আসছে 'ভিরাপ্পান'
তামিলনাড়ুর দুর্ধ্বর্ষ বনদস্যু কুসে মুনিসওয়ামি ভিরাপ্পান প্রায় ত্রিশ বছর ধরেই ছিলেন কর্ণাটক বন্য অঞ্চলের সবচেয়ে বড় ত্রাসের নাম। সেখানকার নিরীহ মানুষ, পুলিশ থেকে শুরু করে বন্য প্রাণি- কেউই রেহাই পায়নি ভিরাপ্পানের নৃশংসতা থেকে।
ভিরাপ্পানকে থামানোর জন্য ভারত সরকারের যে শ্বাসরুদ্ধকর অভিযান- এবার সে গল্পটিই সেলুলয়েডে নিয়ে আসতে যাচ্ছেন নির্মাতা রাম গোপাল ভার্মা। তামিলনাড়ুর এই দস্যুকে হত্যার গল্প কেন্দ্র করে নির্মিত 'ভিরাপ্পান' এর ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি।
অবশ্য এর আগেই সিনেমাটির তামিল রূপে মুক্তি পেয়েছে 'কিলিং ভিরাপ্পান' নামে। রাম গোপাল ভার্মা নির্মাণ করতে যাচ্ছেন এই সিনেমারই হিন্দি সংস্করণ। ট্রেইলার মুক্তির সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে গেছে বলিউড পাড়ায়। টুইটারে ট্রেন্ডিং এর তালিকাতেও চলে এসেছে #ভিরাপান্নট্রেইলার হ্যাশট্যাগটি।
দু মিনিট চল্লিশ সেকেন্ডের ট্রেইলারে নেই কোন গল্প বলার প্রচেষ্টা। পুরো ট্রেইলার জুড়েই ভিরাপ্পানকে উপস্থাপন করা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দস্যু রূপে। আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর সময় লেগেছে প্রায় দশ বছর; আর 'অপারেশন কুকুন' পরিচালনায় ভিরাপ্পানকে হত্যা করতে ভারতীয় কর্তৃপক্ষের সময় লেগেছে বিশ বছর। তামিলনাড়ুর বনে আস্তানা গেড়ে নিজের সাম্রাজ্য গড়েছিল ভিরাপ্পান, তার হাতে নিহত হয় প্রায় হাজারখানেক নিরীহ মানুষ, রক্তাক্ত হয় পুরো বন। থ্রি নট থ্রি রাইফেলের গুলিতে হাতি মেরে ভিরাপ্পান গজদন্ত ভেঙ্গে নিতেন বিক্রির জন্য। তার উপস্থিতিই ত্রাস হয়ে উঠেছিল স্থানীয়দের জন্যও। ভিরাপ্পানকে হন্যে হয়ে খোঁজা আইনশৃঙ্খলা বাহিনীও কম যায়নি, তাকে খুঁজে বের করতে তারাও অত্যাচার চালিয়েছে স্থানীয়দের উপর। এরকমই দৃশ্যপটের সংক্ষিপ্ত এক ঝলক দেখা যায় ট্রেইলারে।
২০০৪ সালে বিশেষ টাস্ক ফোর্সের উদ্যোগে কে ভিজেয় কুমারের নেতৃত্বে অবশেষে ভিরাপ্পানকে থামানো সম্ভব হয়। ২০ বছরের অভিযানটি সফল করানোর জন্য অসংখ্য কাঠখড় পোড়াতে হয় তামিলনাড়ুর স্থানীয় সরকারকে।
ভিরাপ্পান চরিত্রের জন্যই নিজেকে আগা গোড়া পরিবর্তন করে ফেলেছেন তামিল অভিনেতা সানদিপ ভারাদওয়াজ। সুঠাম দেহ আর লম্বা বাহারি চুল ঝেড়ে রোদে পুড়ে পেটানো এক স্বাস্থ্য বানাতে হয়েছে তাকে এই চরিত্রটির জন্য। আসল ভিরাপ্পানের সঙ্গে তার চেহারাও মিলে গিয়েছে খাপে খাপে, বিশেষ করে ডাকাতে গোছের গোঁফটি দেখলে মনে হবে, ভিরাপ্পান যেন ফিরে এসেছেন জ্যান্ত হয়েই! ট্রেইলারে তার অভিনয়েও পাওয়া গেছে নৈপুণ্যের ঝলক।
সিনেমাটি মুক্তি পাবে মে মাসের ২৭ তারিখে।
