'কি অ্যান্ড কা'র রেকডর্ গড়া সূচনা
'কি অ্যান্ড কা' সিনেমাটি নিয়ে প্রত্যাশার পারদটা চড়াই ছিল। তথাকথিত পারিবারিক কাঠামোর বাইরে এক দম্পতির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ভালো সূচনা করেছে ভারতীয় বক্স-অফিসে।
১ এপ্রিল মুক্তি পেয়ে প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি আয় করে নিয়েছে ৭ কোটি ৩০ লাখ রুপি।
বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি বাগিয়ে নিয়েছে ‘কি অ্যান্ড কা’। বড় শহরগুলোতে প্রথম দিনেই হলগুলোতে সিনেমাটি দেখতে দর্শক উপস্থিতি ছিল ৪০ থেকে ৫০ শতাংশ। শনি এবং রবিবারও ভাল ব্যবসার দিকে এগুচ্ছে সিনেমাটি।
সাধারণত উচ্চাভিলাষী পুরুষ অর্থের পেছনে ছোটেন আর তার ঘরনী হিসেবে স্ত্রী গৃহস্থালী সামলান। আর বালকি এই প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন 'কি অ্যান্ড কা' সিনেমায়। সিনেমায় কিয়া নামের এক উচ্চাকাঙ্ক্ষী নারীর ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুর খান। আর তার স্বামী কাবিরের ভূমিকায় দেখা গেছে অর্জুন কাপুরকে, যার একমাত্র স্বপ্ন মায়ের মতো গৃহকর্মে পারদর্শী হওয়া।
এমন সাহসী এক চিত্রনাট্য নিয়ে সিনেমা নির্মাণের সুবাদে বলিউড মহলে বেশ প্রশংসাই কুড়িয়েছেন আর বালকি। অমিতাভ বাচ্চান, কারান জোহারের মত প্রথিতযশা ব্যক্তিত্বরা টুইট করে বালকিকে অভিবাদন জানিয়েছেন এমন প্রথাবিরোধী কাজের জন্য।
