কাঙ্গানার ব্যক্তিগত ছবি ফাঁস করেছেন হৃত্বিক?
হৃত্বিক রোশানের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তগুলো এখন কাল হয়ে দাড়িয়েছে অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াতের জন্য। কাঙ্গানার অভিযোগ, হৃত্বিককে পাঠানো তার কিছু ব্যক্তিগত ছবি এবং ইমেইল এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে, যার জন্য তিনি দায়ী করছেন হৃত্বিককেই।
সাবেক জুটির যুদ্ধ আরো খারাপ দিকে মোড় নিয়েছে কাঙ্গানার এই অভিযোগ আনার পর। সম্প্রতি মুম্বাই পুলিশ কমিশনারের কাছে হৃত্বিকের বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেন কাঙ্গানার আইনজীবী।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, হৃত্বিকের বিরুদ্ধে কাঙ্গানার মানহানীর অভিযোগ এনেছেন তার আইনজীবী রেজওয়ান সিদ্দিকি।
কমিশনারকে পাঠানো ইমেইলে রেজওয়ান লেখেন, "আমার মক্কেল কাঙ্গানা রানাওয়াতের কিছু ব্যক্তিগত ছবি এবং গোপন ইমেইল রয়েছে হৃত্বিকের কাছে, যা তিনি তাদের সম্পর্ক থাকাকালীন হাতিয়ে নেন। এখন নিজের স্বার্থ উদ্ধারের জন্য সেগুলো ফাঁস করে দিয়েছেন হৃত্বিক, যা আমার মক্কেলের সম্মান নষ্ট করছে।"
হৃত্বিকের সঙ্গে কাঙ্গানার রেষারেষি শুরু হয় কাঙ্গানার দেয়া একটি সাক্ষাৎকারের পর থেকে, যেখানে হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। নিজেদের মনোমালিন্যকে আইনি রূপ দেন হৃত্বিক, তিনিই প্রথম কাঙ্গানাকে আইনি নোটিস দিয়ে সতর্ক করেন, জনসম্মুখে তাকে নিয়ে এ ধরনের কথা না বলতে।
এরপর থেকে চলছে তাদের পাল্টাপাল্টি আইনি লড়াই। ২০১৩ সালে ‘কৃশ থ্রি’র শুটিংয়ের সময় প্রেম হয় হৃত্বিক-কাঙ্গানার, তাদের বিচ্ছেদও হয়েছিল পর্দার আড়ালেই। অবশেষে অতি সম্প্রতি বেরিয়ে আসে থলের বিড়াল।
