জুলিয়া যখন জুতোবিহীন!
এবারের কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে এসে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী জুলিয়া রবার্টস। তবে তার ভুবনমোহিনী হাসির জন্য নয়, জুলিয়া এদিন নজর কাড়েন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। কানের লাল গালিচায় এদিন খালি পায়ে হেঁটে সবাইকে চমকে দেন তিনি।
অস্কারজয়ী এই অভিনেত্রীর সিনেমা 'মানি মনস্টার' প্রদর্শিত হতে চলেছে কান-এ। জোডি ফস্টার নির্মিত এই সিনেমার অভিনেত্রী হিসেবেই জুলিয়া উপস্থিত হয়েছেন এবারের আসরে।
কাল রঙের আরমানি প্রিভে সান্ধ্য পোশাক আর পান্নার লকেটওয়ালা হীরের হারে জুলিয়ার উপস্থিতি চোখ ধাঁধিয়ে দিয়েছে সবার। তবে, পায়ে হাঁটার জন্য কোন বাহারি হিল জুতো বেছে নেননি তিনি, পুরো গালিচা হেঁটে এসেছেন একেবারে খালি পায়ে।
গতবারের কান আসরে নারী অতিথিদের উঁচু হিল পড়ার বাধ্য করার প্রতিবাদ হিসেবেই অভিনব এই কাজটি করেন তিনি।
মূল ঘটনার সূত্রপাত ২০১৫ সালের কান আসরে। কেট ব্ল্যানচেট এবং রুনি মারা অভিনীত 'ক্যারল' সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত অনেক অতিথিকেই প্রবেশাধিকার দেয়নি কান কর্তৃপক্ষ, শুধুমাত্র তারা উঁচু হিল পরে আসেননি- এই কারণে। উপস্থিত অতিথিদের মধ্যে অনেকেই ছিলেন পঞ্চাশোর্ধ্ব।
উৎসবে পোশাকের ব্যাপারে কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা না থাকলেও কান উৎসবের অলিখিত নিয়মই হয়ে উঠেছে একটি রীতি। আর তা হলো লাল গালিচায় নারীদের উঁচু হিল পরে হাঁটা।
কান চলচ্চিত্র উৎসব-এর লাল গালিচা বরাবরই বিখ্যাত তারকাদের জাঁকালো উপস্থিতির জন্য। উৎসবে তারা আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হন বাহারী পোশাকের জৌলুসে। ক্যামেরার সামনে নিজের উপস্থিতি জানান দিতে উঁচু হিলে অনেকটা সময় লাল গালিচায় অপেক্ষা করতে হয় নারী অতিথিদের, যা অনেকসময় অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। আর সেখানে পুরুষদের জুতো পড়া নিয়ে নেই কোন বাধ্যবাধকতা।
সেবার এই বিতর্কিত ঘটনার প্রতিবাদ করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টও, কিন্তু অলিখিত এই নিয়মটি তখনও পরিবর্তিত হয়নি।
এমিলি ব্লান্টের প্রতিবাদ বৃথা গেলেও জুলিয়ার এই উদ্যোগ এড়ায়নি কারও চোখ। নান্দনিক এক কালো রঙের পিপ টো পাম্প শু পড়ে আসরে উপস্থিত হলেও গালিচায় হাঁটার আগমূহুর্তে সেটি খুলে নেন জুলিয়া। নিরাপত্তা কর্মীরাও জুলিয়ার এমন কাজে কোন উচ্চবাচ্য করেননি।
