২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইরফান খান

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয়ের জন্য ইরফান খানের ঢাকায় আসার বিষয়টি অনেক অগে থেকেই চূড়ান্ত ছিলো। ১৫ মার্চ তিনি ঢাকার মাটিতে পা রাখবেন বলে গ্লিটজকে জানিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কনর্ধার আব্দুল আজিজ। ভক্তদের প্রতীক্ষার প্রহর কিছুটা দীর্ঘ করে অবশেষে ১৬ র্মাচ ঢাকায় এলেন ইরফান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 06:42 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

সকাল সাড়ে এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইরফান খান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ‘ডুব’ র্নিমাতা ফারুকী।

‘ডুব’ সিনেমায় অভিনয়ের জন্য এই প্রথমবারের মতো ঢাকায় এলেন ৪৯ বছর বয়সী আর্ন্তজাতিক খ্যাতিমান এই তারকা। শুধু তাই নয়, ‘ডুব’ সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে বাংলা ভাষা শেখার কাজটিও নাকি সেরেছেন ইরফান খান।

দুটি ভাষায় নির্মিত হবে মোস্তফা সরয়ার ফারুকীর এই সিনেমাটি। বাংলায় এর নাম দেয়া হয়েছে ‘ডুব’ এবং ইংরেজিতে ‘নো বেড অফ রোজেস’। দুটি পরিবারের উত্থান-পতনের গল্পকে ঘিরে আবর্তিত সিনেমার কাহিনি। সিনেমায় ইরফানের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী ও নাদের চৌধুরীসহ অনেকে থাকছেন এ সিনেমায়।

১৯৮৮ সালে মিরা নায়ারের ‘সালাম বোম্বে’ সিনেমায় একজন পত্র লেখকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালী পর্দায় অভিষিক্ত হন ইরফান খান। এরপর থেকে প্রতিটি সিনেমায় নিজের অভিনীত চরিত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০০৮ সালে ড্যানি বয়েলের অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন। ২০১২ সালে তিগমাংশু ধুলিয়ার ‘পান সিং তোমার’ সিনেমায় নাম চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তোলেন। গত কয়েক বছরে ‘দ্য আমেইজিং স্পাইডার-ম্যান’ (২০১২), ‘লাইফ অফ পাই (২০১২), ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (২০১৫) -এর মতো সিনেমায় অভিনয় করে হলিউডে নিজের আসন পোক্ত করেছেন। গত বছর মুক্তি পাওয়া ‘পিকু' ও 'তালভার' সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

সবকিছু ঠিকঠাক মত চললে ২০ মার্চ শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে ‘ডুব’ সিনেমার দৃশ্যায়নের কাজ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনার এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে থাকছে থাকছেন ইরফান খানের প্রতিষ্ঠান আইকে।