২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে খরার মধ্যেও সিনেমার জন্য পানি অপচয়

ভারতের অধিকাংশ প্রদেশেই এখন চলছে তীব্র খরা। পানি সংকটে জনজীবনে নেমেছে আকাল। সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে মহারাষ্ট্র প্রদেশে, খরাপূর্ণ অঞ্চলে আবাদী জমি সব শুকিয়ে গেছে পানির অভাবে। সারা দেশের এমন সংকটময় পরিস্থিতিতেও ‘জাগ্গা জাসুস’ সিনেমার নির্মাতারা নিজেদের সিনেমার খাতিরে নষ্ট করেছেন আপাত মূল্যবান পানি, আর সেটাও আস্ত দুটো ওয়াটার ট্যাঙ্কার! ভারতজুড়ে এখন প্রশ্ন উঠেছে সিনেমার কলাকুশলীদের নৈতিকতা নিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 06:39 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ভারতের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস বলছে, রোববার ‘জাগ্গা জাসুস’ সিনেমার একটি বৃষ্টির দৃশ্য ধারণ করা হয় মুম্বাইতে, যেখানে রানবির কাপুর এবং ক্যাটরিনা ভারী বর্ষণে সিক্ত হওয়া থেকে বাঁচতে খুঁজে বেড়াবেন শুকনো কোন স্থান। প্রায় ১২ ঘন্টা ধরে চলা এই দৃশ্যে কৃত্রিম বৃষ্টির আবহ সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয় দুটি ওয়াটার ট্যাঙ্কারের পানি।

এদিকে পুরো ঘটনাটির প্রত্যক্ষদর্শী এক সূত্রকে ধরে ‘মুম্বাই মিরর’ জানিয়েছে, “উষ্ণ এবং রৌদ্রজ্জ্বল মুম্বাইয়ের একটি দিনে সেটে ছিল দুটি ট্যাঙ্কার। তীব্রবেগে পাইপগুলো থেকে পানি বেড়িয়ে আসে কৃত্রিম বৃষ্টি তৈরি করার জন্য। মৌসুমি বৃষ্টির আবহ আনার জন্য একটি পাইপ থেকে পানি ছড়িয়ে দেওয়া হয় মুম্বাই এর রাস্তায়।”

সিনেমার ‘স্বার্থে’ এমন একটি দৃশ্যধারণ করতে সফল নির্মাতারা নিজেদের কাজে যারযারপনাই আনন্দিত। কিন্তু যেখানে পানির সংকটে তৈরি হয়েছে জনজীবনে দুর্ভোগ, সেখানে ভারতের নাগরিক হিসেবে তাদের এই কাণ্ড কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুরো দেশজুড়েই।

প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কেননা খরাপূর্ণ অঞ্চলগুলোর কথা চিন্তা করেই ‘বাঘি’ সিনেমার বৃষ্টির দৃশ্যটি ধারণ করতে ব্যবহৃত হয়নি কোনোরূপ ওয়াটার ট্যাঙ্কার বা কৃত্রিম পানি। ‘ছাম ছাম’ গানের শুটিংয়ের কাজটুকু সম্পন্ন করা হয় কেরালার বৃষ্টিপাতপ্রবণ অঞ্চলের প্রাকৃতিক বৃষ্টিতেই।

আর খরাপূর্ণ অঞ্চলগুলোর কথা চিন্তা করেই রিতেশ দেশমুখ এবং নার্গিস ফাখরির ‘বাঞ্জো’ সিনেমার একটি বৃষ্টির দৃশ্যই বাতিল করা হয়েছে। প্রযোজক কৃষিকা লুল্লা মুম্বাই মিররকে জানান, “একটি দৃশ্যে রিতেশ গণেশের মূর্তি হাতে করে নিয়ে আসবেন বৃষ্টির মাঝে, কিন্তু এজন্য আমাদের প্রচুর পানির অপচয় করতে হতো। দায়িত্ববান নাগরিক হিসেবে রাষ্ট্রের পানির সংকট সমস্যা বুঝতে পেরে আমরা ঢোল এবং নাচের একটি দৃশ্য নিয়ে আসি বৃষ্টির পরিবর্তে, যাতে করে দৃশ্যটির আবহ নষ্ট না করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা যায়।”

খরাপীড়িত অঞ্চলগুলোর দুর্ভোগ আর পানির সংকটে যখন বলিউড জগতের অনেকেই চিন্তিত, সেখানে ‘জাগ্গা জাসুস’ নির্মাতা-কলাকুশলীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে রাষ্ট্রের কাছে। মহারাষ্ট্রের খরাপূর্ণ সমস্যায় শুধু পানি অপচয় রোধ করেই নয়, আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন বলিউডের এক ঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন নানা পাটেকার, আকশায় কুমার ও আমির খান।