বিয়ের ঘোষণা দিলেন বিপাশা-কারান
খবরটা চাউর হয়েছিল আরো আগেই, এবার সেটা নিশ্চিত করলেন অভিনেত্রী বিপাশা বসু। হ্যাঁ, বয়স চল্লিশ পেরুনোর আগেই শুভকাজটি সারছেন তিনি।
যেমনটা শোনা যাচ্ছিল, ঠিক তেমনটাই ঘটছে। ৩০ এপ্রিলেই হচ্ছে বিপাশার বিয়ে। বর আর কেউ নন, অভিনেতা কারান সিং গ্রোভার।
এনডিটিভি বলছে, সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন দুজন।
বিবৃতিতে বলা হয়, "অবশেষে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি একটি সুখবর। ৩০ এপ্রিল ২০১৬ তে হবে আমাদের বিয়ে। আমাদের পরিবার, বন্ধু, ভক্ত এবং শুভানুধ্যায়ীদের যত ধন্যবাদই দেই না কেন তা কম হবে। বিয়ের অনুষ্ঠানটি হবে ঘরোয়াভাবে। আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করার জন্য সবাইকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের নতুন এই যাত্রায় সবাই আমাদের আগের মতোই ভালোবাসা এবং আশীর্বাদে ভরিয়ে রাখবেন।"
অবশ্য বিপাশার এই ঘোষণা দেয়ার আগেই গোমর ফাঁস করে দিয়েছিলেন তার বন্ধু-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একদিন আগে তিনি টুইট করে বিপাশা এবং কারানকে শুভেচ্ছা জানান।
এদিকে ডিএনএ বলছে, বাঙালি বিপাশার বিয়ে হবে বাঙালি রীতিতেই। বিয়ের আগে ২৮ এপ্রিল বসবে তার মেহেদির আসর। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা দম্পতিসহ বলিউডের মহারথীরা।
২০১৫ সালের জানুয়ারিতে ‘অ্যালোন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেম হয় বিপাশা- কারানের। এরপর থেকে নিজেদের ঘনিষ্ঠতার ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা, তবে প্রেমের কথা স্বীকারও করেননি মুখ খুলে।
অভিনেতা কারান সিং গ্রোভারের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দায়, অনেকগুলো হিন্দি সিরিয়ালে কাজ করার ‘অ্যালোন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। ইতোমধ্যে দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘হেইট স্টোরি থ্রি’ খ্যাত এই অভিনেতা। বিয়ে করেছিলেন টিভি তারকা শ্রদ্ধা নিগম এবং জেনিফার উইঙ্গেটকে।
এদিকে বিপাশার এটাই প্রথম বিয়ে। ৩৭ বছর বয়সী বিপাশা নব্বইয়ের দশকে প্রেম করেছেন মডেল ও অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে, এরপর আরেক মডেল ও অভিনেতা জন অ্যাব্রাহামের সঙ্গে এক ছাদের নিচে বসবাস করেছেন আট বছর। জনের পর কিছুদিন প্রেম চলে অভিনেতা হারমান বাওয়েজার সঙ্গেও, তবে কোনো সম্পর্কই তার বিয়ে পর্যন্ত গড়ায়নি।
