২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের মধ্যেই বিয়ে করছেন ভারুন?

চলতি মাসেই ২৯-এ পা রাখলেন হিন্দি সিনেমার অভিনেতা ভারুন ধাওয়ান। তরুণ এই অভিনেতার সিনেমার ময়দানে শক্ত ভিত গড়লেও, ছাঁদনাতলায় বসছেন কবে-- এমন প্রশ্ন রয়েছে অনেকের মনেই। তাদের জন্যই ভারতের অন্যতম এই ‘এলিজিবল ব্যাচেলর’ জানালেন, বছর দুয়েকের মধ্যেই সংসার পাততে চান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

নিজেকে বিয়ের জন্য এখনই পরিণত মনে করেন না সুঠামদেহের অধিকারী এই তারকা। তবে, কয়েক বছরের মধ্যেই সেই ‘পরিণত’ সময় চলে আসবে বলে মনে করছেন ‘বাদলাপুর’ খ্যাত ভারুন।

“আমি এখন এনিয়ে একেবারেই ভাবছি না। বয়স বাড়ছে ঠিকই, তবে বিয়ে করার মতো পরিণত এখনও হইনি বলেই মনে করি। তবে, বছর দুয়েকের মধ্যেই কাজটা সেরে ফেলতে চাই আমি।” জানান তিনি।

তবে নিজের ইচ্ছাগুলো এর আগেই পূরণ করে নিতে দৃঢ় সংকল্প করে রেখেছেন তিনি। জানালেন, “সবার আগে, নিজের অর্থে আমি একটি বাড়ি কিনতে চাই, যেটা থাকবে আমার বাবা-মার ঘরের পাশেই। নিজের জীবনসঙ্গীর দায়িত্ব নেওয়ার আগে অনেক কিছুই আছে যা আমার করতে হবে।”

এদিকে মুম্বাইয়ের তরুণ ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে ভারুনের প্রেমের গুঞ্জনের পাল্লাটা ভারীই হচ্ছে দিন দিন। বিয়ের ব্যাপার এড়িয়ে গেলেও প্রেমিকের দায়িত্ব ভালোভাবেই ভারুন পালন করছেন, বাতাসে ভাসছে এমন খবরই।

নাতাশার সঙ্গেই প্রেম করছেন কিনা-- হিন্দুস্তান টাইমসের এই প্রশ্নের জবাবে মৃদু হেসে জানালেন, “মন্তব্য নিষ্প্রয়োজন।”

এর আগে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সহশিল্পী আলিয়া ভাটের সঙ্গে ছড়িয়েছিল তার প্রেমের গুজব। তবে কিছুদিনের মধ্যেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রেমের খবরে কেটে যায় সেই গুজব।

ভারুন এইমুহুর্তে ব্যাস্ত অ্যাকশন সিনেমা ‘ডিশুম’-এর কাজে। এছাড়াও হাতে রয়েছে আলিয়া ভাটের বিপরীতে ‘শুদ্ধি’ সিনেমার কাজ।