সালমান-লুলিয়ার জন্য ‘আনন্দিত’ জারিন
চলতি বছরেই বিয়ে করছেন সালমান খান, এই গুজবে এখন সরগরম মুম্বাই সিনেপাড়া। প্রিতি জিনটার বিয়ের অনুষ্ঠানে বান্ধবী লুলিয়া ভেন্টুরকে সঙ্গে নিয়ে এসে গুজবকে উস্কে দিয়েছেন সালমান নিজেই। এদিকে তার সহশিল্পী জারিন খান বললেন, যদি এ ঘটনা সত্যি হয় তাহলে সালমান-লুলিয়ার জন্য খুশি তিনি।
সালমানের সঙ্গে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ভির’-এ কাজ করেছেন জারিন। তখন থেকেই সালমানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেত্রী।
“আমি জানি না এমন কিছু হচ্ছে কী না, আমি আসলে মন্তব্য করার মতো কেউ নই। তবে যদি সালমান এবং লুলিয়ার মধ্যে আসলেই কিছু হয়, তাহলে আমি খুশিই হবো। পুরো দেশবাসী সালমানকে বিবাহিত দেখার জন্য অপেক্ষা করছে, তাদের জন্য রইল আমার শুভ কামনা।” বলেন জারিন।
ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সালমানের নাম জুড়ছে সুদূর রোমানিয়া থেকে আসা সুন্দরী লুলিয়া ভেন্টুরের সঙ্গে। নিজ দেশের জনপ্রিয় এই টিভি তারকা এখন মুম্বাইয়েই আছেন অনেকদিন হল, নিয়মিত ক্যামেরবন্দী হচ্ছেন সালমান এবং তার পরিবারের সঙ্গে।
তবে লুলিয়াকে নিজের বন্ধু ছাড়া অন্য কিছু দাবী করতে নারাজ সালমান। এদিকে গত ডিসেম্বরে সালমান পঞ্চাশে পা দিয়েছেন, এরপর থেকেই শোনা যাচ্ছে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন বাবা-মা। বিশেষ করে তার মা।
এমনও খবর এসেছে, লুলিয়ার সঙ্গে প্রেম না থাকলেও হয়ত মায়ের কথা রাখতে গিয়েই শেষমেশ তাকে বিয়ে করবেন সালমান।
এদিকে সালমানের সঙ্গে বিভিন্ন মুহূর্তে দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে আগে কখনও জনসম্মুখে আসেননি লুলিয়া। ক’দিন আগে সালমানের পুরনো বন্ধু প্রিতির বিয়েতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে দুজনকে। বলা হচ্ছে, এটাই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা।
তবে এখনও সালমানের মুখ থেকে এমন কিছু শোনা যায়নি।
