২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাই খাই সংস্কৃতির বিরুদ্ধে ‘মেলায় যাইরে’: মাকসুদ

পঁচিশ বছরের পুরোনো ‘মেলায় যাইরে’ গানটির স্রষ্টা মাকসুদুল হক— বাংলাদেশের ব্যান্ড সংগীতে জনপ্রিয় নাম। ‘ফিডব্যাক’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের মাধ্যমে অসংখ্য ভক্ত তৈরি করেছেন তিনি। বাংলা বাউল সংগীত নিয়ে নিরীক্ষাধর্মী ফিউশন করে বিতর্কেরও জন্ম দিয়েছেন। গ্লিটজের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মাকসুদ বলেছেন নানা কথা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 09:40 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

গ্লিটজ: যুগ যুগ ধরে একটা গান মানুষ সমাদর করছে। শুনছে, শোনাচ্ছে— ছড়িয়ে দিচ্ছে। স্রষ্টা হিসেবে কেমন অনুভব করেন?

মাকসুদুল হক: অবশ্যই আনন্দ লাগে। কিন্তু এটাই যে আমার শ্রেষ্ঠ সৃষ্টি তা কিন্তু না। এর থেকেও আমার অনেক ভাল গান আছে। আনন্দ লাগে... একটি গান… ছাব্বিশ বছর হলো এ বছর… মানুষের পাবলিক ডোমেইনে আছে, এ গান নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। ভাবতে খুব ভালো লাগে। কিন্তু আমার দুঃখটা ঐ জায়গায়, আমাকে মানুষ শিল্পী হিসেবে শুধু এই একটা গান দিয়েই বিচার করে। আমি যে আরো একাধিক গান করেছি, প্রায় ৫০-৬০টার মতো, এগুলো সম্বন্ধে মানুষের বিন্দুমাত্র ধারণাও নাই। আরেকটা দুঃখ হলো, এখন কনসার্টে যাই ঐ একটা গানের জন্যই। ভালো কি মন্দ, সেটা পরের কথা। শুনবে তো! স্টেজে ওঠার পর থেকেই, ‘মেলায় যাইরে, মেলায় যাইরে’ শুরু করে দেয়। আর গানটা নিয়ে একটা প্ল্যানিং ছিলো। এবং বোধহয় একটা ক্ষোভও কাজ করতো। ক্ষোভটা ছিল এরকম যে, ছোটবেলা থেকেই ছায়ানট পরিবারের সঙ্গে আমার নিজের পরিবারের একটা সম্পৃক্ততা ছিলো। ছোটবেলা থেকেই যেতাম রমনা বটমূলে। তখন সব পরিচিত, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব— এরকম হাজার, দেড় হাজার লোক হতাম। পিকনিকের মতোই হতো। ছোটখাটো একটা চোঙা মাইক লাগিয়ে দিয়ে গান হতো, নাচ হতো, বাউল গান হতো— বৈশাখীর আমেজ। রবীন্দ্র, নজরুল তো আছেই। এখনও মনে পড়ে আমি কবিতার ভক্ত ছিলাম, গোলাম মুস্তাফা সাহেবের আবৃত্তি... তিনি আমাদের পারিবারিক বন্ধু। তারপরে জহির রায়হান সাহেব ছিলেন বাবার বন্ধু। এরকম অনেক লোক হতো। সেখান থেকেই বড় হচ্ছি। আর তখন তো গানবাজনা বুঝতাম না, পার্কে গিয়ে ছোট আমরা দৌড়াদৌড়ি করবো, খেলবো। আমাদের থামানোর কেউ নেই। আবার খাওয়ার সময় খাওয়ার জন্য ডাকবে। মানে রীতিমতো পিকনিক। পয়সা দিয়ে খেতো না,

Image
মাকসুদ ও ঢাকার ২০০৭ সালের শেরাটন হোটেলের কনসার্ট।

মাকসুদ ও ঢাকার ২০০৭ সালের শেরাটন হোটেলের কনসার্ট।

সবাই মিলেই আমরা খেতাম। ওটা বড় হতে লাগলো, স্বাধীনতাত্তোর একটা ব্যাপক আকার ধারণ করলো। সব কিছু ছিল কিন্তু সেখানে জীবন ছিল না। প্রাণহীন, একেবারেই প্রাণহীন। খুব গুরুগম্ভীর… বৈশাখের অভিবাদন করতো। আর আমি যখন বড় হয়ে আসতেছি, বিশেষত যখন আমি সত্তরের দশকের পর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গান গাওয়া শুরু করলাম, প্রথমে প্রতি বছর সেখানে খ্রীস্টিয় নববর্ষ পালন করি, সেখানে এই উৎসবটা দেখি। যে হুলুস্থুল হয়…মানুষের নাচ-গান, হইচই… এটা চারমাস পরে বৈশাখে দেখি না। একই মানুষ, একই বাঙালি। খ্রীস্টিয় নববর্ষে এত আনন্দিত, এখানে এত মরা কেনো? বাঙালিপনা বা বাঙালিয়ানাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, এটা খুব গুরুতর বিষয়। এটা নিয়ে কোনো হাসিঠাট্টা, মশকরা... কিন্তু নববর্ষ তো উদযাপনের, উৎসবের। এটা কেন নেই? এই প্রশ্ন থেকেই গানটা লিখি। আমার এই জেনারেশন কি চাচ্ছে, তার প্রতিফলন কি। সেই দিক দিয়ে সংগীতের মাধ্যমে বৈশাখের প্রতিরূপ কী। ‘এসো হে বৈশাখ’ শুনেছি একটা গান হিসেবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো তার আবহাওয়া সংগীত করতে পারেননি। তার সংগীতের পেছনে আবহাওয়া সংগীতটা কী হবে? সংগীত শুধু একজন মানুষের কণ্ঠ কিন্তু না। সংগীত পরিপূর্ণ পরিবেশনার। ল্যান্ডস্কেপ যেমন মানচিত্র, সাউন্ডস্কেপ তেমনি শব্দচিত্র। আন্তর্জাতিকভাবে সংগীতের পরিচয় হলো, সংগীত মানুষ শুধুমাত্র শুনবে না এবং এর কারণও ছিল। রবীন্দ্রনাথের যুগ থেকে আমাদের যুগ অবধি সংগীত শ্রবণের মাধ্যম হওয়ার পাশাপাশি ভিস্যুয়াল মিডিয়াম।

এই গান যখন লিখি এখানে মোটামুটি চারটি সেন্সই আমি দিয়েছি, পাঁচটি সেন্সের ভেতরে। আপনি রঙ পাবেন, নাচ অনুভব করবেন। এই যে মঙ্গল শোভাযাত্রায় ঢোল ঢাক— এটারই একটা উপস্থাপনা, ঢাক ঢোল দিয়েই শুরু হচ্ছে...আর গানের কথায়ও ছিল বাঙালির পরিবর্তিত সময়… যদিও বৈশাখ উৎসব এটা খুব সাম্প্রতিক। এটা হয়তো গত ৩০ বছরের বা তারও কম। আবহমান বাংলা উৎসব কিন্তু বৈশাখ উৎসব না, আমাদের উৎসব কিন্তু চৈত্র সংক্রান্তি। বৈশাখের দিন কিন্তু মানুষ বিশ্রাম করে, ঘুমায়। সর্বোচ্চ, হালখাতা করলো, মিষ্টি বিতরণ করলো। কিন্তু যে কোনো কারণে হোক আমরা কিন্তু বৈশাখকে উৎসব করেছি...যাই হোক উৎসব, একটা মেলা হতো… তো এই ভিত্তিতে আজ থেকে ছাব্বিশ বছর আগে মাকসুদুল হকের জ্ঞানের পরিধি বেশি ছিল না। আজ যে কথাগুলো বলতে পারছি, আজ থেকে ছাব্বিশ বছর আগে হয়তো এই কথাগুলো আমি জানতাম না, এটাও সত্য। কিন্তু মাকসুদুল হক যখন নিজে সংস্কৃতির একটি অংশ হয়ে গেল, তখন আমাকে আরো জানতে হবে। এটা আমার ওপর একটা গুরু দায়িত্ব। গান যা হয়েছে হয়েছে, এ নিয়ে তো কথা বলতে হবে। ছাব্বিশ বছর ধরেই কথা বলছি। প্রতি বছরই সাংবাদিকরা আসবে, বন্ধুরা আসবে, জানতে চাইবে...অনেকেই ভুল বুঝেছে, গানটা নিয়ে। বিশেষ করে গত বছরের ঘটনাতে আমার কিছু নারীবাদী বন্ধুরা বলেছে যে, ‘বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই’—এটা নাকি আমি উস্কেছি। আমি কি আসলেই উস্কেছি? ছাব্বিশ বছর আগে কি আপনাদের আদৌ লিঙ্গ সংবেদনশীলতা

Image
মাকসুদ ও ঢাকার ২০০৯ সালের ব্রাহ্মণবাড়িয়া কনসার্ট।

মাকসুদ ও ঢাকার ২০০৯ সালের ব্রাহ্মণবাড়িয়া কনসার্ট।

সম্বন্ধে কোনো ধারণা ছিল? রেহাই নাই মানে কি? খুব গুরুতর একটা ওয়ার্নিং দিয়েছি আপনাদের এবং এটা ১৯৯০তে। ১৯৯৩তে কিন্তু এরকম ঘটনা ঘটে। বৈশাখী মেলায় গত বছর যে ঘটনা ঘটেছে এটা নতুন না। আমার নারীবাদী বন্ধুদের তখন হয়তো জন্মই হয়নি, হয়ে থাকলে হয়তো অনেক ছোট বা তখন হয়তো মিডিয়া এত ছিল না। কিন্তু ৯৩তেই মানুষ চাক্ষুস এ ঘটনা দেখেছে যে, নারীদের লাঞ্চিত করা হয়েছে। জনসমক্ষে, উন্মুক্তভাবে। আমি একটা পূর্বাভাস দিয়েছি। এত বছর পর সেটাকে যদি মানুষ মনে করে, আমি উস্কে দিয়েছি। এ ধারণা খুব ভুল। আমি তখন প্রশ্ন করেছি, আমাকে একেবারে হাতে নাতে দলিল দিয়ে বলতে হবে— আমার এই গান শুনে কোনো ছেলে মেয়েকে উত্যক্ত করেছে বা ধর্ষণ করেছে। এই গান শুনে মানুষ ধর্ষণ করে… এর থেকে আরো খারাপ গান আছে, জনপ্রিয় সংস্কৃতিতে। কিন্তু গানটি যেহেতু জাতীয় পর্যায়ে উৎসব সংগীতের কাছাকাছি পযর্ায়ে চলে গেছে, আপনারা বলতে পারছেন এবং এমন দাবীও এসেছে আমি যেন শব্দগুলো পরিবর্তন করি। একবার ভেবেছিলাম… পরে ভাবলাম, কেন আমি করবো? কি কারণে আমি করবো? আমার তো মত প্রকাশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। সেটা ভুল হোক আর ভাল হোক, সেই ছাব্বিশ বছর ধরে একটি গান আছে। এখন কারো চাপে পড়ে আমি এ কাজটা করতে পারি না। এটা সম্ভব না। করলাম না এবং এই অবিকৃত অবস্থায় চলছে। এভাবে যতদিন চলে এই আর কি।

গ্লিটজ: গানের মধ্যে চার ধরণের স্বাদ ধারণ করার বিষয়টি কী সচেতনভাবে করেছিলেন?

মাকসুদুল হক: না, একেবারেই না। ইন দ্যা সেন্স... আমি পান্তাভাত, ইলিশ বা কটকটি— এগুলোকে তুলে ধরতে চাইনি। আমি চাইনি। আমি এটা পছন্দ করি না।

এখন ইলিশ নিয়ে একটা ক্যাম্পেইন করছি আমরা। ইলিশ তো নেই, প্রায় বিলুপ্ত প্রাণী। আর আমরা গ্রাম বাংলাকে ঢাকা শহরে উপস্থাপন করছি। গ্রাম বাংলার কোনো হাটবাজারে কী ইলিশ মাছ পান, পাবেন? পাবেন না। ঢাকা শহরে কয়টা ইলিশ মাছ আপনি পান? আর ইলিশ মাছের সঙ্গে কোথায় এর যোগসূত্র… এটা কিন্তু এক পর্যায়ে বেনিয়াদের হাতে চলে হয়ে গেছে সবকিছু… বাংলাদেশ… বহুজাতিকের দখলে চলে গেছে… এগুলো হলো আমাদের... খাই খাই সংস্কৃতি… আমি খুবই অপছন্দ করি।

সব কিছুর ভেতরে কেমন জানি খাই খাই বিষয়টা ঢুকে গেছে। বৈশাখ মানেই আমরা পণ্য বিক্রি করি। কার পণ্য বিক্রি করছেন আপনারা? আমি তো ‘এসো হে বৈশাখ’ বলিনি। আমি বলেছি মেলায় যাইরে, কি কারণে বলেছি? বলেছি গ্রাম্য মেলায় চলো। গ্রামের লোক যেন উপকৃত হয়। এখন আর কটা গ্রামের লোক উপকৃত হয় বলুন তো? বহুজাতিকদের দখলে চলে গেছে মেলা, বহুজাতিকদের দখলে চলে গেছে সংস্কৃতি। এই প্লাস্টিক পণ্যের জন্য বৈশাখ? কোথায়? আমাদের গ্রামের কয়টা লোককে আপনি মঙ্গল শোভাযাত্রায় দেখেন? এই যে বিশাল মানুষের ঢল নামে এই অঞ্চলে… এটাই কি সংস্কৃতি… গ্রাম বাংলার কোথায় এতো বড় উৎসব...এই উৎসবগুলো তো চলে যাওয়া উচিত গ্রামে। আমরা গ্রাম চিনি না। ঢাকা শহরের মানুষ, তথাকথিত শিক্ষিত, অর্ধ শিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত। গ্রাম গ্রাম করি, গরীবের দরদের কথা বলি, ফেইসবুকে অনেক লেকচার দেই। কিন্তু গ্রামের মানুষ সম্পর্কে, আমাদের খুব আবছা আবছা ধারণা, এবং সে ধারণা খুব রোমান্টিক— আহ কি সুন্দর, কী শষ্য-শ্যামল। এখন কি তাই? আপনারা কী জানেন আমি গ্রামে যাই, ঘুরি। এখন আর, গরু হাল টানছে সেই চিত্র নাই। নদী দখল হয়ে গেছে অনেক আগেই। এই ইলিশ সমুদ্রের মাছ। সে আসে আমাদের মিষ্টি পানিতে প্রজনন ঘটাতে, তিনটা মাস। সেটাকে আমরা খেয়ে ফেলি, এমনি সারা বছর খেয়ে শেষ করেই ফেললাম। এখন তার প্রজনন সম্ভাবনাও বন্ধ করলাম। লাভ কি হলো? ইলিশ মাছ তো এরপর মিউজিয়ামে থাকবে। ইলিশ মাছের ছবি দেখবো, খাবেন কয়টা আপনারা?

এই খাই খাই সংস্কৃতির বিরুদ্ধেই কিন্তু মেলায় যাইরে। এটায় খাওয়া-দাওয়ার কোনো বিষয় নেই। আর আমার কোনো গানে খাওয়ার-দাওয়ার বিষয় আনি না। এই খাই খাই সাংস্কৃতিটাই কিন্তু শেষ করলো আমাদের। অমুকের ক্ষেত খেতে হবে, অমুকের ব্যবসা খেয়ে ফেলতে হবে, সবকিছু খেয়ে ফেলতে হবে। আমাদের সাংস্কৃতি তে কখনো ছিল না। কিছু নতুন উপাদান সৃষ্টি হয়েছে এই বৈশাখকে কেন্দ্র করে। এটা খুবই দুঃখজনক,খুবই দুঃখজনক।

গ্লিটজ: ‘মেলায় যাইরে’ গান তৈরির পেছনে কার কার অবদান ছিলো?

Image
মাকসুদুল হক।

মাকসুদুল হক।

মাকসুদুল হক: কখনো পাঁচ জনের মাথা থেকে একই সময়ে একই চিন্তা একসঙ্গে বের হতে পারে না। এটা সম্ভব না। যে কোনো একজনকে ধারণ করতে হবে। বেসিক কনসেপ্টটা ধারণ করেছিলাম আমি। কনসেপ্টটা ধারণ করার পর, একটা সুর এসেছে মাথায়। কথাগুলো এসেছে। তারপর গ্রুপ ওয়ার্ক।

ফোয়াদ নাসের বাবু… সাউন্ড আসপেক্টটা… বিষয়টা আমি কি চাচ্ছি, কারণ আমি নিজে কোনো যন্ত্র বাজাতে পারি না। আমি যন্ত্রী না, আমি শুধু শিল্পী, কণ্ঠ ছাড়া আমি আর কিছু বাজাতে পারি না। আমি বোঝাতে পেরেছি এবং পরীক্ষা-নীরিক্ষায় দুবছর গেছে। আমরা এই গানটা ১৯৮৭-৮৮ থেকে করি, ১৯৯০তে এসে অ্যালবাম।

বিশেষ করে ঢাকঢোল যদিও কম্পিউটারাইজ। পিয়ারু খান যে কাজটি করেছিল এটা ঐতিহাসিক। বাবু যে কাজটি করেছিল, বাঁশির পিস, নেপথ্যে গতিময় পশ্চিমা অর্কেস্ট্রাল একটা ফোর্স, পাওয়ার, সেই সঙ্গে আমার গায়কি, সবকিছু মিলিয়ে… এখানে যেটা নাই, কোনো গিটার পিস নাই। কারণ গিটার আমার যন্ত্র না। গিটার আমাদের আসেনি। এই বিষয়টা এতো আকর্ষণীয়...কতোগুলো সিগনেচার… প্রথমে যেমন ঢাকঢোল দিয়ে শুরু হবে, এটা এখন মানুষের মুখস্ত হয়ে গেছে। এটা এখন মানুষের মনে ইমপ্রিন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যেমন লোগো আছে, এটা দেখলেই মানুষে চিনবে। প্রতিটি প্রত্রিকার একটা সিগনেচার আছে। দিস ইজ ইট। এই গানটা শুরু হবে, এই আওয়াজট হবে, এই দিয়ে শুরু হবে - এইটা ইমপ্রিন্টেড হয়ে গেছে। খুব কঠিন একটা পিস হলে মানুষ মনে রাখতে পারতো না। এটা ঈগলসের হোটেল ক্যালিফোর্নিয়ার গিটার পিস না। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যিক যে সংগীতের ধাঁচ, ওটাকে ভেঙ্গে করেছি। আমরা যা কিছু করেছি, গ্রাম বাংলার ঘাড়ের ওপরে চেপে করেছি...পুরো বিষয়টা ফোয়াদ নাসের বাবুর। পিছনে কি কি বাজবে, কাউন্টার কি হবে, ব্রাস কোথায় বাজবে, কতোটুকু বাজবে। গানটা লিখেছি ১৯৮৭র শেষের দিকে। আমাদের কাজ শুরু হয় ১৯৮৮তে, দুবছর আমরা পরীক্ষা করেছি এবং স্টেজে যে ফর্মটা ছিল ১৯৯০তে সেটা থাকেনি। পরিবর্তন হয়েছে। আমরা মানুষের উত্তেজনা দেখেছি। মানুষ এটা কিভাবে নিচ্ছে, উত্তেজনা কিভাবে বাড়ানো যায়, সেটা পিয়ারু খান ক্যালকুলেশন করেছে।

গ্লিটজ: গানটি গাওয়ার কোন স্মৃতি সব সময় মনে পড়ে আপনার?

মাকসুদুল হক: ১৯৯৪তে বাংলাদেশের ইতিহাসের প্রথম ওপেন এয়ার কনসার্ট হয় চট্টগ্রাম স্টেডিয়ামে। কোকাকোলা করেছিলো, শীতকালেই করেছিলো। গানটির বয়স দুই বা তিন বছর। প্রথমে সোলস, মাঝে ফিডব্যাক, শেষে রেনেসা। শীতকাল, প্রচুর ধূলাবালু, আমাদের শেষ গান যথারীতি ‘মেলায় যাইরে’ ছিলো। আর আমি যখন স্টেজে থাকি আমার চোখ বন্ধ থাকে। আমি ধ্যানীর মতো থাকি। চোখ খুলি খুব কম। এক ফাঁকে চোখ খুলে দেখি, ধূলার ঝড়… পুরা আশেপাশে ধূলা… এবং আমার সমস্ত শরীর সাদা হয়ে যাচ্ছে। পরে বুঝলাম এটা কোনো কিছুই না, এই মানুষ শীতকালে শুকনো মাটিতে নাচছে। বিশ তিরিশ হাজার লোক একসঙ্গে নাচছে এবং এই ধূলা এসে আমার শরীরের উপর পরেছে। সেদিন মনে হলো, না, এ ধূলা না। এটা আমার জন্য আর্শীবাদ। একটা কিছু করেছি, মাটিই আমাকে বলছে ধন্যবাদ। উড়ে আমার এসে আমায় বলছে, যা, আর্শীবাদ করলাম তোকে।

Image
‘বঙ্গাব্দ ১৪০০’ অ্যালবামের জন্য ১৯৯৪ সালে চঞ্চল মাহমুদের ক্যামেরার সামেন ফিডব্যাক।

‘বঙ্গাব্দ ১৪০০’ অ্যালবামের জন্য ১৯৯৪ সালে চঞ্চল মাহমুদের ক্যামেরার সামেন ফিডব্যাক।

গ্লিটজ: মেলায় যাইরে গানটা আপনারা দুইটা ব্যান্ড করছেন। এই ব্যাপারটা আপনারা ঠিক কিভাবে সমাধা করলেন?

মাকসুদুল হক: আমি যখন ফিডব্যাক ছেড়ে চলে আসি, শুধু বিদায় বলে এসেছি। আর আমি বলি, গানগুলো আমার লেখা, আমার সুর করা, আমার গাওয়া। তোমরা গাইবে আপত্তি নেই। বাবু ভালো একটা কথা বলেছিলো, ‘তুমি গানগুলো গেয়ো। তা না হলে গানগুলো মরে যাবে’। অতএব, আমাদের কোনো দ্বন্দ নেই।

গ্লিটজ: এখানে আইনগত দিকটা...

মাকসুদুল হক: কেউ যদি রিমিক্স করতে চায়, পুনঃপ্রকাশ করতে চায়, তখন আইনগত বিষয়। আমাদের অনুমতি লাগবে। আর ফিডব্যাকও পুনঃপ্রকাশ করেছে গত বছর। একটা নতুন সংস্করণ দিয়েছি ভিডিওসহ। আমরা পাঁচজন - আমি, বাবু, পিয়ারু, খোকা, লাবু। যাদের ‘লেগেসি ফিডব্যাক’ বলা হয়। আমরা একটা কোম্পানি করছি, ফিডব্যাক টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি। আমাদের পুরনো সম্পদ নিয়ে যদি কোনো সমস্যা হয়, তার সামাধান করবো। আমরা চাই, আমাদের ছাড়াও যদি কেউ ভালো করতে পারে আর আমরা যদি পছন্দ করি; অবশ্যই অনুমতি দিতে পারি, কিন্তু স্বত্ব নিয়ে স্বচ্ছ থাকতে হবে। টাকা পয়সার লেনদেন নিয়ে স্বচ্ছ থাকতে হবে।

এখন যেমন অনেকেই চাচ্ছেন, গানটা বিভিন্ন মাধ্যমে দিতে। ঠিক আছে দিতে পারো, কিন্তু আমাদের রয়ালটি দিতে হবে। তোমরা ব্যাবসায়িক কারণে নিচ্ছ,অতএব আমরা একটা ব্যাবসায়িক কোম্পানি। ফিডব্যাক টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি, মানে একুশ শতকের ফিডব্যাক বাংলায় যদি বলা হয়, সেটা একটি ব্যাবসায়িক কোম্পানি। সামনে একত্রিত হবো কি হবো না, সেটা নিয়ে আলাপ চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটা কথা, আমরা যদি আবার নতুন করে আসি, তাহলে একুশ শতকের ফিডব্যাক নামে আমরা পরিচিত হবো। ফিডব্যাক বা মাকসুদ ও ঢাকার কোনো ক্ষতি করবো না।

শিল্পীর ছবি: আবদুল মান্নান দীপ্ত।

অন্যান্য ছবির কৃতজ্ঞতা শিল্পীর প্রতি।