২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন আমৃতা রাও

২০১৬ সালটাকে বিয়ের মালা বদলের জন্যই যেন বেছে নিয়েছেন বলিউড তারকারা। প্রিতি জিনটা, উর্মিলা মাতন্ডকার এবং বিপাশা বাসুর পর সে দলে ভিড়লেন ‘ভিভাহ’ খ্যাত অভিনেত্রী আমৃতা রাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 08:23 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সাত বছরের দীর্ঘ সম্পর্ককে আমৃতা পরিণতি দিয়েছেন টিভি এবং রেডিও সঞ্চালক আনমোলের সঙ্গে। ঘরোয়া পরিবেশেই এই দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে। তবে ঘটা করে নিজেদের বিয়ে পরবর্তী সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির।

এক টেলিভিশন সাক্ষাৎকার থেকে পরিচয় এই দুই তারকার, আর প্রথম দেখাতেই সে সম্পর্ক গড়ায় প্রণয়ে। নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে রেডিও জকি আনমোল এভাবেই নিশ্চিত করলেন, “সাত বছর আগের এক সাক্ষাৎকারে শুরু হয়েছিল, চলছে... আজ তা আরও জোরাল হলো। ‘জাস্ট ম্যারিড’!!! আমার এবং আমৃতার প্রয়োজন আপনাদের সকলের শুভকামনার।"

নিজেদের বিয়ে পরবর্তী একটি ছবিও ক্যাপশনের সঙ্গে ফেইসবুকে পোস্ট করেন আনমোল।

সাত বছরের দীর্ঘ সম্পর্ক, কিন্তু তা কখনই আসেনি গণমাধ্যমের সামনে। তার কারণ অবশ্য জানা গেছে ‘টাইমস অফ ইন্ডিয়া’র বরাতে, “আমৃতা নিজের সম্পর্ক নিয়ে কখনই কথা বলেননি কারণ, তিনি খুবই আত্মকেন্দ্রিক একজন মানুষ। আনমোল এবং আমৃতা নিশ্চিত ছিলেন তারা বিয়ে করে স্থায়ী সংসার করবেন, তবে বিয়ের পরিকল্পনাটা খুব সম্প্রতিই করা।”

‘সত্যাগ্রহ’ সিনেমা মুক্তির সময় এই অভিনেত্রী বলেছিলেন, নিজের ভালোবাসার সম্পর্ককে কখনই মানুষের কাছে প্রদর্শন করে বেড়াতে পছন্দ করেন না, কেননা তিনি মনে করেন এতে তার সম্পর্কের পবিত্রতা নষ্ট হবে। 

গত বছর থেকেই অবশ্য গুঞ্জন উঠেছিল, গোপনেই বিয়ের কাজটি সেরে ফেলেছেন ৩৪ বছর বয়সী আমৃতা। এমনকি তার আঙ্গুলে বাগদানের আংটিও দেখা গেছে বলে খবর ছড়িয়েছিল।

এক সময়ের সাড়া জাগানো বলিউড তারকা আমৃতা রাও এখন তেমন একটা সরব নন বড় পর্দায়। দুই প্রতিদ্বন্দ্বী বোনের গল্প নিয়ে আপাতত অভিনয় করছেন ছোট পর্দার ‘মেরি আওয়াজ হি পেহচান হ্যায়’ টিভি সিরিজটিতে। আর তার স্বামী আনমোল ব্যস্ত বিভিন্ন রেডিও এবং টিভি শোর সঞ্চালনা নিয়ে।