'বাচ্চু ভাই আমাদের কাছে জীবন্ত কিংবদন্তী'
১৯৯১ থেকে ২০১৬ - পঁচিশ বছরের দীর্ঘ পথচলা। আইয়ুব বাচ্চু আর এলআরবি শ্রোতাদের মনে আজও তারুণ্যের উচ্ছাস জাগায় আর এ প্রজন্মের শিল্পীদের যোগায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আইয়ুব বাচ্চু এবং এলআরবিকে নিয়ে নিজেদের ব্যক্তিগত অনুভূতিগুলো গ্লিটজের সঙ্গে ভাগ করে নিলেন বাংলাদেশের এ প্রজন্মের চার সঙ্গীতশিল্পী সন্ধি, জামান সাইফ, শেখ সালেকিন এবং শাফকাত আহমেদ দীপ্ত।
নিজের বাসা আর আইয়ুব বাচ্চুর স্টুডিও এবি'স কিচেন একই জায়গায় হওয়ার সুবাদে অনেকদিন ধরেই তার সান্নিধ্য পেয়ে আসছেন তরুণ শিল্পী এবং সুরকার সন্ধি। জানালেন, এলআরবিকে নিয়ে তার কৈশোরের অভিজ্ঞতার কথা।
“২০০২-০৩ সালে আমরা তখন আমাদের ব্যান্ড (মহাকাল) শুরু করেছি মাত্র। তখনও আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইটের মতো ব্যান্ডগুলো জনপ্রিয় হয়ে ওঠেনি। সে সময় ব্যান্ড সঙ্গীত মানেই ছিল জেমস-বাচ্চু। বিশেষ করে বাচ্চু ভাই প্রথম থেকেই আমার এবং আমার ব্যান্ডের কাছে ছিলেন একজন জীবন্ত কিংবদন্তী।"
প্রায় একই সুর রক ব্যান্ড দৃকের ভোকাল জামান সাইফের কণ্ঠেও। এলআরবির গান থেকে অনুপ্রাণিত হওয়ার কথা স্বীকার করলেন অকপটে।
ক্যাসেটের যুগ পেরিয়ে এখন গানের বিস্তারটা পুরোপুরিই ইন্টারনেটকেন্দ্রিক। বাজারে সিডির চলও কমে গেছে; ইউটিউব এবং অনলাইনে বিনামূল্যে গান পাওয়ার সুবিধা থাকায়। তবে আইয়ুব বাচ্চুর অনুপ্রেরণা নিয়ে স্মৃতিচারণে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান গিটারিস্ট শেখ সালেকিন ফিরে গেলেন পুরোনো সময়ে।
“এমনও হয়েছে যে আমরা পাঁচ টাকা করে জমিয়ে আগে এলআরবির অ্যালবাম কিনতাম। অধীর আগ্রহে বসে থাকতাম নতুন একটা অ্যালবাম কবে বের হবে।”
১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জগতে আইয়ুব বাচ্চুর পথচলা শুরু হয়। সেখান থেকে যোগ দিলেন সোলসে, ছিলেন দীর্ঘ দশ বছর। এরপর এলআরবির মাধ্যমে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। সন্ধি জানালেন, “এলআরবি'র ‘হাসতে দেখো, গাইতে দেখো’, ‘রূপালি গিটার’ কিংবা ‘ফেরারি মন’- এর মতো গানগুলো এত শোনা হয়েছে, সেগুলো আমরা গিটারে তুলে তখন গাইবার চেষ্টা করতাম।"
শেখ সালেকিন জানালেন, "যারা বর্তমানে সঙ্গীত চর্চা কিংবা ব্যান্ড সঙ্গীতের সাথে আছেন, তারা সবাই কোনো না কোনোভাবে এলআরবির গানগুলো থেকে অনুপ্রেরণা নিয়েই এখানে এসেছেন।''
"একজন গায়ক এবং ব্লুজ গিটারিস্ট হবার পেছনে আমার ক্ষেত্রে বাচ্চু ভাইয়ের অবদানই বেশি। আমার সঙ্গীত জীবনে তার অবদানের কথা বলতে শুরু করলে রাত পেরিয়ে দিন হয়ে যাবে। আমরা বাঙালি; গিটার কি জিনিস, তার কাছে দেখে শিখেছি। তিনি রীতিমতো মানুষের কান টেনে শুনিয়েছেন গিটারের ঝঙ্কার। তার কাছে দুটো মাস্টার ক্লাসে গিটারে যে দীক্ষা পেয়েছি সেটা আমার কাছে অমূল্য।"
শেখ সালেকিন বলেন, "ব্লুজ ক্যাফের মাধ্যমে তিনি গিটারিস্টদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছিলেন বাজানোর। তার বাজানোর ঢঙে যেমন ব্লুজ ছিল, তেমনি অল্টারনেটিভ রক কিংবা অন্যান্য স্টাইলও এসেছে। আমরাও ধীরে ধীরে এই গানের জনরাগুলো বুঝতে শিখেছি।"
অনেক শিল্পীর কাছেই ক্যারিয়ারের অভিভাবক আইয়ুব বাচ্চু। সন্ধি বললেন, "আমি এবং আমার ছোট বোন সভ্যতা সব সময়ই তার সান্নিধ্য পেয়ে এসেছি। তিনি আমাদের বিভিন্ন শোতে ডাকতেন, গাইতে এবং বাজাতে বলতেন। খুব বড় মন এবং ইচ্ছা না থাকলে এরকম হয় না কখনো। অনেক সঙ্গীতশিল্পীর ক্যারিয়ারে এরকম অভিভাবকের ভূমিকা রেখেছিলেন তিনি।"
দীপ্ত বললেন, " তিনি আমাকে পরামর্শ দিয়েছেন কিভাবে গিটার বাজাতে হবে। আমি আগে শুধু গিটারিস্ট ছিলাম, তিনিই আমাকে প্রথম গিটার বাজিয়ে গান গাইতে বলেছেন।"
প্রথম অ্যালবাম দিয়েই বাংলাদেশ রক ইতিহাসে মাইলফলক সৃষ্টি করে এলআরবি। ডাবল অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করা ব্যান্ডটির গানগুলো শ্রোতাদের প্রিয় হয়ে উঠতে সময় নেয়নি খুব একটা। 'ঘুম ভাঙ্গা শহরে', 'হকার', 'ঢাকার সন্ধ্যা'র মতো গান গুলো লোকমুখে ফিরতে থাকে। এরপর এসেছে 'সুখ', 'কষ্ট', 'সেই তুমি', 'রূপালি গিটার'-এর মতো কালজয়ী গানগুলো। এলআরবির ১২টি স্টুডিও অ্যালবাম ছাড়াও আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম বেড়িয়েছে এখন পর্যন্ত ১৬টি।
