২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্গানার ‘নায়িকা’ হতে চান ইরফান

গ্ল্যামারের চেয়ে অভিনয় প্রতিভা দিয়েই দর্শকের মন জয় করেছেন ইরফান খান এবং কাঙ্গানা রানাউত। তবে এখনও তাদের জুটি হিসেবে দেখার শখ পূরণ হয়নি ভক্তদের। ইরফান জানালেন, কাঙ্গানা রাজি হলে তাকে ‘নায়ক’ বানিয়ে নিজে ‘নায়িকা’ হতেও আপত্তি নেই তার। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 01:51 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

গত বছর থেকেই শোনা যাচ্ছিল, ‘ডিভাইন লাভারস’ নামে নতুন এক সিনেমায় জুটি বাঁধবেন এই দুই মহারথী। কিন্তু ব্যস্ততার কারণে ডিসেম্বরে সিনেমাটি থেকে নাম কাটিয়ে নিয়েছেন কাঙ্গানা, এখন তার বদলে এতে দেখা যাবে জারিন খানকে।

এখন ইরফান নিজেও নিশ্চিত নন সিনেমাটিতে কাজ করার ব্যাপারে। এই প্রসঙ্গে তিনি এনডিটিভিকে বলেন, “আমি এখনও জানি না আদৌ ‘ডিভাইন লাভারস’-এ কাজ করবো কী না, পুরো ব্যাপারটাই অনিশ্চিত। এখন কাঙ্গানাও ধরাছোঁয়ার বাইরে। কাঙ্গানা যদি কোনো সিনেমায় নায়ক হতে চান, তাহলে আমি তার নায়িকা হতেও রাজি।’

দুর্দান্ত অভিনয়ের জন্য কিছুদিন আগেই তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছেন কাঙ্গানা। ওদিকে অভিনেতা হৃত্বিক রোশানের সঙ্গে তার আইনি লড়াই তাকে পরিচিতি দিয়েছে শক্তিশালী নারী ব্যক্তিত্ব হিসেবে। কাজের বেলায়ও এমন সব চরিত্রগুলোকে বেছে নেন এই অভিনেত্রী, যা হয় জোরালো এবং মনে রাখার মতো।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরফানও কম যান না অভিনয়ের দিক থেকে। ‘পান সিং তোমার’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভের পাশাপাশি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন তিনি। অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘লাইফ অফ পাই’ ছাড়াও তিনি কাজ করেছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর মতো ব্লকবাস্টার হিট হলিউডি সিনেমায়। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর‘ডুব’ সিনেমায়।

‘ডিভাইন লাভারস’ নির্মাণ করবেন পরিচালক সাই কবির। অ্যাডভেঞ্চার কমেডি ধাঁচের এই সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে।