ব্যাটম্যান-সুপারম্যানের লড়াইয়ে বিপাকে 'রকি হ্যান্ডসাম'
'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস' জ্বরে এখন কাঁপছে পুরো বিশ্ব। সিনেমাটি ঝড় তুলেছে প্রায় প্রত্যেকটি দেশের বক্স-অফিসে। ভারতের বক্স-অফিসের সিনেমাটির দৌরাত্মে মার খেয়ে গেছে জন অ্যাব্রাহামের বহুল প্রতীক্ষিত সিনেমা 'রকি হ্যান্ডসাম’।
মার্কিন সাময়িকী ফোর্বস বলছে, প্রথম সপ্তাহেই 'ব্যাটম্যান ভি সুপারম্যান: ডন অফ জাস্টিস' ভারতে আয় করে নিয়েছে ৪৪ কোটি ২০ লাখ রুপি। এই সিনেমাটিই বলিউডের ইতিহাসে মার্চ মাসের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমা, এমনকি ভারতে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে সবচেয়ে সফল সিনেমাও এখন 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান'। আর এদিকে দীর্ঘ দিন পর জন অ্যাব্রাহাম ফিরেছেন হিন্দি সিনেমার পর্দায়। তার অ্যাকশনে ভরপুর সিনেমা 'রকি হ্যান্ডসাম' কে দর্শক গ্রহণ করেনি শুধুমাত্র 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান' সিনেমাটি একই সময় মুক্তি পাওয়ায়। চার দিনে সিনেমাটির আয় মাত্র ১৬ লোটি ১২ লাখ রুপি।
এ বছর ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর অভিনীত 'ফিতুর' সিনেমাটি। দুর্ভাগ্যবশত, সে সময় ভারতের বক্স-অফিসে দাপুটে ব্যবসা করে মারভেলের সুপারহিরো সিনেমা 'ডেডপুল'। ডেডপুলের প্রথম সপ্তাহের আয় ৩০ কোটি রুপি ছাড়ালেও 'ফিতুর' এর আয় ছিল মাত্র ২০ কোটি রুপি।
ভারতীয় সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন, হলিউডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এবং সুপারহিরো সিনেমাগুলোর দৌরাত্ম্যে ভবিষ্যতে মুখ থুবড়ে পড়তে পারে বলিউডি সিনেমাগুলো। গত বছরও 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন' ভারতে মুক্তি পাওয়ার পর বলিউডি সিনেমার ব্যবসায় ভাটা পড়েছিল উল্লেখযোগ্যভাবে।
