২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে অমিতাভ, কাঙ্গানার প্রতিক্রিয়া

৪৬ বছরের ক্যারিয়ারে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন পুরস্কার পেয়েছেন অঢেল। তবু চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের খবরে বিনীতভাবে বললেন, ‘ধন্যবাদ’। অন্যদিকে তার অর্ধেকেরও কম বয়সী কাঙ্গানা রানাওয়াত ইতোমধ্যে তিনটি জাতীয় পুরস্কার ঘরে তোলার পর ভাবছেন পুরস্কার গ্রহণের সময় কোন পোশাক পরবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:41 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ২৯ মার্চ।

‘পিকু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পাওয়া অমিতাভ বচ্চন ইন্ডিয়ান এক্সপ্রেসকে পাঠানো এক বার্তায় জানান, “ধন্যবাদ। তোমাদের প্রতি কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ (ইংরেজি বর্ণে লেখা বাংলা)। ধন্যবাদ (ইংরেজি বর্ণে লেখা হিন্দি)।”

৭৩ বছর বয়সী তারকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন চতুর্থবারের মতো। ১৯৯০ সালে ‘অগ্নিপথ’ সিনেমার জন্য পান প্রথমটি, এরপর দ্বিতীয় ও তৃতীয়টি যথক্রমে ২০০৫ ও ২০০৯ সালে ‘ব্ল্যাক' ও ‘পা'র জন্য।

অন্যদিকে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য কাঙ্গানা নির্বাচিত হয়েছেন সেরা অভিনেত্রী। টানা দ্বিতীয়বারের মতো ঘরে তুলেছেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত বছরই ‘কুইন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালের ‘ফ্যাশন’ সিনেমার জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার ঘরে তোলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “জন্মদিনে এখন পর্যন্ত পাওয়া উপহারের মধ্যে এটিই সেরা। আমি রোমাঞ্চিত এবং একই সঙ্গে নিজেকে ধন্য মনে করছি। বিশেষত জনাব বচ্চন আমার সঙ্গে সেরা অভিনেতা হওয়ায়। এখন ভাবছি পুরস্কার বিতরণীর দিন কোন পোশাক পরবো।”

২৩ মার্চ ২৯-এ পা দিয়েছেন ‘কৃশ থ্রি’ অভিনেত্রী। পিঙ্কভিলাকে তিনি আরো বলেন, “আমি এখন মানালি, আমার নানীর বাড়িতে এবং ডাক পেলেই ‘রাঙ্গোলি’র কাজ শুরু করবো। আমরা আবেগে বিহ্বল। আমার মা খবর শুনে কাঁদছে। অভাবিত এক ঘটনা এবং আমরাও অভিভূত।”