২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতের হারের দাম কত?'

২০০০ সালের ডিসেম্বর মাসটি ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য এক কালো অধ্যায়। ম্যাচ ফিক্সিং বিতর্কে ভারতের অধিনায়ক আজহারউদ্দিনকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয় সব ধরনের ক্রিকেট থেকে।এই ঘটনাসহ ক্রিকেটার আজহারউদ্দিনের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘আজহার’। আর ট্রেইলারেই চোখে পড়েছে আজহারের ঘটনাবহুল জীবনের নানা ঝলক। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সিনেমায় আজহারউদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন এমরান হাশমি। আজহারউদ্দিন হিসেবে ট্রেইলারে হাশমি ছিলেন যথেষ্ট স্বচ্ছন্দ্য। এমনকি ভারতের সাবেক এই অধিনায়কের একপাশে ঝুঁকে হাঁটার কায়দাটিও ভালভাকেই রপ্ত করতে পেরেছেন তিনি।

দু মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেইলারটি ইঙ্গিত দিচ্ছে নাটকীয়তায় মোড়া এক সিনেমার। ক্যারিয়ারের শুরু থেকেই ফর্ম নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া আর ব্যাট হাতে তার জবাব দেওয়া, ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে উঠে ভারতীয় ক্রিকেট দলকে সফলভাবে নেতৃত্ব দেয়া, প্রথম স্ত্রী নওরিনের সঙ্গে বিবাহিত অবস্থায় চিত্রনায়িকা সংগীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়ানো, একের পর এক মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে হতে অবশেষে ম্যাচ ফিক্সিং-এর ফাঁদে জড়িয়ে পড়ার বিষয়টিও উঠে এসেছে ট্রেইলারে। অনেকগুলো চমকপ্রদ সংলাপের এক পর্যায়ে আজহারকে বলতে শোনা যায়, 'ভারতের হারের দাম কত?'

২০০০ সালের নভেম্বরে ম্যাচ ফিক্সিং এর অপরাধে অভিযুক্ত করা হয় আজহারউদ্দিন, অজয় জাদেজা, মনোজ প্রভাকর এবংঅজয় শর্মাকে। বুকিদের সঙ্গে যোগাযোগ এবং ফিক্সিং এর অপরাধে ডিসেম্বরে আজহারউদ্দিন এবং অজয় শর্মাকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বিষয়টি আরো ঘোলাটে হয় আইসিসির সিদ্ধান্তে। ২০০৬ সালে আইসিসি এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়, এমনকি মুম্বাইয়ে ভারতের প্রাক্তন অধিনায়কদের সঙ্গে সংবর্ধনা দেয় আজহারউদ্দিনকেও।

 

বালাজি প্রোডাকশন্স সিনেমাটি নির্মাণের ঘোষনা দিয়েই আলোচনার জন্ম দিয়েছিল এর বিতর্কিত বিষয়বস্তুর জন্য। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হিন্দুস্তান টাইমসকে এমরান বলেন, “আমার পরিবার এবং বন্ধুরা যখন সিনেমাটি দেখে, তারা হতবাক হয়ে পড়েছিল। যেহেতু ঘটনাটি বিতর্কিত, সিনেমটি মুক্তির পর অনেক মানুষকেই চমকে দেবে। মানুষ একদম শুরু থেকেই আজহারের জীবনের ঘটনাগুলো অনুসরণ করে আসছে, আশি-নব্বইয়ের দশকে তার ক্যারিয়ারের সুবর্ণ সময় থেকে পরবর্তীতে ম্যাচ ফিক্সিং এর মতো বিতর্ক - যা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল।”

সিনেমায় আজহারের প্রথম স্ত্রী নওরিনের ভূমিকায় অভিনয় করেছেন প্রাচি দেসাই আর সংগীতা বিজলানির ভূমিকায় অভিনয় করেছেন নাগর্িস ফাখরি। এছাড়া আইনজীবীর ভূমিকায় দেখা গেছে লারা দত্তকে।

টনি ডি’সুজার পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ১৩ মে।