২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম নেই, তবুও আনুশকার পাশে ভিরাট

প্রেম করলেও দোষ, না করলেও দোষ - অনেকটা এমনই হাল হয়েছে আনুশকা শর্মার। যখন প্রেম চলছিল, তখন প্রেমিক ভিরাট কোহলির খারাপ পারফর্ম্যান্সের দোষ পড়েছে তার ঘাড়ে। সম্পর্ক ভাঙার পরও আনুশকাকে শুনতে হচ্ছে নানা অপবাদ। আর বরাবরের মতো তার পাশে এসে দাড়িয়েছেন ভিরাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 06:10 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

টি টোয়েন্টি বিশ্বকাপে মূলত ভিরাটের কাঁধে ভর করেই এগিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু একটা সময় ছিল, যখন দলের পরাজয়ের দায়ভারও ভিরাটকেই নিতে হয়েছে। ভিরাটের খারাপ পারফর্ম্যান্সের জন্য তখন দায়ী করা হয়েছিল তার প্রেমিকা আনুশকাকে। এবার যখন ভিরাট ভাল খেলছেন, তখন বলা হচ্ছে আনুশকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কারণেই পারফর্ম্যান্স ভালো হচ্ছে তার।

ভিরাটের সাফল্য যেন কাল হয়ে দাড়িয়েছে আনুশকার জন্য। সামাজিক যোগাযোগে মাধ্যমে তাকে নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ট্রল। বিচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু সাবেক প্রেমিকার নামে এই ধরনের উপহাস শুনতে একদমই ভালো লাগেনি ভিরাটের।

সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করে সেসব ভক্তদের ধিক্কার জানান ভিরাট, যারা তার সাফল্যের জন্য আনুশকার সঙ্গে বিচ্ছেদকে দায়ী করছেন।

২৮ মার্চ পরপর দুটি ছবি পোস্ট করে প্রতিবাদ জানান ভিরাট। প্রথম পোস্টে লেখা ছিল, “আনুশকা শর্মাকে একনাগাড়ে ট্রল করছেন যারা, তাদের লজ্জা হওয়া উচিৎ। একটু দয়া নেই আপনাদের মনে? আনুশকা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে সব সময়।”

ইন্সট্রাগ্রামে আরেকটি পোস্ট করেন ভিরাট, যেখানে মনের কথা বিস্তারিত লেখেন তিনি।

“আনুশকাকে যারা দীর্ঘদিন ধরে অপবাদ দিয়ে আসছেন তাদের সত্যিই লজ্জা হওয়া উচিৎ। তারা নিজেদের শিক্ষিত বলে দাবী করেন। আমার কাজ এবং খেলার সঙ্গে আনুশকার কোনো সম্পর্ক নেই, এরপরও আপনারা তাকে নিয়ে উপহাস করছেন, সব কিছুতে তাকে দোষ দিচ্ছেন। এই পোস্ট থেকে আমার কোনো বাড়তি শ্রদ্ধা পাওয়ার ইচ্ছা নেই। নিজের মনকে বড় করুন, তাকে একটু সম্মান দিন। একবার ভেবে দেখুন আপনার বোন কিংবা প্রেমিকার কেমন লাগত যদি তাকে নিয়ে কেউ এভাবে ট্রল করতো এবং জনসম্মুখে অপমান করতো।”

প্রায় দুই বছর প্রেমের পর সম্প্রতি বিচ্ছেদ হয়েছে ভিরাট-আনুশকার। তবে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখেছেন তারা।