পরীর আলোয়, আঁধারে শিলা
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’ সিনেমাটি। সিনেমায় যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও শিরিন শিলা। শিলা বলছেন, সিনেমায় তার চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও পোস্টারে পরীমনিই প্রাধান্য পেয়েছেন।
এ ব্যাপারে গ্লিটজকে শিরিন শিলা বললেন,“সিনেমায় পরীমনি ও আমি দুজনই যমজ বোনের চরিত্রে অভিনয় করেছি। সিনেমার গল্পে আমাদের দুই বোনের কোনো প্রেম-ভালোবাস উঠে আসেনি বরং আমাদের জীবনের সংগ্রামকে তুলে ধরা হয়েছে। তাই পোস্টারে পরীমনি ও আমাকে সমানভাবে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা উচিত। তাহলে কেন পোস্টারের ক্ষেত্রে আমাকে সমান গুরুত্ব দেয়া হবে না। সিনেমার গল্পে যদি আমার সমান ভূমিকা থাকে তাহলে পোস্টারে কেন আমার অবস্থান সমান হবে না। আমি তো ক্যারেক্টার আর্টিস্ট নই বরং সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা নায়িকা। কেননা ইতোমধ্যে আমি বেশ কিছু সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছি। এছাড়াও বতর্মানে আমি বেশ কয়েকটি সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছি। একজন অভিনেত্রী হিসেবে আমারও তো মিডিয়ায় একটি ভাবমূর্তি রয়েছে।”
সিনেমায় দেখা যাবে, দুই যমজ বোন জন্ম থেকেই একে অপরের সঙ্গে যুক্ত। ঘটনাচক্রে মামার খুনের অভিযোগে অভিযুক্ত হয় একজন। অপরজনকেও বইতে হয় সে অপরাধের বোঝা। সিনেমায় পরীমনি ও শিলা ছাড়াও অভিনয় করেছেন রাজ্জাক, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, আল মামুন, ইরফান সাজ্জাদ, আফজাল শরীফসহ আরো অনেকে।
ইমপ্রেস টেলিফিল্মসের ব্যানারে র্নিমিত ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমাটি ১ এপ্রিল ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন র্নিমাতা।
