আবার একসঙ্গে ভিরাট-আনুশকা
নিজেদের প্রেমের ব্যাপারে যেমন মুখ খোলেননি, তেমনি স্বীকার করেননি বিচ্ছেদের কথাও। বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও একসঙ্গে দেখা গেল ভিরাট কোহলি এবং আনুশকা শর্মাকে।
অভিনেত্রী আনুশকা এতদিন ব্যস্ত ছিলেন সালমান খানের বিপরীতে নতুন সিনেমা ‘সুলতান’- এর কাজে, অপরদিকে ভিরাটকে সময় দিতে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজ নিজ ক্যারিয়ারে ব্যস্ত থাকার কারণে বেশ কিছু দিন একসঙ্গে দেখা যায়নি দুজনকে, আর এরই মধ্যে তাদের বিচ্ছেদের খবর চাউর হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় নৈশভোজ সারতে দেখা গেছে এই তারকা জুটিকে। অভিসার শেষে বের হয়ে বাড়ি ফেরার পথে পাপারাজ্জিদের নজরে পড়লেও বেশ সাবলীল ছিলেন দুজন।
পরে যার যার গাড়িতে করে বাড়ি ফিরে যান ভিরাট-আনুশকা। পুরোটা সময় তাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব কিংবা মনোমালিন্য হয়েছে বলে মনে হয়নি, জানায় প্রত্যক্ষদর্শীরা।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যকে কেন্দ্র করে নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের শিকার হয়েছিলেন আনুশকা। টুইটার ব্যবহারকারী অনেক ভারতীয় বলছিলেন, আনুশকার সঙ্গে দূরত্ব সৃষ্টির পরই ভাল খেলছেন ভিরাট।
ভক্তদের এই ধরনের মন্তব্য ভিরাট ভালভাবে গ্রহণ করতে পারেননি। মন্তব্যকারীদের কঠোর সমালোচনা করে আনুশকার পক্ষই নেন ভিরাট।
