২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজনিকান্তকে দুধ উৎসর্গ বন্ধ

দক্ষিণ ভারতের মহাতারকা রজনীকান্তকে নিয়ে তার ভক্তদের অতি উৎসাহের কথা কারো অজানা নয়।  তবে এবার তাতে পানি ঢেলে দিল আদালত।  সম্প্রতি, এই মহাতারকা যেন ‘স্বেচ্ছায়’ তার ভক্তদের নিজের প্রতিকৃতিতে দুধ ঢালার ব্যাপারে 'নিষেধ করেন’ - এমনই আদেশ জারি করেছেন ভারতের একটি আদালত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 07:56 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

ভক্তদের কাছে দেবতাতুল্য এই তারকার জন্য মন্দির নিমর্াণের ঘটনাও ঘটেছে ভারতে। রজনিকান্তের সিনেমা মুক্তিকে উপলক্ষ করে তার অনেক ভক্ত ‘পাল অভিষেকম’ নামের একটি আচার পালন করে থাকেন, যাতে তার ছবিযুক্ত ব্যানার এবং তার প্রতিকৃতিতে দুধ ঢেলে তার সমাদর করা হয়। 

এই রীতি বন্ধ করার জন্যই আদালতের আশ্রয় নিয়েছেন  ডক্টর আই এম এস মানিভান্নান নামের এক সমাজকর্মী। গত ২৬ মার্চ আদালতে এই ব্যাপারে মামলা দায়ের করেন তিনি।  এরই ভিত্তিতে এবার আদালত থেকে রজনিকান্তের ভক্তদের প্রতি এমন নির্দেশ এলো।  বিশেষ করে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মবিভূষণে রজনিকান্তকে ভূষিত করার দিন যেন এ ধরনের কিছু না ঘটে, সে ব্যাপারে নির্দেশ জারি করেছেন আদালত।

মানিভান্নান জানান তারকার প্রতি সম্মান জানাতে গিয়ে এত দুধ নষ্ট করা মোটেও ঠিক নয়। তিনি বলেন, “এই দেশে (ভারতে) অনেক শিশু অপুষ্টিতে ভুগছে, এই খাবার দুধ তাদের দিয়ে দেয়া উচিৎ। রজনিকান্তের উচিৎ তার ভক্তদের দুধ নষ্ট করতে নিষেধ করা”।

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ এপ্রিল।