২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মা হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না’

সম্প্রতি তৃতীয়বারের মতো মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মে মাসের প্রথম সপ্তাহে নিজের তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:53 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

এব্যাপারে নিজের অনূভূতি ব্যক্ত করতে গিয়ে গ্লিটজকে তিনি বললেন, “আমার মনে হয়না এমন অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা কোন মায়ের পক্ষে সম্ভব। আমার এই আনন্দটুকু কোন ভাষায় প্রকাশ করার মতো নয়।”

মা দিবসের সকালে বড় মেয়ে রোদেলার তরফ থেকে ন্যান্সি নাকি পেয়েছেন তার জীবনের সবচেয়ে সেরা উপহার। বললেন, “আমার বড় মেয়ে রোদেলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলেছে, ‘হ্যাপী মাদার্স ডে’ মা। এর চেয়ে সেরা উপহার একজন মায়ের জন্য তার সন্তানের কাছ থেকে আর কি হতে পারে! আসলে এমন প্রাপ্তির অনুভূতি আমি কোন ভাষাতেই প্রকাশ করতে পারবো না।”

নিজে তিন সন্তানের মা হলেও মায়েদের জন্য আলাদা করে কোন দিবসের প্রযোজন নেই বলেই মনে করেন ন্যান্সি। তিনি জানান, “আমার মনে হয় মায়ের জন্য আলাদা কোন দিবস নেই। আসলে আমরা একটি দিবস আলাদাভাবে উদযাপন করি মাকে নিজের ভালোবাসা প্রকাশের জন্য। কিন্তু মাকে ভালবাসতে হবে প্রতিটি দিনই।”

তিন সন্তানের সঙ্গে মা দিবস কাটালেও নিজের মায়ের অভাব এইদিনে দারুণভাবে বোধ করছেন ন্যান্সি। তিনি বলেন, “আমার দুর্ভাগ্য যে আমার নিজের মা এখন আর পৃথিবীতে নেই। তাই যাদের মা বেঁচে আছেন, যাদের মা তাদের কাছে রয়েছেন, তাদের সবাই যেন মাকে তাদের ভালোবাসার কথা বলতে পারেন, এই কামনা করি। এই সুযোগটা তারা যেনো কোনভাবেই হাতছাড়া না করেন। একবার মা হারোনোর পরে এই আক্ষেপটা মনের ভিতর সারা জীবন থাকে।”