২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা ছিলাম শব্দসৈনিক'

শাহীন সামাদ বাংলাদেশের প্রথিতযশা সংগীতশিল্পী। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক এবং নারী মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য হয়ে শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প এবং মুক্তাঞ্চলে সংগীত পরিবেশন করেছেন এবং মুক্তিযুদ্ধের জন্য জনমত গঠন ও অর্থ সংগ্রহের কাজ করেছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 11:40 AM

Updated : 12 Apr 2022, 01:43 AM

শিল্পকলায় বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন শাহীন সামাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে গ্লিটজের পাঠকদের শোনালেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার বিভিন্ন অভিজ্ঞতার কথা।

গ্লিটজ: এদেশের সাংস্কৃতিক আন্দোলনে আপনার যোগ দেয়ার প্রাথমিক গল্পটা শুনতে চাই।

শাহীন সামাদ: পাঁচ বছর বয়স থেকেই আমি গানের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে বাবা মায়ের অনুপ্রেরণাই ছিল প্রধান। জলপাইগুড়িতে আমার শৈশবের একটি বড় অংশ কেটেছে। সেখান থেকে ঢাকায় এসে বাড়িতে গান শেখা শুরু হয়।

১৩ বছর বয়সে আমি ছায়ানটে যোগ দেই। সেটা ১৯৬৪ সাল। সেখানে সংগীত শেখা শুরু করি। ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ ফুল মোহাম্মদ, সোহরাব হোসেন, অঞ্জলি রায়, আজাদ রহমান এবং অন্যদের কাছে গান শিখতাম। সে সময় ড. সনজিদা খাতুন ও ওয়াহিদুল হকের প্রতিষ্ঠিত ছায়ানট ছিল এদেশের গণ মুক্তি আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের একটি পীঠস্থান। বাঙালি জাতীয়তাবাদের ও বাঙালির সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠায় ছায়ানটের অবদান অবিস্মরণীয়।  তো যা বলছিলাম, ছায়ানটের সূত্রেই আমি এই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ি।

গ্লিটজ:‘বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা’তে কবে এবং কিভাবে যোগ দিলেন?

শাহীন সামাদ: ১৯৭১ সালের পঁচিশে মার্চ ভয়াবহ কালরাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনি ঢাকায় হত্যাযজ্ঞ শুরু করে। অপারেশন সার্চ লাইট নাম দিয়ে তারা এই পৈশাচিক হত্যা শুরু করল। তারা বাঙালিদের উপর নির্বিচারে গণহত্যা চালায়। আমি আমার পরিবারের সঙ্গে তখন ঢাকায়। সারা শহর আতংকে স্তব্ধ, কারফিউ চলছে। সেসব দিন বড় ভয়ংকর। ঘরে ঢুকে বাঙালিদের হত্যা করা হচ্ছে। যে যেভাবে পারছে শহর ছেড়ে, দেশ ছেড়ে পালাচ্ছে জীবন বাঁচাতে। ১৮ এপ্রিল আমি পরিবারের সঙ্গে ঢাকা ছাড়লাম। প্রথমে আগরতলা তারপর কলকাতায় পৌঁছালাম।

কলকাতায় শুনলাম ১৪৪ লেনিন সরণীতে বাংলাদেশের মুক্তিসংগ্রামী শিল্পী ও সংস্কৃতি কর্মীরা একত্রিত হচ্ছেন। সেখানে ছিলেন ড. সনজিদা খাতুন, ওয়াহিদুল হক, আলি জাকের, মাজহার সাহেব, হাসান ইমাম, লায়লা হাসান, কিরণ চন্দ্র রায়, ডালিয়া নওশীন, স্বপন চৌধুরী, আসাদুজ্জামান নূর, মুস্তাফা মনোয়ারসহ আরো অনেকে। কলকাতায় বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রায় সকলেই আমাদের সঙ্গে ছিলেন। কলকাতার বুদ্ধিজীবীরাও আমাদের সঙ্গে ছিলেন। তারাশংকর বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, হেমন্ত মুখোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রসহ প্রত্যেকেই আমাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহানুভূতিশীল সকলেই এর সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা গঠিত হয়। এপ্রিলের ২৪-২৫ তারিখে আমি তাতে যোগ দেই।

আমরা মূলত দেশের গান করতাম। প্রচলিত গণসংগীত, দেশপ্রেমমূলক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত সবই গাওয়া হতো। অনেক নতুন গান লেখা হতো| মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, রণাঙ্গনে যারা যুদ্ধ করছেন তাদের অনুপ্রেরণা দান, শরণার্থী শিবির পরিচালনার জন্য অর্থ সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রচুর অনুষ্ঠান করতাম আমরা। পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চ্যারিটি অনুষ্ঠান করতাম। দিল্লিতে অনুষ্ঠান করেছি। আকাশ বাণীতে অনুষ্ঠান করেছি। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান তো ছিলই। আমরা ট্রাকে করে কোনো স্থানে গিয়ে অনুষ্ঠান করতাম। শরণার্থী শিবিরে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছাতাম। সেখানে অনুষ্ঠান হতো। সীমান্তে যেখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলছে সেখানেও অনুষ্ঠান হতো। তারা অনুপ্রাণিত হতেন। যুদ্ধ জয়ের মনোবল সংগ্রহ করতেন। সীমান্তের বিভিন্ন শরণার্থী শিবিরে অসংখ্য অনুষ্ঠান করেছি। অধিকাংশ স্থানে আমরা যেতাম ট্রাকে করে। সে সময় আমাদের দলে ছিলেন নায়লা জামান ও লুবনা মরিয়ম, তারা দুইবোন, আরো ছিলেন স্বপন চৌধুরি, মাহমুদুর রহমান বেণু, বিপুল ভট্টাচার্য, শারমিন মুর্শেদ, দেবব্রত চৌধুরি, লতা চৌধুরি, দুলালচন্দ্র শীল, তারেক আলি। এই দলটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরো অনেকে জড়িত ছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে শরণার্থী শিবির ও গ্রামগুলোতে যখন গিয়েছি তখন দেখেছি ঘর বাড়ি ছেড়ে আসা মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট। তাদের মুখে শুনেছি পাকিস্তানি সেনাবাহিনির নির্মম নির্যাতনের কথা, গ্রামকে গ্রাম উজাড় করে দেওয়ার কথা, অগ্নি সংযোগ, ধর্ষণ ও হত্যার কথা। সীমান্ত এলাকার ট্রেনিং ক্যাম্পগুলোতেও গান করতে যেতাম। সেখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলতো। তারা দেশের জন্য যুদ্ধে জীবন দিতে প্রস্তুত, তাদের সঙ্গে আলাপ হতো। সে সময় সংস্কৃতি ছিল আমাদের জন্য যুদ্ধের হাতিয়ার। আমরা ছিলাম শব্দসৈনিক।
 

গ্লিটজ: ১৯৭১ সালে মুক্তাঞ্চলে যাবার অভিজ্ঞতা বলুন।

শাহীন সামাদ: সেটা ১৯৭১ সালের নভেম্বর মাস। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ক্রমশ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনি পিছু হটছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চল একটু একটু করে মুক্ত হচ্ছে। আমরা প্রথমে অনুষ্ঠান করতাম সীমান্ত অঞ্চলে। তারপর নভেম্বর মাসে প্রথম গেলাম যশোরে। আগে আমাদের এসব অঞ্চলে যাবার অনুমতি দেওয়া হয়নি। কারণ বিষয়টি ছিল খুব ঝুঁকিপূর্ণ ও বিপদজনক। প্রথমে আমরা মুক্ত বাংলাদেশের ভিতরে যাই নৌকা করে। নিজের দেশের মুক্ত মাটিতে পা রাখার অনুভূতি ছিল অসাধারণ। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যাই। আমাদের গান শুনে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতেন। আমরা গান করতাম, পাপেট নাটক দেখাতাম। যার মাধ্যমে টিক্কা খান, ভুট্টো, রাও ফরমান আলি, ইয়াহিয়া খান এদের জঘন্য অপরাধের কথা উঠে আসতো। রাজাকার, আলবদর বাহিনির অত্যাচারের কথা থাকতো। মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা থাকতো। দর্শকরা এসব দেখতে ভালোবাসতো। ছোট ছোট নাটকও করতাম। সেখানে জীবন মৃত্যুর লড়াই চলছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাবেন। হয়তো কেউ কেউ আর ফিরবেন না। আমাদের গান শুনে তাদের মনোবল চাঙা হতো। তারা লড়াইয়ের, আত্মত্যাগের আরো বেশি প্রেরণা পেতেন। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের মানুষ নতুনভাবে বাঁচার প্রেরণা পেতেন। গান তো মানুষরে অন্তরকে স্পর্শ করে, মানুষকে জাগিয়ে তোলে, বাঁচিয়ে তোলে তাই না? দেশের গান, গণসংগীত মানুষকে আলোকিত করে, তাকে যুদ্ধজয়ের শক্তি জোগায়। গানের তো অনেক শক্তি, শুভ শক্তি।
 

গ্লিটজ: দেশ স্বাধীন হওয়ার পরও তো আপনি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

শাহীন সামাদ: আমি সব সময়ই এদেশের সাংস্কৃতিক পথযাত্রায় সামিল থেকেছি। ১৯৭৪ সালে আমি লন্ডন যাই। ফিরে আসার পরও সব সময় যুক্ত থেকেছি। দেশকে গড়ে তোলার জন্য সাংস্কৃতিক আন্দোলন তো খুবই জরুরি। সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। এটা আসলে একটা ধারাবাহিক কাজ। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এটা প্রবাহিত হয়। সংস্কৃতির মশাল তুলে দিতে হয় আগামি প্রজন্মের হাতে। পরবর্তী প্রজন্ম অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যায়।

গ্লিটজ: বর্তমানে যে জঙ্গিবাদ বা ধর্মীয় গোড়ামির অশুভ উত্থান চোখে পড়ছে সেটি প্রতিরোধে সাংস্কৃতিক আন্দোলন কিভাবে ভূমিকা রাখতে পারে?

শাহীন সামাদ: ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান ঘটছে সারা বিশ্বেই। এটা এখন বিশ্বের বড় সমস্যা, সভ্যতার জন্য হুমকি। এটা রুখতে সাংস্কৃতিক আন্দোলন নতুনভাবে চাই। আজকের তরুণ প্রজন্ম কিন্তু অনেক সচেতন। তারা অনেক খবর রাখে। ইন্টারনেটের দৌলতে তারা অনেক তথ্য জানে। তাদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে পারলে এটা রোখা সম্ভব। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আর আমাদেরও কাজ করতে হবে|। আমরা সবাই যদি নিজের স্বার্থের কথা ভুলে দেশের দিকে তাকাই, দেশের স্বার্থের কথা ভাবি তাহলে অনেক সমস্যা সুষ্ঠভাবে সমাধান করা যায়। হতাশা থেকে অনেক অপরাধের জন্ম হয়। অরাজকতা সৃষ্টি হয়। আমাদের ভাবতে হবে এখন নিজের কথা নয়, দেশের কথা। ’৭১ এ আমরা কিন্তু যার যার নিজের স্বার্থ ভুলে দেশের জন্য এক হতে পেরেছিলাম। এখন নতুন প্রজন্ম যদি দেশ গড়ার কাজে এক হয়ে আত্মনিয়োগ করে তাহলে অনেক কিছু সম্ভব। অনেক ভালো কিছু সম্ভব। আমরা যখন ’৭১ সালে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি তখন আমাদের মধ্যে ধর্মীয় ও অন্য কোনো ভেদাভেদ ছিল না। আমরা বাঙালি এটিই ছিল আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হইনি। মনে হতো যদি আরো কিছু করতে পারতাম। মুক্তিযুদ্ধের সময়কার সেই চেতনাটি ধারণ করা প্রয়োজন। তাহলে আমরা অনেক ভেদাভেদ, সমস্যা অতিক্রম করতে পারবো।

গ্লিটজ: একাত্তরে যুদ্ধাহত বা নির্যাতনের শিকার নারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দানের বিষয়ে আপনার মতামত কি?

শাহীন সামাদ: এটা তো খুবই ভালো উদ্যোগ। অনেক আগেই তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া প্রয়োজন ছিল। আমাদের মুক্তিযুদ্ধে নারীদের অবদান কিন্তু কোনো অংশে কম নয়। যে নারীরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা যেমন মুক্তিযোদ্ধা। তেমনি যে নারীরা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, তাদের সংবাদ সরবরাহ করেছেন, খাদ্য দিয়েছেন, আহতদের সেবা করেছেন, পাকিস্তানি সেনাদের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, যারা ক্যাম্পে বন্দি ছিলেন, যারা শহীদ হয়েছেন তারা সকলেই মুক্তিযোদ্ধা। দেরিতে হলেও তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা বর্তমান সরকারের খুবই ভালো কাজ।

গ্লিটজ: এ বছর একুশে পদক পাওয়ায় আপনাকে অভিনন্দন।

শাহীন সামাদ: ধন্যবাদ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং জুরি বোর্ডে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। জীবিত অবস্থায় যে পুরস্কারটি পেলাম সেটার জন্য কৃতজ্ঞতা।
 

গ্লিটজ: নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলুন।

শাহীন সামাদ: আমি তো বলেছি, সুস্থ সংস্কৃতির মশাল আমরা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছি। তাদের সেটা বহন করে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। দেশগ ড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে ব্যক্তি স্বার্থকে ভুলে গিয়ে। তারা পারবে। নতুন প্রজন্মের উপর আমার ভরসা আছে।