সবচেয়ে সুন্দরী জেনিফার অ্যানিস্টন
বয়স না হয় প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই, কিন্তু সৌন্দর্যের জৌলুস এখনও অটুট জেনিফার অ্যানিস্টনের। তার এই চিরসবুজ রূপের মর্যাদা আরও একবার দিয়েছে ‘পিপলস ম্যাগাজিন’। ২০১৬ সালে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসেবে ম্যাগাজিনটি ঘোষণা করেছে ‘ফ্রেন্ডস’ খ্যাত এই অভিনেত্রীর নাম।
২০১৫ সালের বিজয়ী সান্ড্রা বুলককে হারিয়ে এ বছরের পিপল ম্যাগাজিনের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব নিজের করেছেন অ্যানিস্টন। এন্টারটেইনমেন্ট উইকলি বলছে, খবরটি পেয়ে অভিভূত হয়ে পড়েন তিনি। এমনকি এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি।
“প্রথমেই আমার মনে হয়েছে, হা ঈশ্বর! এটা কি সত্যি?”
এর আগেও ২০০৪ সালে সবচেয়ে সুন্দরী নারীর খেতাব জিতেছিলেন জেনিফার অ্যানিস্টন। এরকম সাফল্যের পুনরাবৃত্তি ঘটায় তিনি যেনো ফিরে গেলেন নিজের অতীত সময়ে।
“খবরটি শোনার পর নিজের ভেতরে তারুণ্যের উচ্ছ্বাস কাজ করেছে”, পিপল ম্যাগাজিনকে জানান তিনি।
‘ফ্রেন্ডস’ টিভি সিরিজ দিয়ে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন পরবর্তীতে ক্যারিয়ার গড়েছেন বিভিন্ন রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করে। ‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘দ্য ব্রেক আপ’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে তার অভিনয় নৈপুণ্য। এছাড়াও সম্প্রতি ‘কেইক’ সিনেমাটির জন্য তিনি জিতে নিয়েছেন গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড মনোনয়ন পেয়েছেন।
