২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশিকি থ্রি’র জন্য চূড়ান্ত সিদ্ধার্থ-আলিয়া

‘আশিকি’ সিরিজের সিনেমাগুলো দর্শকের মন জয় করেছে বরাবরই। সিরিজের তৃতীয় সিনেমাটি নিয়ে কানাঘুষো চলছে দীর্ঘদিন ধরেই। শোনা যাচ্ছিল, হৃত্বিক রোশান-সোনাম কাপুর প্রথমবারের মতো পদর্ায় প্রেম করার সুযোগ পাবেন এই সিনেমার মাধ্যমেই। কিন্তু এবার পাওয়া গেছে নিশ্চিত খবর, বাস্তবের জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটই হচ্ছেন 'আশিকি থ্রি’র নায়ক-নায়িকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 05:56 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

খবরটি নিশ্চিত করেছেন সিদ্ধার্থ নিজেই। মুম্বাই মিররকে এ ব্যাপারে তিনি বলেন, “এখন চিত্রনাট্যের কাজ চলছে, আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। ‘আশিকি টু’তে ভালবাসা আর সঙ্গীতের ব্যাপক ব্যবহার দেখা গেছে, আমি আশা করছি এবারের পর্বে তা আরো বেশি হবে।”

সিদ্ধার্থ আরো জানান, চরিত্রের প্রয়োজনে এবার গিটার হাতে গান গাইতে দেখা যেতে পারে তাকে। আর এজন্য তাকে সংগীতের বিশেষ তালিম নিতে হবে।

তিনি বলেন, “পরিচালক মোহিত সুরি বলেছেন আমাকে সিনেমার একটি গানে কণ্ঠ দিতে। তাই আমাকে গান শিখতে হবে এবং গিটার বাজাতেও জানতে হবে। আমার কণ্ঠ এবং আঙুলে তাল ধরে রাখতে হবে।” 

প্রেমিকা আলিয়ার প্লেব্যাকের অভিজ্ঞতা হয়েছে আগেই, তবে সিদ্ধার্থের জন্য এটাই হবে প্রথম। জানালেন, আলিয়ার সঙ্গে গাওয়ারও ইচ্ছা আছে তার।

“যদি আমি আলিয়ার সঙ্গীত প্রতিভার কাছাকাছিও যেতে পারি, তাহলে হয়তো আমরা একসঙ্গেই একটি গান গাইবো। দুজন অভিনয় শিল্পীর জন্য এই ঘটনা হবে ইতিহাসে প্রথম।”

‘আশিকি টু’র সাফল্যের পর থেকেই এর তৃতীয় পর্ব নিয়ে চলছিল নানা কল্পনাজল্পনা। হানি সিংয়ের কণ্ঠে গাওয়া ‘আশিকি’র বিখ্যাত গান ‘ধীরে ধীরে’র মিউজিক ভিডিওতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন হৃত্বিক রোশান এবং সোনাম কাপুর। শোনা যাচ্ছিল, ‘আশিকি থ্রি’র নায়ক-নায়িকা হবেন তারাই। কিন্তু শেষমেশ তা হলো না।

মুম্বাই মিরর বলছে, মূলত মহেশ ভাটের ইচ্ছাতেই ‘আশিকি থ্রি’তে নেয়া হচ্ছে আলিয়া–সিদ্ধার্থকে। এ জুটিকে সম্প্রতি দেখা গেছে 'কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায়।