‘কষ্ট চিরতরে দূর হলো'
চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল তার তিন দশকের কর্মক্ষেত্র বিএফডিসিতে। সেখানে প্রযোজক-পরিচালক সমিতির কার্যালয়ের সামনে সোমবার বিকেলে বাদ আসর অনুষ্ঠিত হয় তার নামাযে জানাজা।
জানাজায় অংশ নিতে এবং দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে হাজির হয়েছেন রূপালী জগতের অনেক চেনা মুখ। চিত্রনায়ক রুবেল, চলচ্চিত্রে যার সুপরিচিত হয়ে ওঠা খোকনের হাত ধরেই, বললেন, “অনেকদিন ধরেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে কষ্ট পাচ্ছিলেন তিনি। তার সেই কষ্ট চিরতরে দূর হল।”
চিত্রনায়ক আলমগীর বলেন, “এখন শহীদুল ইসলাম খোকনের আত্মা কেবল তখনই শান্তি পাবে, যখন আমরা তার জন্য প্রার্থনা করবো। সেটাই তাঁর প্রতি এখন আমাদের একমাত্র কর্তব্য।”
গুণী এই নির্মাতাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও। তিনি বলেন, “আশি ও নব্বইয়ের দশকে তিনি চলচ্চিত্রে তার কুশলতার ছাপ রেখেছেন। অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী তাঁর হাত ধরে এদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে। তিনি প্রেক্ষাগৃহে মানুষকে টেনে এনেছেন। আজকে যখন আমরা চলচ্চিত্রের নবযাত্রা শুরু করছি, তার অভিজ্ঞতা, তার নির্মাণ কুশলতা আমাদের অনেক প্রয়োজন ছিল। তার না থাকাটা তাই অপূরণীয় ক্ষতি। আমি আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, তথ্য মন্ত্রনালয়ের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানাই।”
ছবি: সেঁজুতি শোণিমা নদী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ছবি: সেঁজুতি শোণিমা নদী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বর্ষীয়ান অভিনেত্রী আনোয়রা তার সঙ্গে কাজের স্মৃতি হাতড়ে বললেন, “অনেক ভাল মনের মানুষ ছিলেন তিনি। তিনি যখন কোনো মেয়ের সঙ্গে কথা বলতেন, মনে হতো যেন প্রেম করছেন। এতটাই রোমান্টিক ছিলেন তিনি। সব সময় মুখে হাসি নিয়ে কথা বলতেন। আর তার যে বিষয়টা আমার ভাল লাগতো সেটা হলো তার পান খাওয়াটা। তার কাছে পান চাইলে কখনো না বলতেন না। অল্প হলেও ভাগাভাগি করে নিতেন আমাদের সঙ্গে।”
ছবি: সেঁজুতি শোণিমা নদী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
খোকনকে শেষ শ্রদ্ধা জানাতে আরো এসেছিলেন ফরিদুর রেজা সাগর, সোহেল রানাসহ অনেকে।
