খুঁতখুঁতে সত্যজিৎ
একেবারে ‘পারফেকশনিস্ট’ বলতে যা বোঝায়-- ঠিক তাই ছিলেন কিংবদন্তী বাঙালি নির্মাতা সত্যজিৎ রায়। সিনেমার প্রতিটি দৃশ্য ত্রুটিহীন করে তোলার ব্যাপারে কোনো ছাড় দিতেন না তিনি। আর তাই তো, ‘নায়ক’ সিনেমাটির একটি দৃশ্যের জন্য যুতসই শেভিং ব্রাশটি বেছে নিতে বাতিল করেছিলেন ৬০টিরও বেশি!
এই তথ্য দিয়েছেন ‘মানিকদা’রই এককালের সহকারী রমেশ সেন। ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট’-এর এক সম্মেলনে নিজের অগ্রজকে এভাবেই স্মরণ করলেন তিনি।
‘নায়ক’ সিনেমাটিতে উত্তম সেনের দাড়ি কাটার একটি দৃশ্য ছিল। এই একটি দৃশ্যের জন্য ৬০টিরও বেশি শেভিং ব্রাশ ফেলে দিয়েছিলেন সত্যজিৎ। সঠিক ব্রাশটি খুঁজে পেয়ে ‘আরে! এটাই তো আমি খুঁজছিলাম!’-- বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।
যে দৃশ্যের জন্য এতো হ্যাপা, সেই দৃশ্যটি পর্দায় দেখানো হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রমেশের ভাষ্যে, “আমি সন্দিহান দর্শক এতো মনোযোগ দিয়ে সে ব্রাশের দৃশ্যটি দেখেছেন কীনা।”
নিজের ৩৬টি সিনেমার চিত্রনাট্য পরতে পরতে সাজানোর জন্য সত্যজিৎ নিজ হাতে এঁকেছেন প্রত্যেকটি ফ্রেমের ছবি, আবহ বুঝে নিজেই করেছেন অজস্র সুর।
প্রথম চারটি সিনেমায় সত্যজিৎ ব্যবহার করেছিলেন উপমহাদেশের দুই কিংবদন্তী সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর এবং উস্তাদ ভিলায়েত খাঁর বাজানো সেতারের সুর। কিন্তু ধ্রুপদী সংগীতশিল্পীরা কোন বাঁধাধরা গণ্ডির মধ্যে থেকে গান করতে চাইতেন না, যেখানে মানিকদার বিভিন্ন দৃশ্যের প্রয়োজনে দরকার হয়েছিল ভিন্ন ভিন্ন রাগের সুর।
সত্যজিতেরই আরেক সহকারী সুব্রত লাহিড়ি জানান, তার প্রথম সিনেমা ‘পথের পাঁচালি’র আবহ সংগীত মূলত সত্যজিতের শিস বাজানোর শব্দ থেকেই এসেছে। সে সুরটাকেই রবি শঙ্করকে দিয়ে সেতারে তুলিয়েছিলেন তিনি।
দিনের বিভিন্ন সময়ে বাজানো রাগ কিছু কিছু দৃশ্যে অপ্রয়োজনীয় মনে করে সত্যজিৎ নাকি রবি শঙ্করের অসংখ্য সুর বাতিল করে দিয়েছিলেন, আরও জানান লাহিড়ি।
পরবর্তীতে ‘কাঞ্চনজঙ্ঘা’ সিনেমা থেকে আবহ সংগীতের কাজটাও নিজ কাঁধেই তুলে নিয়েছিলেন এই কিংবদন্তী নির্মাতা।
এতকিছুর পরও সত্যজিৎ নিজেকে কীভাবে দেখতেন, তাই জানান তার সিনেমার সহকারী চিত্রগ্রাহক অনিল ঘোষ, “তিনি সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু নিজেকে তিনি কখনোই সেরা নির্মাতাদের কাতারে ফেলেননি।”
