পরীমনির যমজ বোনটি কে?
দুই বোন - পৃথিবীর আলো তারা দেখেছেন একই সঙ্গে। সত্যিকার অর্থেই তারা অবিচ্ছেদ্য। এদের মধ্যে একজন পরীমনি, আরেকজন কে?
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমাটি, যেখানে প্রথমবারের মতো যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও শিরিন শিলা।
সিনেমাটি সম্পর্কে গ্লিটজকে পরীমনি বললেন,“ প্রথমবারের মতো যমজ চরিত্রে এই সিনেমায় আমাকে দেখতে পাবে দর্শক। ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমাটি আমার ক্যারিয়ারের শুরুর দিকে চুক্তিবদ্ধ হওয়া পাঁচ নম্বর সিনেমা। ইতোমধ্যে আমার সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি হবে আমার মুক্তি প্রাপ্ত আট নম্বর সিনেমা। আশা করি সিনেমাহলে দর্শকরা সিনেমাটি বেশ উপভোগ করবে।”
শিরিন শিলা সিনেমাটি নিয়ে বললেন, “যমজ চরিত্রে অভিনয় এবারই প্রথম। শুধু তাই নয় পরীমনির সাথেও এটা আমার প্রথম কাজ। এই সিনেমায় কোনো প্রচলিত কিংবা তথাকথিত প্রেম ভালোবাসা নয় বরং দুই বোনের জীবনের বন্ধন, সংগ্রাম ও সুখ-দুঃখের গল্প দেখতে পারবে।”
সিনেমায় দেখা যাবে, দুই যমজ বোন জন্ম থেকেই একে অপরের সঙ্গে যুক্ত। ঘটনাচক্রে মামার খুনের অভিযোগে অভিযুক্ত হয় একজন। অপরজনকেও বইতে হয় সে অপরাধের বোঝা।
মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজ্জাক, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, আল মামুন, শিরিন শিলা, ইরফান সাজ্জাদ, আফজাল শরীফসহ আরো অনেকে।
ইমপ্রেস টেলিফিল্মসের ব্যানারে নির্মিত ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমাটি ১ এপ্রিল ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা গ্লিটজকে নিশ্চিত করেছেন গুলজার।
