কুকুর নিয়ে বিপাকে ডেপ-হার্ড
হতে পারেন তারা তারকা দম্পতি, কিন্তু আইনের ঊর্ধ্বে একেবারেই নন অ্যাম্বার হার্ড ও জনি ডেপ। অবৈধ পন্থায় পোষা কুকুরদের নিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ায়, আর তাতেই ফেঁসে গেছেন আইনের গ্যাঁড়াকলে। তবে অল্পের ওপরেই বেঁচে গেছেন, এক মাসের জন্য ভদ্র আচরণের প্রতিজ্ঞা এবং এক হাজার অস্ট্রেলিয় ডলার জরিমানা দিয়েই আপাতত পার পাচ্ছেন তারা।
অস্ট্রেলিয়া জীব এবং জীবন সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই আইনগতভাবে সচেতন। এই অবস্থানকে সম্মান জানিয়ে জনসম্মুখে নিজেদের অপরাধের ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এই দুই তারকা। ভিডিওটিতে ডেপ স্বীকার করে নিয়েছেন, অস্ট্রেলিয়রা তাদের প্রাণিজগতের মতই স্বকীয়।
ভিডিওটিতে ডেপ আরও বলেন, “অস্ট্রেলিয়রা একেবারেই অনন্য। একইসঙ্গে আন্তরিক এবং নিঃসংকোচ তারা। আপনি যদি অস্ট্রেলিয়ার কোন আইন ভঙ্গ করেন, তবে সে ব্যাপারে আপনাকে কঠোরভাবেই জানাবে তারা।”
এর আগে পোষা দুই কুকুর পিস্টল এবং বু-কে অস্ট্রেলিয়ায় নিয়ে আসার ব্যাপারে সরাসরির মিথ্যার আশ্রয় নিয়েছিলেন হার্ড। ২০১৫ সালের এপ্রিলে ব্রিসবেনে ব্যক্তিগত জেটে করে আসার সময় নিজের সঙ্গে কোন প্রাণী থাকার কথা অস্বীকার করেছিলেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। অস্ট্রেলিয়ায় সেসময় ডেপ ব্যস্ত ছিলেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানস’-এর পঞ্চম সিনেমা ‘ডেড মেন টেল নো টেলস’ সিনেমার শুটিং নিয়ে।
সোমবার কুইন্সল্যান্ড আদালতে হাজিরা দেওয়ার সময় অবশ্য শান্ত এবং স্বাভাবিকই দেখা গেছে এই দম্পতিকে। অভিযোগটিকে আরও গুরুতর দৃষ্টিতে দেখা হলে দশ বছরের জেল এবং প্রায় দুই লাখ পয়ষট্টি হাজার অস্ট্রেলিয় ডলার জরিমানাও গুনতে হতো তাদের। সে তুলনায় অল্পের মধ্যেই পার পেয়েছেন তারা।
তবে, হার্ডের আইনজীবীর দাবি, ডেপের সহকারীরা কুকুরটিকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসার ব্যাপারে সকল বৈধ তথ্যের ব্যবস্থা করে রেখেছিলেন। এই দাবীটি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। আইনি প্রক্রিয়ার শেষে হার্ড জানান, তিনি আর অস্ট্রেলিয়ায় কখনও ফিরবেন না।
