বিয়ে করছেন লিয়াম-মাইলি?
সম্পর্কের অনেক চড়াই উৎরাই পেরিয়ে বিয়ের মালা বদলের কাজটা বোধহয় সেরেই ফেলতে চাইছেন তারকা জুটি মাইলি সাইরাস এবং লিয়াম হেমসওয়ার্থ। গুঞ্জন উঠেছে, অস্ট্রেলিয়াতেই তারা নিজেদের প্রেমের সম্পর্কটাকে পরিণতি দান করবেন তারা।
দুজনের প্রেমের শুরু হয়েছিল ২০০৯ সালে। পর্দায় জুটি হিসেবে অভিনয় করেছেন ২০১০ সালে মুক্তি পাওয়া 'দ্য লাস্ট সং' সিনেমাতে। ২০১২ সালে আংটিও বদল করেছিলেন তারা, যদিও ওই বছরেই প্রেমের ইতি টানেন তারা। এরপর মাইলির সঙ্গে জুড়েছে প্যাট্রিক সোয়ার্জনেগারের নামও।
২০১৪তে এসে আবারও দুজনকে একসঙ্গেই দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে। ঘণিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানা যায়, নিজেদের সম্পর্কের জটিলতা মিটিয়ে এবার বিয়ের পথেই হাঁটছেন এই তারকাদ্বয়।
নতুন করে সম্পর্কে ফেরার কথা অস্বীকার করে গেলেও ২৩ বছর বয়সী সঙ্গীত তারকা মাইলির আঙ্গুলে জানুয়ারি থেকেই দেখা গিয়েছে চমৎকার একটি বাগদানের আংটি।
সম্প্রতি তাদের দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায় লিয়ামের বাড়ির কাছে বায়রন বে'তে। আর এখান থেকেই গুঞ্জন উঠেছে, নিজেদের বিয়ের জন্য উপযুক্ত জায়গাটি খুঁজে বেড়াচ্ছেন তারা। ভেতরের একটি সূত্র থেকে 'ইন্ডিয়াটুডে' জানিয়েছে, "বিয়ের জন্য তারা যথাযথ স্থান নিয়ে আলোচনা করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন।"
নিজেদের বিয়ে নিয়ে বেশ তাড়াহুড়ো করছেন এই দুই তারকা, জানিয়েছে আরও একটি নির্ভরযোগ্য সূত্র। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্য কয়েকটি বিয়ের পোশাক বানাতে চান এই তারকা, আর তার জন্য তিনি সাহায্য নিচ্ছেন বিখ্যাত ফ্রেঞ্চ ডিজাইনার সাইমন জ্যাকেমাস এর।
তবে বিয়ের তারিখের ব্যাপারে কোন সূত্রই নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। দুই তারকার আনুষ্ঠানিক সম্মতির পরই তবে তাদের বিয়ের বিস্তারিত জানা যাবে।নিজের বিয়ে নিয়ে একসময় উচ্চাশাই প্রকাশ করেছিলেন ডিজনির 'হানা মনটানা' টিভি সিরিজ দিয়ে জনপ্রিয়তার স্বাদ পাওয়া মাইলি। তিনি স্বপ্ন দেখেছিলেন, তার বিয়েতে আমন্ত্রিত সবাইকে গাঁজার নেশায় মোহিত হবে!
এক সূত্র এবিষয়ে জানায়, "সবাই জানেন মাইলি পার্টি দিতে দারুণ পছন্দ করেন এবং তার বিয়েতেও এর ব্যতিক্রম হবে না। যেহেতু ক্যালিফোর্নিয়ায় গাঁজা সেবনে আর কোন আইনি বাঁধা নেই, মাইলি প্রত্যেক টেবিলেই এটি পরিবেশন করতে চান। এমনকি মিস্টান্নেও থাকবে গাঁজা দিয়ে বানানো সুস্বাদু খাবার। তিনি বলেন তার স্বপ্ন হল সবাই একসঙ্গে গাঁজার নেশায় মাতাল হবে।"
