২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডি নায়িকাদের মায়েরা

ভারতীয় সমাজে আজও মেয়েদের বিনোদন জগতে পা রাখার ইচ্ছাকে ধরা হয় ‘ট্যাবু’ হিসেবে। কিন্তু বলিউডের পর্দা কাঁপিয়ে বেড়ানো অনেক নায়িকা আছেন, যাদের স্বপ্ন দেখতে সাহায্য করেছেন তাদের মায়েরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 05:06 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

প্রতিটি পদক্ষেপে সন্তানের স্বপ্নে সঙ্গী হয়েছেন, ভারতীয় দৈনিক মিডডে অবলম্বনে এমন কয়েকজন সফল মায়ের গল্প থাকছে এবারঃ

প্রিয়াঙ্কা চোপড়া-মধু চোপড়া

নিজ দেশের সীমানা পেরিয়ে এখন আন্তর্জাতিকভাবে খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গ্ল্যামার জগতে তার প্রবেশ কিন্তু মায়ের হাত ধরেই। সেনাবাহিনীর চিকিৎসক দম্পতির মেয়ে প্রিয়াঙ্কা হলিউডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রতি বলেছিলেন, তাকে না জানিয়েই সুন্দরী প্রতিযোগিতায় তার নাম লিখিয়েছিলেন মা। বাছাই পর্বে টিকে যাওয়ার পর যখন তিনি জানতে পারলেন এই কথা, তখন বেশ অবাক হয়েছিলেন। বাকিটা ইতিহাস।

বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর এখন চূড়ান্ত ব্যস্ততার মাঝেও মাকে সময় দেন পিসি। হলিউডে ‘বেওয়াচ’ সিনেমার শুটিংয়ের ফাঁকে কয়েকদিন আগে মায়ের সঙ্গে কেনাকাটায় মেতে উঠেছিলেন তিনি, ছবিও দিয়েছেন টুইটারে।

ঐশ্বরিয়া রাই বচ্চন-বৃন্দা রাই

বিশ্বসুন্দরির মুকুট ছিনিয়ে আনার সময় থেকে এখন পর্যন্ত, অ্যাশের সঙ্গে সবসময়ই চোখে পড়ে তার মা বৃন্দা রাইয়ের উপস্থিতি। কখনও শুটিং সেটে কিংবা কখনও কান চলচ্চিত্র উৎসবে।

বচ্চন পরিবারের বধূ হবার পর শোনা গিয়েছিল, বিয়ের পরের প্রথম রান্নার দিন নাকি ফোন করে মায়ের সাহায্য নিয়েছিলেন অ্যাশ। কারণ তখনও রান্নায় হাত পাকিয়ে উঠেননি এই অভিনেত্রী।

কৃতি শ্যানন-গিতা শ্যানন

সিনেমার শুটিংয়ের কারণে এখন বুদাপেস্টে আছেন অভিনেত্রী কৃতি শ্যানন। জানালেন, মা সামনে না থাকলেই নাকি বেশি ভাল কাজ হয় তার। তবে এই ধারণা কৃতির নিজের নয়, তার মার।

“আমার মা ভাবেন, তিনি আমার চোখের সামনে না থাকলেই বরং আমি ভাল পারফর্ম করতে পারবো। তিনি একজন কর্মজীবী নারী, পেশায় অধ্যাপক। তাই কাজ ফেলে সবসময় আসা সম্ভবও হয় না তার পক্ষে, তবে ছুটি পেলেই তিনি আমার সঙ্গে দেখা করেন।” বলেন কৃতি।

জ্যাকুলিন ফারনান্দেজ-কিম ফারনান্দেজ

মিস শ্রিলঙ্কা প্রতিযোগিতা জিতে বলিউডে পাড়ি জমিয়েছিলেন জ্যাকুলিন। কিন্তু বাবা-মা এখনও নিজ দেশেই থাকেন। জানালেন, নিজের জীবনের সিদ্ধান্তগুলো মেয়ে নিজেই নিক, এমনটা ইচ্ছা তার মায়ের। তবে সবসময়ই মেয়ের সবচেয়ে বড় সমালোচক কিম ফারনান্দেজ।

পুরনো দিনের কথা

একটা সময় ছিল, যখন বলিউডি নায়িকাদের মায়েদের ধরা হত বিরক্তির কারণ হিসেবে। তাদের একের পর এক দাবী মানতে মানতেই ঘেমে যেতেন প্রযোজকরা, নায়কদের চক্ষুশূল ছিল নায়িকাদের মায়েরা।

অভিনেত্রী হেমা মালিনি যখন খ্যাতির চূড়ায় অবস্থান করছেন, তখন তার মা জয়া চক্রবর্তীকে লোকে বলত সবচেয়ে ‘ভয়ঙ্কর তারকা আম্মা’। নিতু সিংয়ের মা রাজি সিং সবসময়ই পরিচালকদের উপর তদারকি করতেন এবং মেয়েকে আগলে ধরে রাখতেন। শিল্পা শেঠির মা সুনন্দাকে ভয় পেতেন অনেকেই, মাধুরি দিক্ষিতের সঙ্গে সব জায়গায় যেতেন তার মা।

বর্তমান সময়ের অভিনেত্রী সোয়ারা ভাস্করের মতে, “সেই সময়ের অভিনেত্রীদের আজকের মত সম্মান দেয়া হত না। তাই মায়েরা তাদের সঙ্গে যেতেন, যেন নায়িকারা তাদের প্রাপ্য গুরুত্বটুকু পান। তখন ভাবা হত, নায়িকা হতে যারা আসেন তাদের কোন সম্মান কিংবা সম্ভ্রম নেই। তাই হয়ত মায়েরা মেয়েদের রক্ষা করতেন।”

মায়ের বদলে ম্যানেজার

পুরনো সেই ছবি এখন রাতারাতি পাল্টে গেছে, কারণ অভিনেত্রীরা এখন চলেন পুরো একটি দল নিয়ে। নিজের মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে স্টাইলিস্ট, সহকারী এমনকি পিআরদেরও সঙ্গে নেন তারা। কখনও একা অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়না অভিনেত্রীদের।

সোয়ারার মতে, মায়ের দায়িত্ব এখন পেয়েছেন অভিনেত্রীদের ম্যানেজাররা।

“লোকের চিন্তাভাবনাও পাল্টেছে। অন্তত এখনকার মেয়েরা নিজেদের পেশার দিকে নজর দিতে পারেন। তাই মায়েদের আর তাদের রক্ষা করতে হয় না।” বলেন সোয়ারা।

সোয়ারার মা ইরা ভাস্কর তার মেয়ের শুটিং সেটে গিয়ে বসে থাকেন না, ইয়ামি গৌতমের মাও মেয়েকে ছেড়ে দিয়েছেন নিজের কাজে।

“আমার মা হলেন আমার আত্মবিশ্বাসের স্থান। তিনি সবসময় জানেন আমার জীবনে কী চলছে, আমাকে বন্ধু এবং মায়ের মত পরামর্শ দেন। তিনি আমাকে জানান তার মতামত। তবে দিন শেষে আমি যা সিদ্ধান্ত নিবো সেটাই হবে চূড়ান্ত।” বলেন ইয়ামি।

কিশোর বয়সেই ক্যারিয়ার শুরু যাদের

আলিয়া ভাট যখন ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমার জন্য নাম লেখান, তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। কিন্তু এরপরও তার মা তাকে ছেড়ে দিয়েছিলেন। শুধুমাত্র কারান জোহারের অনুরোধেই আলিয়াকে সঙ্গ দিতে আসেন মা সোনি রাজদান।

এমন আরেকজন অভিনেত্রী হলেন আমাইরা দাস্তুর। ‘মিস্টার এক্স’ খ্যাত এই অভিনেত্রীর মডেলিং ক্যারিয়ার শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে।

তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারি না, ঐ বয়সে আমার মা আমাকে কতখানি স্বাধীনতা দিয়েছিলেন। আমার সিদ্ধান্ত নিয়ে তিনি চিন্তিত ছিলেন বটে, তবে আমাকে কখনও আটকাননি। আমি জীবনে কারও প্রতি এতোটা কৃতজ্ঞ হইনি। তিনি আমার সুপারম্যান।”