‘বদনাম রটিয়ে কাজ হবে না’
এক সময় যে কবিতাগুলো ভালবেসে উপহার দিয়েছিলেন প্রেমিককে, সেগুলো নাকি ফাঁস করার হুমকি দিচ্ছেন হৃত্বিক রোশান—এমনই অভিযোগ কাঙ্গানা রানাউতের। তবে কাঙ্গানা জানালেন, তার বিরুদ্ধে বদনাম রটিয়ে লাভ নেই, কারণ অতীত নিয়ে লজ্জিত নন তিনি।
এনডিটিভি বলছে, মুম্বাই পুলিশ কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার একদিন পরেই এ কথা বলেন কাঙ্গানা।
২৯ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্যে, “আমি কোনকিছু নিয়ে লজ্জিত নই, না আমার অতীত নিয়ে, না আমার প্রেম নিয়ে, না দৈহিক গঠন নিয়ে এবং বিশেষত আমার ইচ্ছাগুলো নিয়ে তো নয়ই।”
সম্প্রতি কাঙ্গানা তার বিবৃতিতে আরও বলেন, “আমার বিরুদ্ধে যিনি বা যারা মানহানির মামলা করেছেন এবং জনসম্মুখে ক্ষমা চাইতে বলেছেন, আমি তাদেরকে প্রতিজ্ঞা করছি আমি ক্ষমা চাইবো। আমি ওই ব্যাক্তিকে অনুরোধ করছি, যে আইনি লড়াইয়ের শুরুটা তিনি করেছেন, তাতে সাড়া দিতে। পুরো বিষয়টিকে গণমাধ্যমের খোরাক না করতে। তিনি যদি সত্যিই আমার ক্ষমা চান, তাহলে পুরো বিষয়টি বুঝতে আমাকে সহায়তা করুন। কিন্তু আমার লেখা প্রেমের কবিতা, ব্যক্তিগত ছবি এসব ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আপনি আমার ক্ষমা পাবেন না।”
পুরো বিষয়টি নিয়ে ভীত নন জানিয়ে স্পষ্টবাদী হিসেবে পরিচিত এই অভিনেত্রী আরও জানান, “যদিও আমার আইনি সহায়করা প্রতারণা এবং হুমকি দেওয়ার ব্যাপারটি নিয়ে কঠোরভাবে কাজ করছেন, ব্যাক্তিগতভাবে একজন নারী হিসেবে এটি নিয়ে আমি শঙ্কত নই।”
হৃত্বিক-কাঙ্গানার এই বিবাদ শুরু হয় চলতি বছরের শুরুর দিকে, যখন এক সাক্ষাৎকারে হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে বসেন কাঙ্গানা। তখন কাঙ্গানার সঙ্গে প্রেম থাকার খবর সাফ অস্বীকার করেন হৃত্বিক। বলেন, কাঙ্গানার চেয়ে তার বরং পোপের সঙ্গে প্রেম থাকার সম্ভাবনাও অনেক বেশি।
এমনকি ‘সাবেক প্রেমিক’ বলার কারণে কাঙ্গানাকে আইনি নোটিশ দিয়ে জনসম্মুখে ক্ষমা চাওয়ার কথাও বলেন হৃত্বিক। দাবী করেন, তার সঙ্গে প্রেমের মিথ্যা গল্প বানিয়ে নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন তিনবার জাতীয় পুরষ্কার পাওয়া এই অভিনেত্রী।
২০১৩ সালে ‘কৃশ থ্রি’র শুটিং চলাকালীন প্রেম হয়েছিল দুজনের, গুজব রটে তখনও। তবে হৃত্বিক তখন বিবাহিত থাকায় সেই গুজব বেশিদিন টিকেনি, পরে জানা যায় পর্দার আড়ালেই হয়েছে তাদের প্রেমের ইতি।
তবে হৃত্বিকের দাবী, তার নাম ব্যবহার করে অন্য একজন ব্যক্তি কাঙ্গানার সঙ্গে নিয়মিত ইমেইলে যোগাযোগ করেছেন, তার সঙ্গে যার কোন সম্পৃক্ততা নেই।
