‘ক্যাসল’ ছাড়ছেন বেকেট এবং প্যারিশ
ক্রাইম ড্রামা সিরিজ ‘ক্যাসল’ ভক্তদের জন্য দুঃসংবাদ। অষ্টম সিজনে এসে সিরিজটি থেকে বিদায় নিচ্ছে দুই গুরুত্বপূর্ণ চরিত্র কেইট বেকেট এবং ল্যানি প্যারিশ। চরিত্র দু’টিতে অভিনয় করা দুই তারকা স্টানা ক্যাটিচ এবং টামালা জোন্স ব্যক্তিগত বার্তায় এরই মধ্যে ভক্তদের জানিয়েছেন বিদায়।
‘এবিসি’ টেলিভিশন নেটওয়ার্ক এই দুই চরিত্রের সমাপ্তি নিশ্চিত করে ‘এন্টারটেইনমেন্ট উইকলি’র বরাত দিয়ে। তারা জানায়, “গত আট বছর ধরেই জনপ্রিয় ক্যাসল সিরিজের একটি প্রিয় চরিত্র ছিল কেইট বেকেট। আমরা স্টানা ক্যাটিচের প্রতিভা এবং একনিষ্ঠতার জন্য কৃতজ্ঞ। টামালা জোনসও শুরু থেকেই এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিলেন। তিনি ক্যাসল পরিবারের অংশ ছিলেন বলে আমরা কৃতজ্ঞ।”
দীর্ঘ আট বছর ধরে চলা এই টিভি সিরিজটির অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট গোয়েন্দা কেইট। এই চরিত্রে অভিনয় শুরু থেকেই অভিনয় করে আসছেন স্টানা ক্যাটিচ। সিরিজটির ব্যাপারে বিদায়বেলায় নিজের অনুভূতি জানাতে ভোলেননি তিনি, “এই দারুণ অভিজ্ঞতার অংশীদার হওয়া ছাড়াও আমি বলতে চাই, আমি এবিসির প্রতি কৃতজ্ঞ, আমাকে এরকম জনপ্রিয় একটি টিভি সিরিজের অংশ হতে সুযোগ করে দেওয়ার জন্য।”
আর ল্যানি প্যারিশ চরিত্রের অভিনেত্রী টামালা জোন্স এক বিবৃতিতে জানান, “গত আট বছর ধরে অনন্য এবং একরোখা ল্যানি চরিত্রটি অভিনয় করে আমার অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি আমার সহকর্মী এবং কলা-কুশলীদের শূণ্যতাটুকু অনুভব করবো।”
বছরের শুরুতেই গুঞ্জন ওঠে চলতি বছরেই শেষ হবে ‘ক্যাসল’-এর যাত্রা। তবে সম্প্রতি জানা গেছে, নবম সিজন আসতে পারে সিরিজটির এবং সেটি হবে মোট ১৩টি পর্বের। নতুন সিজন ২০১৭ সালে সম্প্রচারিত হলে দর্শকেরা এবছরই শেষবারের মতো দেখবেন বেকেট এবং প্যারিশকে।
২০০৯ সালে সর্বপ্রথম প্রচার শুরু হয় ‘ক্যাসল’ টিভি সিরিজটি। প্রথম বছর থেকেই সিরিজটির মূল চরিত্রে আছেন ঔপন্যাসিক রিক ক্যাসল। এই চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ন্যাথান ফিলিওন। এখন পর্যন্ত মোট ১৭৩টি পর্ব প্রচারিত হয়েছে সিরিজটির।
