২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে 'দ্য জাঙ্গল বুক’-এর রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশে মুক্তি পায়নি সিনেমাটি। কিন্তু ভারতে এরই মধ্যে পসরা জমিয়ে বসেছে 'দ্য জাঙ্গল বুক'। তিন দিনের মাথাতেই সিনেমাটি ছাড়িয়েছে ৪০ কোটি রুপি আয়ের অঙ্ক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 07:40 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

ভারতের বক্স-অফিস ইতিহাসে রেকর্ড গড়েছে নতুন মোগলির গল্প। ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন’-এর পর ভারতে সেরা হলিউড হিটের তালিকায় এখন আছে ‘দ্য জাঙ্গল বুক’।

শুধু হলিউডি সিনেমা নয়, চলতি বছর ভারতে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সব সিনেমাকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ‘দ্য জাঙ্গল বুক’। এই তালিকায় শীর্ষে রয়েছে আক্শায় কুমার অভিনীত ‘এয়ারলিফট’, যেটি প্রথম দিনে আয় করেছিল ১২ কোটি ৫০ লাখ রুপি, অপরদিকে 'দ্য জাঙ্গল বুক' প্রথম দিনেই সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহ থেকে তুলে এনেছে ১০ কোটি রুপি।

শুক্রবার দারুণ সূচনার পর শনি এবং রবিবারে এসেও থামেনি সিনেমাটির সাফল্যের জয়রথ। দুদিনেই ‘দ্য জাঙ্গল বুক’-এর আয় ছিল আগের দিনের চাইতে ঢের বেশি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, "২০১৬ সালে ভারতে 'এয়ারলিফট'-এর পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছে 'দ্য জাঙ্গল বুক'। শুক্রবার ১০.০৯ কোটি, শনিবারে ১৩.৫১ কোটি, রবিবারে ১৬.৫৯ কোটি। সর্বমোট: ৪০.১৯ কোটি।"

ব্রিটিশ লেখক ও সাংবাদিক রুডইয়ার্ড কিপলিং-এর অনবদ্য সৃষ্টি 'দ্য জাঙ্গল বুক' এর কেন্দ্রীয় চরিত্র মোগলির রূপদান করেছেন নবাগত মার্কিন অভিনেতা নিল শেঠি, অভিনয়ের জন্য দর্শক মহলে পেয়েছেন ভূয়সী প্রশংসা।

ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ডাব করানোয় দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পাচ্ছে সিনেমাটি। হিন্দি ডাবিং এ বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান, শেফালি শাহ, ওম পুরি এবং নানা পাটেকারের মত জনপ্রিয় তারকারা। মূল ছবিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন ইদ্রিস অ্যালবা, স্কারলেট জোহ্যানসন, ক্রিস্টোফার ওয়াকেন, বিল মারে এবং লুপিতা নিয়ঙ্গ।

জন ফ্যাভ্রু পরিচালিত সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৫ এপ্রিল।