অরুণোদয়ের অগ্নিসাক্ষী: মুক্তিযোদ্ধা নারী ও যুদ্ধ শিশুকে বরণের আহ্বান
বাংলার শান্তিময় প্রকৃতি। কাশফুল,ফসলের মাঠ, বাউলের একতারায় বেজে ওঠা সুর। এই শান্তির দেশে হঠাৎ ঘনিয়ে আসে গুলির শব্দ। প্রতিবাদে মুষ্ঠিবদ্ধ হয় জনতার হাত। জন্ম হয় নতুন শিশুর। এই রূপক দৃশ্যের মাধ্যমে শুরু হয় ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রটি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে যে কটি চলচ্চিত্র মুক্তিযুদ্ধকে সার্থকভাবে ধারণ করেছে তার মধ্যে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ অন্যতম|।
কাহিনির শুরুতে দেখা যায় সদ্য স্বাধীন দেশ।জয়বাংলা শ্লোগান। বঙ্গবন্ধুর জন্য জয়ধ্বনি। যুদ্ধবিধ্বস্ত গ্রামের পথ ধরে ফিরে আসছে নির্যাতনের শিকার নারী রোমেনা। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের স্মৃতি তাড়া করে ফেরে তাকে।
শুরু হয় ফ্ল্যাশব্যাক।
কুসুমপুর গ্রামের এক সুন্দরী তরুণী রোমেনা। তরুণ কৃষক আসাদের সঙ্গে তার প্রেম। রোমেনাকে বিয়ে করতে চায় আরেক কৃষক বদরুদ্দিন।রোমেনার বাড়িতে আসাদের অবাধ যাতায়াত। আসাদকে পছন্দ করে রোমেনার বাবা, মা ছোট ভাইবোনরাও। আসাদের সঙ্গে রোমেনার বিয়ে হওয়ার পথে কোনো বাধা নেই পরিবারে। সুখি ভবিষ্যতের স্বপ্নে দুজনেই বিভোর।
একদিন গ্রামে আসে চলচ্চিত্র শুটিংয়ের দল। চলচ্চিত্রের নায়ক আনোয়ার হোসেন। পরিচালক সুভাষ দত্ত। সিনেমার শুটিং দেখতে ভিড় করে রোমেনা, আসাদ ও গ্রামের অনেকেই। সেখানে অভিনেতা আনোয়ার হোসেনের সঙ্গে আলাপ হয় রোমেনা ও আসাদের।
এদিকে পঁচিশে মার্চ রাত থেকে শুরু হয় পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। গণহত্যার স্থির চিত্র দেখা যায়। লুণ্ঠন, হত্যা ও ধর্ষণের তাণ্ডব শুরু হয়। এর পর দেখা যায় ট্রাকে করে গ্রামের পথে আসছে পাকিস্তানি সৈন্যরা। গ্রামের ঘরে ঘরে ঢুকে শুরু হয় নির্যাতন, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ। শিশুদের হত্যা করা হয়। নারীদের ধরে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। রোমেনাদের বাড়িতেও ঘাতকরা আসে।
রোমেনাকে নিয়ে যায় ক্যাম্পে। হত্যা করে তার বাবা মাকে। তবে লুকিয়ে থাকায় বেঁচে যায় ছোট দুই ভাইবোন। গুলিতে আহত হলেও বেঁচে যায় আসাদ।
কৃষক বদরুদ্দিনসহ আরো অনেক তরুণ মুক্তিযোদ্ধা হয়। শরণার্থীরা দলে দলে ছুটে যায় ভারতীয় সীমান্তের দিকে। আশ্রয় শিবিরে অসংখ্য মানুষ। শরণার্থী দলের সঙ্গে সীমান্তের দিকে পাড়ি জমান অভিনেতা আনোয়ার হোসেন|। পথে পাকিস্তানি সেনাদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে আশ্রয় নেন ঝোঁপের আড়ালে। সেখানে দেখা হয় আবার রোমেনার সঙ্গে। বন্দিশিবির থেকে পালিয়ে এসে আত্মহত্যা করতে চায় রোমেনা। তার আগে দুজনেই ধরা পড়েন, বন্দি হন।
বন্দি অবস্থায় আনোয়ার হোসেন দেখেন কি নির্মম নির্যাতন চালানো হচ্ছে বাঙালি নারীদের উপর। হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের। গ্রাম থেকে ধরে আনা সাধারণ মানুষ যারা যুদ্ধে জড়িত নয়, তাদেরকেও নির্বিচারে হত্যা করা হচ্ছে। মৃত্যুভয়ে চরম ভীত হয়ে পড়েন তিনি। কিন্তু চলচ্চিত্র নায়ক হওয়ায় এবং নিরীহ ব্যক্তি মনে করে তাকে ছেড়ে দেয় পাকিস্তানি সেনা কর্মকতর্া। ছাড়া পেয়ে আশ্রয়ের খোঁজে হাঁটতে থাকেন ক্লান্ত বিধ্বস্ত চিত্রনায়ক। দেখা হয় একদল মুক্তিযোদ্ধার সঙ্গে।তারও ইচ্ছা হয় যুদ্ধে যাবার। কিন্তু তার পরেই মৃত্যুর ভয় গ্রাস করে তাকে। তিনি যুদ্ধে যেতে পারেন না। তিনি উপলব্ধি করেন সিনেমায় বীরত্বের অভিনয় করা সহজ। কিন্তু বাস্তব জীবনে বীর হওয়া এত সহজ নয়। এক সময় মুক্তিযোদ্ধাদের একটি শিবিরে পৌঁছান আনোয়ার হোসেন। সেখানে দেখা হয় কুসুমপুর গ্রামের আহত আসাদের সঙ্গে এবং রোমেনার ছোট ভাই কিশোর মুক্তিযোদ্ধা মকসুদের সঙ্গে।
সুস্থ হয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয় আসাদ। বীরত্বের সঙ্গে যুদ্ধ করে। কলকাতায় পৌঁছান আনোয়ার হোসেন। তিনি দেখেন ক্ষুদিরাম, নেতাজী সুভাষ চন্দ্র বোসের ভাস্কর্য। উপলব্ধি হয় যে, বাঙালির স্বাধীনতা সংগ্রাম প্রকৃতপক্ষে দীর্ঘ মুক্তি আন্দোলনেরই ধারাবাহিকতা।
কলকাতার হোটেলে বসে পেট ভরে খাবার খেতে গিয়ে তার মনে পড়ে গাছতলায় বসে মুক্তিযোদ্ধাদের খাদ্যগ্রহণের দৃশ্য।
এদিকে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ চালিয়ে যায়। একটি গ্রামে কয়েকটি নারীকে পুকুরের পানিতে নামিয়ে পাক সেনারা ঘিরে রেখেছে এই খবর পেয়ে তাদের উদ্ধারের জন্য আসাদের দলকে পাঠায় কমান্ডার।
রোমেনা এবং আরো কয়েকজনকে পোশাক ছাড়া পুকুরে নামিয়ে রেখেছিল পাকিস্তানিরা|। রোমেনাকে উদ্ধার করতে গিয়ে শহীদ হয় আসাদ। ধর্ষণ ও নির্যাতনের শিকার যুদ্ধাহত নারীদের সঙ্গে ক্যাম্প থেকে রোমেনাকে উদ্ধার করে মুক্তিযোদ্ধা বদরুদ্দিন। সে নিরাপদ আশ্রয় পায়। পরে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর নির্যাতনে শহীদ হয় বদরুদ্দিন।
রোমেনা তখন অন্তঃস্বত্তা। আশ্রয় শিবিরে তার সঙ্গে দেখা হয় ছোট ভাইবোনের। আত্মহত্যা করতে চাইলেও ভাইবোনের কথা ভেবে বেঁচে থাকে রোমেনা।
কলকাতার মেসে বাস করেন আনোয়ার হোসেন। প্রতিদিন জানতে চান যুদ্ধের সংবাদ। এক সময় সত্যিই বাংলাদেশ স্বাধীন হওয়ার খবর পান তিনি। কলকাতার রাজপথে আনন্দ উল্লাস। জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু শ্লোগান, বিজয়ের আতশবাজি।
প্রথমে আনোয়ার হোসেন হন বিস্ময়ে বিমূঢ়। তারপর তিনি স্বাধীনতার চেতনায়, মুক্তির আনন্দে উদ্ভাসিত হন। নতুন দেশ গড়ার স্বপ্নে বিভোর হন তিনি। সেইসঙ্গে তার মনে পড়ে মুক্তি বাহিনীর সাধারণ মানুষের কথা। তার মনে পড়ে নিপীড়িত নারীদের কথা। তিনি ভাবেন এই নারীদের সহায়তায় কাজ করার মধ্যেই তিনি দেশের কাজ করতে পারবেন।
কুসুমপুর গ্রামে ফিরে আসেন আনোয়ার হোসেন। রোমেনার গর্ভে জন্ম নেওয়া যুদ্ধ শিশুকে কোলে তুলে নেন তিনি। যুদ্ধশিশু, যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধা নারীকে সমাজে পুনর্বাসনের কাজে আত্মনিয়োগ করেন তিনি। তার উপলব্ধি হয় এই শিশুরা স্বাধীনতার সূর্যোদয়ের লগ্নে জন্ম নিয়েছে । এরাও সমাজের অংশ।
ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। রোমেনা চরিত্রে অনবদ্য অভিনয় করেন ববিতা। বলা যায় এটি ববিতার জীবনের অন্যতম সেরা কাজ। ছবিটির পোস্টারে লেখা ছিল ‘লাঞ্ছিত নারীদের মর্যাদা দাও’। ছবিটির মূল বক্তব্য ছিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নারীকে মর্যাদাদান এবং যুদ্ধ শিশুদের বরণ করার আহ্বান।
আনোয়ার হোসেনের চরিত্র চিত্রণ চলচ্চিত্রটিতে যোগ করে ভিন্ন আবেদন। কাহিনির দিক থেকেও ছবিটি ছিল ভিন্নধর্মী।
আসাদ চরিত্রে অভিনয় করেন উজ্জ্বল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছিলেন খোকন মাসুদ, মাস্টার লুলু ও আরও অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেন সত্য সাহা। ছবিতে দারুণ লাগসইভাবে ব্যবহৃত হয় আপেল মাহমুদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানটি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান, নারীর উপর পাকিস্তানি সেনাদের বীভৎস নির্যাতন, সামাজিক অবস্থা, মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আশ্রয় শিবিরের পরিস্থিতি-এ সব কিছুই সার্থকভাবে তুলে ধরে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ধ্রুপদীর মর্যাদা পেয়েছে।
