প্রেম করছেন হারশাদ-ত্রিধা?
পর্দায় প্রেমের অভিনয় করতে গিয়ে বাস্তবেও প্রেম হওয়ার ঘটনা শিল্পীদের মধ্যে নতুন নয়। এই তালিকায় এবার শোনা যাচ্ছে‘দেহলিজ’ খ্যাত জুটি হারশাদ আরোরা এবং ত্রিধা চৌধুরীর নাম।
ভারতীয় টিভি জগতে এখন অন্যতম সেরা জুটি হলেন হারশাদ এবং ত্রিধা। পর্দার রোমান্স নাকি এবার বাস্তবেও ছাড়িয়ে পড়েছে তাদের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হারশাদ বলেন, ত্রিধার মধ্যে সেই সব গুণাবলী রয়েছে যা একজন পুরুষ তার সঙ্গিনীর মধ্যে খোঁজেন।
সূত্রের বরাত দিয়ে ডিএনএ সাময়িকী বলছে, শুটিংয়ের ফাঁকে পুরোটা সময় একসঙ্গে কাটাতে দেখা যায় এখন হারশাদ এবং ত্রিধাকে। একটি দৃশ্য ধারণ শেষ হলেই দুজন একসঙ্গে ভ্যানিটি ভ্যানে চলে যান। যখন আবার শুটিংয়ের ডাক পড়ে, তখন নাকি যেকোনো একজনের নাম ধরে ডাকলেই হয়; কারণ আরেকজন তার পিছুপিছু ঠিকই চলে আসেন।
ত্রিধার ইন্সটাগ্রামেও ইদানীং বেশিরভাগ ছবিতে দেখা যাচ্ছে হারশাদকে। একসঙ্গে ঘুরে বেড়ানো, হোলি খেলা এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময়গুলো ক্যামেরাবন্দি করেছেন দুজন।
সূত্রটি আরও বলছে, প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন হারশাদ-ত্রিধা। গত সাত মাস ধরে দিল্লিতে হয়েছে ‘দেহলিজ’-এর শুটিং। দিল্লিতেই বাড়ি হারশাদের, অপরদিকে ওখানে অনেক বন্ধু রয়েছে ত্রিধার। হারশাদ একটু লাজুক হলেও ত্রিধা তার সংকোচ ভাঙাতে সাহায্য করছেন।
অবশ্য এই খবরকে গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন হারশাদ।
তিনি ডিএনএকে বলেন, “আমাদের বিনোদন জগতে সবসময়ই সহশিল্পীদের সঙ্গে নাম জুড়ে থাকে। বিশেষ করে নায়ক-নায়িকার মধ্যে বাস্তবে প্রেম হচ্ছে এই খবর লোকে খুব শুনতে চায়। আমাদের একসঙ্গে অনেক ছবি আছে এটা সত্যি, তবে অন্য সহশিল্পীদের সঙ্গেও আমাদের ছবি রয়েছে। আমরা একসঙ্গে একই হোটেলে উঠেছিলাম।”
১৪ মার্চ থেকে স্টার প্লাসে প্রচারিত হচ্ছে ‘দেহলিজ’।
