‘বেফিকার’ পোস্টারে চুম্বনরত রানভির-ভানি
যেকোন ধরণের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে সক্ষম বলিউড অভিনেতা রানভির সিং নিজেকে প্রমাণ করেছেন তার অভিনয় নৈপুণ্য দিয়েই। এবার উচ্চাভিলাষী, সাহসী এক প্রেমিকের চরিত্রে তাকে দেখা যাবে আদিত্য চোপড়ার ‘বেফিকার’ সিনেমায়। সিনেমাটির ফার্স্ট লুক হিসেবে একটি পোস্টার বেরিয়েছে সম্প্রতি; সেখানে তাকে দেখা গেছে সহ-অভিনেত্রী ভানি কাপুরের সঙ্গে এক অন্তরঙ্গ চুম্বনদৃশ্যে।
জনসম্মুখে চুম্বনের ছবি পোস্টার হিসেবে প্রচারণার কাজে লাগানোর প্রচেষ্টাটা বেশ সাহসিকতাই বলা চলে ভারতের প্রেক্ষাপটে। মূলত প্রেমের সম্পর্কে বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের বাধাহীন মনোভাবটিকেই প্রতিনিধিত্ব করছে পোস্টারটি, নিজের টুইটারে ছবিটি শেয়ার করে এমনই মত ব্যক্ত করতে চাইলেন রানভির।
“আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন, যারা ভালোবাসার সাহসটি রাখেন, আপনাদের এটি অবশ্যই ভালো লাগবে! ‘বেফিকার’-এর ফার্স্ট লুক।”
২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ দিয়ে বলিউডে অভিষেক ঘটা ভানি কাপুরের সাথে রানভির জুটি বেঁধেছেন এই প্রথম। আর প্রথমবারেই যে তাদের পর্দা রসায়ন হবে দারুণ, সেটারই ইঙ্গিত মিলছে এই চুম্বনদৃশ্যে। কালো একটি ক্যাপের আড়ালে ঢাকা ভানির ঠোঁট স্পর্শ করছে ৩০ বছর বয়সী রানভিরের, আর সে ক্যাপে লেখা ‘কারো পরোয়া নেই, ভালোবাসা’।
অবশ্য ‘বেফিকার’ গুরুত্ব পাচ্ছে অন্য একটি কারণেও। কারণ এই সিনেমা দিয়েই দীর্ঘ সাত বছর পর পরিচালক হিসেবে বলিউড জগতে ফিরছেন আদিত্য চোপড়া। সর্বশেষ ২০০৮ সালে নির্মাণ করেছিলেন শাহরুখ-আনুশকা অভিনীত ‘রাব নে বানা দি জোড়ি’।
‘বেফিকার’ মুক্তি পাবে চলতি বছরের ৭ ডিসেম্বর।
