বেরিয়ে যাওয়ার কারণেই কিন্তু পুরো ব্যান্ড ইন্ডাষ্ট্রি পতনের দিকে গেলো।

গ্লিটজ: গীতিকার হিসেবে ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই হঠাৎ আপনি কেন গান না লেখার সিদ্ধান্ত নিলেন?

রনিম: আমার দিক থেকে ব্যক্তিগত দুঃখবোধ থেকেই মূলত আমি গান লেখা বন্ধ করে দিয়েছিলাম। আমার গানগুলো যখন শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় তখন আমি রেডিও কিংবা টেলিভিশনে যখন সেই গানগুলো শুনতাম কিংবা কোনো কনর্সাটে যখন সেই গানগুলো শুনতাম তখন কোনো শিল্পী গানের গীতিকারের নাম বলতেন না। কেন জানি গীতিকারের নাম বলতে শিল্পীদের মনের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে। শ্রোতারা গানের গীতিকারের নাম জানতে চাওয়ার পরেও আমার নাম না বলার ঘটনাও ঘটেছে।

শুধু তাই নয় সেই সময়টায় গীতিকারের নাম না বলার বিষয়গুলোকে ঘিরে ব্যান্ডের অনেক কিংবদন্তী শিল্পীদের সাথে আমার তর্কযুদ্ধও হয়েছিলো। সে সময় অনেকেই আমাকে বলেছেন তোমাদের গান গেয়েছি বলেই তোমাদের ধন্য হওয়া উচিৎ। যার উত্তরে আমিও তাদেরকে বলেছিলাম আমাদের মতো গীতিকারদের গান গেয়ে আপনারা ধন্য। সত্যি বলতে একটা সময় নিজের সঙ্গে আর পেরে উঠছিলাম না। তাই ২০০৭ সালের সেই মুহুর্তেই অন্যের জন্য যেকোন ধরনের গান না লেখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম।

গ্লিটজ: বাংলাদেশের ব্যান্ড জগতের আজকের এই অবস্থার জন্য ব্যান্ডশিল্পীরা নাকী গীতিকাররা-- কাদের দায়ী করবেন আপনি?

রনিম: স্পষ্টভাবে যদি বলি, তাহলে এর দায়ভার দুই দিকেই পড়ে। অনেকেই আমাদের গীতিকারদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে দিয়ে বলে আমরা গীতিকাররা এর জন্য দায়ী। হ্যা… আমরা দায়ী আমরা তা স্বীকার করি। কিন্তু আমাদের অধিকার যতটুকু পাওয়ার ছিলো সেই অধিকারটুকু পাচ্ছিলাম না বলেই আমাদের গান লেখা বন্ধ না করে কোনো উপায় ছিলো না।

২০০৬ সালের পর থেকে বা ২০০৭ সালে থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যান্ডের যেসব গান শ্রোতারা শুনেছেন, সেগুলোর মধ্যে কি আগের মতো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা তারা উপহার দিতে পারছেন? তাহলে সেই দায়ভার তো আমাদের গীতিকারদের নয়।

Image
ছবি: তানজিল আহমেদ জনি

ছবি: তানজিল আহমেদ জনি

গ্লিটজ: ব্যান্ডের কালজয়ী গানের গীতিকার হওয়া সত্বেও সিনেমার গানের গীতিকার হলেন না কেন?

রনিম: সিনেমায় গান লেখার প্রস্তাব সেই ১৯৯৯ সালেই পেয়েছিলাম। এরপরে আরো বহুবার পেয়েছি। সম্প্রতি আবারো সিনেমার গান লেখার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি কখনোই ফরমায়েসি গীতিকার নই। সবসময় নিজেকে আমি ইচ্ছা-স্বাধীন গীতিকার বলি। বিশেষ কোনো ব্যক্তির জন্য গান লেখার ইতিহাস আমার জীবনে কখনোই নেই। আমার যখন যা ভালো লাগে তখন আমি সেটাই লিখি। কোন নির্দিষ্ট গল্পে গান লেখার বিষয়টি আমি কখনোই পারিনি কারন আমি সবসময় আমার কবিতা থেকে গান লিখি।

গ্লিটজ: এখনকার গীতিকারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গানের কথায় কোনো গভীরতা ও গল্প না থাকার। এর পেছনের কারণ কী?

রনিম: একটি গান মূলত একটি কবিতা। আমাদের বতর্মান সময়ের গানের মধ্যে কোনো কাব্যিকতা কিংবা কোনো গল্প নেই কারণ এখনকার সময়ের প্রত্যেক গীতিকার, সুরকার, শিল্পী বা মিউজিশিয়ান এতই অস্থির যে তারা খুবই কম সময়ে গান তৈরি করতে চান।

আমাদের সময়েও খুব অল্প সময়ে আমরা গান তৈরি করেছি; কিন্তু সেখানে গানের কথাগুলোতে গভীরতা থাকতো। কিন্তু এখনকার সময়ের গানের মধ্যে একই রকমের কথা চলে আসছে। তাছাড়া অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান যেমনটি চায় আমাদের গীতিকারেরা তেমনটি করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। নিজস্ব চিন্তাধারায় একটি গান লেখার মতো অবকাশ তাদের নেই।

আর মূল সমস্যাটা হলো, তাদের পড়ালেখা কম। পড়ালেখা কম বলেই তাদের শব্দের গাঁথুনি মজবুত না। এছাড়াও উপস্থাপনার মধ্যে কোন চমকপ্রদ ব্যাপার নেই।

গ্লিটজ: একটি গানের কপিরাইট কার পাওয়া উচিত বলে আপনি মনে করেন?

রনিম: বাংলাদেশে প্রযোজ্য ২০০৫ সালের কপিরাইট আইনের নতুন সংশোধন অনুযায়ী গানের প্রথম স্বত্তাধিকারী হলেন গানের গীতিকার ও সুরকার। কিন্তু বাংলাদেশে প্রযোজনা প্রতিষ্ঠান ও গায়কই কেবল রয়্যালিটি পাচ্ছেন, গীতিকাররা ও সুরকাররা কোনো রয়্যালিটি পাচ্ছেন না। আমি মনে করি গীতিকার ও সুরকারেরও একটি গানের রয়্যালিটি পাওয়া উচিত। আর কপিরাইট আইনে গানের প্রথম স্বত্বাধিকারী হিসেবে গীতিকার ও সুরকার হওয়া সত্বেও আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। 

গ্লিটজ: তারকাখ্যাতি পাওয়ার বাসনা থেকেই কি গায়ক বনে যাওয়া?

রনিম: ছোটবেলায় মায়ের কাছে গানের তালিম নেওয়া হয়েছে। এফ এ সুমনের কম্পেজিশনে আমার নিজের কথা ও সুরে ‘মাকে দে ফিরিয়ে’ গানটি অন্য শিল্পী দিয়ে গাওয়ানোর কথা ছিলো। কিন্তু কেবল আমার মায়ের ইচ্ছার কারণেই আমার গায়কের যাত্রা শুরু করা। আমি জানি না শ্রোতারা আমাকে কতটুকু গ্রহণ করবেন। আমি সবসময় বলি আমি পেশাদার গীতিকার,​ শখের বসে গায়ক। তাই মঞ্চে উঠে তারকাখ্যাতি পাওয়ার কোনো ইচ্ছেই নেই। আমার ভিতরে কখনোই কোনো ধরনের ফেইম বা তারকাখ্যাতির বিষয়গুলো কাজ করে না।