২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন স্পাইডার-ম্যানের আবির্ভাব

'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' এর কাহিনিকাঠামো নিয়ে গত বছর থেকেই জল্পনা-কল্পনা চলছে। সনি এন্টারটেইনমেন্টের অনুমতি নিয়ে মারভেলের জগতে আবির্ভূত হতে চলেছেন স্পাইডার-ম্যান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 07:48 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

ফলে সুপারহিরো সিনেমাপ্রেমীদের উত্তেজনা একটু বেশি। 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' এর নতুন ট্রেইলারে স্পাইডার-ম্যানের ক্ষণিকের উপস্থিতি সেই উত্তেজনা আরো বাড়িয়েছে।

সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্ট পাশ হবার সূত্র ধরে বিশাল এক ফাটল ধরে মারভেলের অ্যাভেঞ্জার শিবিরে। রেজিস্ট্রেশন অ্যাক্টের বিরুদ্ধে অবস্থান নেয় ক্যাপ্টেন আমেরিকা আর তার বিপক্ষে এক সময়ের সহযোদ্ধা আয়রন ম্যান। তাদের মধ্যকার স্নায়ুযুদ্ধটা পৃথিবীর জন্য হুমকি হয়ে দাড়ায়, যখন লড়াইয়ে মুখোমুখি হয় অন্য সুপারহিরোরাও। এভাবেই এগিয়েছে 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' - এর কাহিনি।

'সিভিল ওয়ার'-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে স্পাইডার ম্যানকে। মারভেলের চলচ্চিত্রিক দুনিয়ায় মাকড়শা মানবের অন্তর্ভূক্তির খবর শোনার পর থেকেই কোন দলে তিনি ভিড়বেন - তা নিয়ে ভক্তদের কৌতুহলের অন্ত ছিল না। শেষমেশ তাকে আয়রন ম্যানের একজন তরুণ সহযোদ্ধা হিসেবেই উপস্থাপন করা হলো। সিনেমার ট্রেইলারে আয়রন ম্যান তাকে সম্বোধন করেন আন্ডারুস নামে।

এবার স্পাইডার-ম্যানের উর্দি গায়ে চাপিয়েছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। টোবি ম্যাগুয়ার কিংবা অ্যান্ড্রু গারলফিল্ডের মতো জমকালো নয়, পুরোপুরি সাদামাটা গোছের লাল-নীল উদর্ি হল্যান্ডের জন্য বেছে নিয়েছে মারভেল। এই স্যুটটিই মূলত দেখানো হয়েছে মারভেলের কমিকগুলোতে। স্পাইডার-ম্যানের হাতে পড়িয়ে দেওয়া হয়েছে একটি ওয়েব শুটার আর তার পেটের কাছাকাছি রয়েছে ওয়েব কার্টরিজ।

আগের বিশালাকার মাকড়শার লোগোটিও সংকুচিত হয়েছে মারভেলের জগতে এসে। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটি চোখে পড়েছে সেটি হলো স্পাইডার-ম্যানের অভিব্যক্তি অনুযায়ী তার স্যুটের প্রতিক্রিয়ার ক্ষমতা - যা এর আগের কোনো সিনেমায় ছিল না।

স্পাইডার-ম্যান ছাড়া এই ট্রেইলারে দেখা গেছে স্কারলেট উইচ, ব্ল্যাক উইডো, আলট্রন, উইন্টার সোলজার, ওয়ার মেশিন, ব্ল্যাক প্যান্থার, হক আই এবং ভিশনকে। দুই মিনিট পঁচিশ সেকেন্ডের ট্রেইলারটিতে ক্যাপ্টেন আমেরিকা-আয়রন ম্যানের সম্মুখ সমর ছাড়াও দেখা গেছে উইন্টার সোলজার এবং ব্ল্যাক প্যান্থারের মুখোমুখি লড়াই। ট্রেইলারটি প্রকাশিত হবার মাত্র এক দিনের মাথাতেই এটি ইউটিউবে দেখা হয়েছে দেড় কোটি বারের বেশি।

'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' মুক্তি পাবে ৬ মে।