‘জেনিফার আমার যৌনাঙ্গে ঘুষি মেরে বসে’
‘এক্স মেন’-এর পরবর্তী সিনেমা ‘অ্যাপোক্যালিপস’-এর তারকাবহুল অভিনয়শিল্পীদের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন অনেকেই, যাদের মধ্যে অন্যতম হলেন ‘গেইম অফ থ্রোনস’ খ্যাত সোফি টার্নার। হলিউড আঙ্গিনায় এখনও পাকাপোক্ত না হলেও সহকর্মীদের সঙ্গে দারুণ সময় উপভোগ করছেন ‘সানসা স্টার্ক’ সোফি।
‘এক্স মেন’এ অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে নানান কথা সাক্ষাৎকারে ব্রিটিশ ওয়েবসাইট ‘মিরর ডটকম’-কে জানিয়েছেন ২০ বছর বয়সী সোফি। সহতারকা জেনিফার লরেন্সের কাছে ‘ঘুষি’ খাওয়াটা ছিল তার জন্য অসাধারণ এক অভিজ্ঞতা, জানান তিনি।
অস্কারজয়ী তারকা জেনিফার লরেন্স ‘এক্স মেন’ ফ্র্যাঞ্চাইজিতে অন্তর্ভুক্ত হন ২০১১ সালে, ‘ফার্স্ট ক্লাস’ সিনেমার মাধ্যমে, তবে সোফির জন্য এটাই প্রথম কাজ। প্রথমবার কোনো সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে বলেই জানান সোফি। বিশেষ করে জেনিফার লরেন্সের সঙ্গে পর্দা ভাগাভাগি করে নেওয়ার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। প্রশংসার বন্যায় ভাসিয়েছেন ২৭ বছর বয়সী লরেন্সকে।
“জেনের সঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয় করেছি। নিঃসন্দেহে সে বড় এক অনুপ্রেরণা। আপনি জেনিফার লরেন্সকে যেমনটা চাইবেন, সে তেমনি। আপনারা যে জেনিফারকে সাক্ষাৎকারে দেখে থাকেন, সে ব্যক্তিগত জীবনেও একই ব্যক্তিত্বসম্পন্ন এবং সে এক কথায় অসাধারণ। বেশ আমুদে, কথা বলতে পছন্দ করা এক দুর্দান্ত মানুষ।”- জানান সোফি।
ক্যামেরার সামনে যা ঘটে, দর্শক সেটাই দেখেন সাধারণত পর্দায়। ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় সেটে যা ঘটে, সেটা নিছকই অভিনয় কলাকুশলীদের একান্ত কিছু অভিজ্ঞতা।
সেখান থেকেই মজার এক ঘটনা জানান সোফি তার সাক্ষাৎকারে, “সে আমার যৌনাঙ্গে একবার ঘুষি মেরে বসে, আমি কিন্তু তাকে এটা করতে বলিনি। এমনিই হয়ে গেছে। ইভানের সঙ্গে তখন আমার একটি লড়াইয়ের দৃশ্য চলছিল, তখন আমি এরকম বলে বসলাম আমি তোমার বুকে ঘুষি মারবো। কিন্তু সে মনে হয় বুঝেছে আমি তাকে বলেছি আমাকে ঘুষি মারতে। তাই সে আমার যৌনাঙ্গে ঘুষি মেরে বসে! আমার মনে হচ্ছিলো ব্যাপারটা সত্যিই ‘দারুণ’। এটা বেশ মজার ছিল।” জানান সোফি।
‘এক্স মেন:অ্যাপোক্যালিপস’ মুক্তি পাবে মে মাসের ২৭ তারিখে।
