ভয় ধরাতে আসছেন রাসেল ক্রো
পর্দা কাঁপানো হলিউডি ব্লকবাস্টার সিনেমা ‘দ্য মামি’ ফিরছে নতুনরূপে। অ্যাকশন তারকা টম ক্রুজ যোগ দিচ্ছেন মৃত দানবদের বিরুদ্ধে লড়াইয়ে, এ খবর নিশ্চিত হয়েছে আগেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন অস্কারজয়ী তারকা রাসেল ক্রো।
ব্রিটিশ ওয়েবসাইট ডেইলিমেইল ডটকম বলছে, ‘ইউনিভার্সাল পিকচার্স’র ব্যানারে ‘দ্য মামি’ সিনেমায় রাসেল ক্রো পর্দায় আবির্ভূত হবেন খুনে মেজাজের ডক্টর জেকিলের ভূমিকায়। দর্শকদের জন্য এরই মধ্যে সতর্কবার্তা জানিয়েছেন ৫২ বছর বয়সী এই অভিনেতা। বলেছেন, “এই চরিত্রকে এমনভাবে উপস্থাপন করা হবে যা আপনার দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে।”
হলিউডে এখন রাজত্ব চলছে সুপারহিরোদের। মারভেল আর ডিসি ইউনিভার্সের একেকটি অতিমানবীয় চরিত্র ছাড়াও আধিপত্য রয়েছে ডিজনি এবং ওয়ার্নার ব্রাদার্সের অ্যানিমেশন সিনেমাগুলোরও।
আশি, নব্বই দশকে জগতে জনপ্রিয়তা লাভ করা দানব কিংবা ‘মনস্টার ইউনিভার্স’ ধর্মী সিনেমার অবস্থান এখন বেশ নড়বড়ে। সে ভিতটা শক্ত করে অন্যান্য সুপারহিরো এবং দর্শকপ্রিয় অ্যানিমেটেড চরিত্রগুলোকে চ্যালেঞ্জ জানাতে এবার মাঠে নামছে ইউনিভার্সাল পিকচার্স। আর তারই প্রথম প্রয়াস ‘দ্য মামি’র রিবুট।
দানবদের রাজত্ব পুনরুদ্ধারে তাই নিজেদের সেরাটা দিতে চায় এই প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমায় রাসেল ক্রোর উপস্থিতিও তাই হিম ধরানো ভয় সৃষ্টি করবে দর্শকদের মধ্যে, এমনটাই প্রত্যাশা তাদের।
মানসিক বিকারগ্রস্থ ডক্টর হেনরি জেকিল, যে কীনা পরিণত হয় পাগলাটে খুনে মিস্টার হাইডে। এমনই এক ভীষণদর্শন চরিত্রে পর্দায় ভয় ধরাতে আসবেন অস্কারজয়ী তারকা ক্রো।
এরই মধ্যে ব্রিটেনে শুরু হয়েছে টম ক্রুজকে নিয়ে সিনেমার শুটিংয়ের কাজ। নেভি সিলের একজন কর্মকর্তা হিসেবে ক্রুজ লড়াই করবেন ইরাকের মরুভূমির অভিশপ্ত মমিদের বিরুদ্ধে।
