‘কাহানি টু’তে বিদ্যার সঙ্গী যিনি
‘কাহানি’কে সাফল্যের দিকে বলা যায় একাই টেনে নিয়েছিলেন বিদ্যা বালান। এবার তার সঙ্গী হবেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।
১৪ মার্চ শুরু হলো ‘কাহানি টু’র শুটিং। সিনেমায় বিদ্যার সহশিল্পী হিসেবে কারা থাকছেন, তা নিয়ে অনেকদিন ধরে চর্চা চললেও মুখ খোলেননি সংশ্লিষ্টদের কেউ। কিন্তু গোপন কথা আর গোপন থাকল না। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুনকে।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বিদ্যা এবং পরিচালক সুজয় ঘোষ বেশ সময় নিয়ে ‘কাহানি’র দ্বিতীয় পর্বে দিয়েছেন। এর কারণ হলো তারা আগের চেয়েও বড় পরিসরে সিকুয়ালটি নির্মাণ করতে চাচ্ছিলেন।
আরেকটি সূত্র বলছে, সিনেমায় অর্জুনের দৈর্ঘ্য বেশি হবে না। এক মাসের মধ্যে অর্জুনের অংশটির কাজ শেষ করে ফেলা হবে।
২০১২ সালে মুক্তি পাওয়া কলকাতার পটভূমিতে নির্মিত ‘কাহানি’তে বিদ্যার সঙ্গে দেখা গেছে নাওয়াজউদ্দিন সিদ্দিকি, পরমব্রত চ্যাটার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত, আবির চ্যাটার্জিদের। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। সিকুয়ালে তারা কেউ ফিরছেন কি না এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
