২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাই সিনেমায় পাঁচ নতুন মুখ!   

ঢাকাই সিনেমায় নতুনের জোয়ারে প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনা কিংবা দেশি সিনেমার মাধ্যমে প্রতিনিয়ত অভিষেক ঘটছে নতুন নতুন মুখের। সেই কাতারে যুক্ত হলেন পাঁচ নতুন চেহারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 12:13 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

২৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ও সোহেল বাবুর ‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমা দুটি। এই সিনেমা দুটির মাধ্যমে ঢাকাই সিনেমায় নতুনদের তালিকায় যোগ হবেন পাঁচ অভিনয়শিল্পী। ‘আইসক্রিম’ সিনেমায় দেখা মিলবে তিন নবাগত উদয়, রাজ ও নাফিসা তুশির। এদের কারো অভিনয়ের কোনো অভিজ্ঞতা কিংবা অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ২০১৪ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন নাফিসা তুশি। আর উদয়ের রয়েছে র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা।

অন্যদিকে সোহেল বাবুর ‘বাজে ছেলে দ্য লোফার’ সিনেমায় বাপ্পী সাহার বিপরীতে অভিনয় করেছেন নবাগতা জেনেট ও আরশি। এদের মধ্যে ভিট চ্যানেল আই টপ মডেল আসর থেকে আসা জেনেট কিছুদিন র‌্যাম্প মডেলিং ও ছোট পর্দায় কাজ করলেও সিনেমায় কাজ করলেন প্রথমবারের মতো। বিনোদন জগতে আরশির এটাই প্রথম কাজ।

এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে যৌথ প্রযোজনার সিনেমা ‘অঙ্গার’ - এর মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হয়েছিলো জাজ মাল্টিমিডিয়ার নতুন আবিস্কার জলি। আসছে দিনগুলোতে ঢাকাই সিনেমায় আসা যাওয়ার খেলায় মাহিয়া মাহি,পরীমনি, নুসরাত ফারিয়া কিংবা আরেফিন শুভর মতো নিজেদের অবস্থান কারা শক্ত করতে পারবেন সেটা সময়ই বলে দেবে।