টুইটারে পার্নো-মৈনাকের খুনসুটি
নিজেরা যতই এড়িয়ে যাননা কেন, পার্নো মিত্র এবং মৈনাক ভৌমিক যে চুটিয়ে প্রেম করছেন-- এটা কারোরই অজানা নয়। টালি জগতে একসঙ্গে সব জায়গায় ঘুরে বেড়ালেও মুখ ফুটে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করতেই যেন তাদের বাধা! তবে, জনসম্মুখের আড়ালে নিজের সম্পর্কটা রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।
অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের খুনসুটিটা আর আড়ালে রাখতে পারেননি এই দুই তারকাজুটি। একদফা টুইটের আদান-প্রদানে বোঝাই যাচ্ছে, প্রজাপতি দিনের সুসময় চলছে তাদের দুজনের জীবনে।
নির্মাতা মৈনাকের প্রিয় ব্যক্তিত্ব এবং কবি সিলভিয়া প্লাথ, যিনি অমর হয়ে আছেন তার অনবদ্য কবিতা আর উপন্যাসে। আত্মহত্যা করার আগে যিনি তার শেষ চিঠিতে লিখেছিলেন, “এই মনের গারদ থেকে বের হবার কি কোন পথ নেই?”
টুইটে প্লাথেরই একটি উক্তি তুলে দিয়ে পোস্ট করেন মৈনাক, সেখানে লেখা ছিল- “বৃষ্টির দিনের জন্য অপেক্ষা করে থেকো না, শুধু অনুভবে ভান করো এখন বৃষ্টি হচ্ছে।”
টুইটারে এর প্রত্যুত্তর দিতে একেবারেই কালবিলম্ব করেননি পার্নো। টালিজগতের এই জনপ্রিয় অভিনেত্রী কৌতুকচ্ছলে লিখে বসেন, “অথবা শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ো!” এরকম ‘অবজ্ঞা’পূর্ণ উত্তর পেয়ে প্রত্যুত্তরে মৈনাকের দীর্ঘশ্বাস, “এভাবেই আমার সিলভিয়া প্লাথে মূহুর্তকে শেষ করে দিতে হলো।”
দুজনের গল্পের শুরুটা হয় ২০১২ সালে। মৈনাকের সিনেমা ‘বেডরুম'-এ অভিনয় করেছিলেন পার্নো। সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে, “সিনেমাটির শুটিংয়ের সময় বেশ ভাল বন্ধুত্ব হয় মৈনাক এবং পার্নোর। তাদের রসায়ন দেখে অনেকেই তাদের নিয়ে দুষ্টুমি করতে ছাড়েননি। এমনকি কেউ কেউ জিজ্ঞেস করে বসেছিলেন, প্রেম করছেন নাকি?”
২০১৪ সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই নিজের প্রেমের কথা স্বীকার করেছিলেন মৈনাক। বলেছিলেন, “আমি একটি মেয়ের প্রেমে পাগল হয়ে আছি। তবে আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, কারণ তিনি আমাদের প্রেমের খবরটি পুরো বিশ্বকে এখনও জানাতে চান না।”
