২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দ্য প্রিন্সেস ডায়েরিজ' নিয়ে ফিরছেন অ্যান হ্যাথাওয়ে

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০০১ সালে 'দ্য প্রিন্সেস ডায়েরিজ' সিনেমাটির মাধ্যমে নিজের অভিনয় প্রতিভার জানান দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর 'দ্য প্রিন্সেস ডায়েরিজ' আবারও ফিরছে বড় পর্দায়। সেই সঙ্গে মিয়া থারমোপলিস চরিত্রে ফিরছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 01:44 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

পিপল ডট কম বলছে, 'দ্য প্রিন্সেস ডায়েরিজ' এর তৃতীয় সিনেমাটি নির্মাণের ব্যাপারে ইতোমধ্যেই চিন্তা-ভাবনা শুরু করেছেন পরিচালক গ্যারি মার্শাল। কয়েক সপ্তাহ আগে হ্যাথাওয়ের সঙ্গে দেখা করে সিনেমাটি বড় পর্দায় ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেছেন এই পরিচালক। 

২০০১ সালে প্রথম সিনেমাটি মুক্তির পর 'দ্য প্রিন্সেস ডায়েরিজ টু: রয়াল এঙ্গেজমেন্ট' মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। মেগ ক্যাবটের ২০০০ সালের উপন্যাস অবলম্বনে সিনেমাটির কাহিনি এগিয়েছে এক সদ্য তরুণীকে ঘিরে, যিনি হঠাৎই আবিষ্কার করেন যে তিনি আসলে এক রাজকুমারী। নিজের নতুন পরিচয়ের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সঙ্গে সঙ্গে নিজেকে নতুন করে চেনার গল্প উঠে এসেছে এই সিনেমায়।

তবে ফ্র্যাঞ্চাইজিটির ভক্তরা শিগগিরই প্রিয় তারকাদের এই সিনেমায় দেখতে পাচ্ছেন না। অন্তঃসত্ত্বা হ্যাথাওয়ে আপাতত নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে রেখেছেন। এ নিয়ে নির্মাতা মার্শাল বলেন, "তিনি এখন গর্ভধারণের শেষ পর্যায়ে আছেন। তার সন্তান হবার আগ পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে এবং আমি মনে করছি এখন আমরা এই অপেক্ষাটাই করবো"।

বক্স-অফিসে দারুণ সফল এই সিরিজের প্রথম কিস্তি আয় করেছিল ১৬ কোটি মার্কিন ডলারের বেশি। দ্বিতীয় সিনেমাটিও বক্স-অফিস সফলতা পেয়েছিল।