২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে ট্রেইলারটি দেখছে সবাই

১৪ কোটি ৭১ হাজার ৭শ' ২৩০ বার - প্রতিবেদনটি লেখা হচ্ছে যখন, তখন পর্যন্ত এতবারই দেখা হয়েছে 'গেইম অফ থ্রোন্স'-এর ষষ্ঠ সিজনের ট্রেইলার। আর এতেই স্পষ্ট হয়ে ওঠে জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা টিভি সিরিজটির জন্য কতোটা অধীর হয়ে অপেক্ষা করছেন দর্শকরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 01:52 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

৮ মার্চ ১ মিনিট ৪১ সেকেন্ডের এই ট্রেইলারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে অনলাইনে। মুক্তির দুদিনের মাথায় বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক ইউটিউবে দেখে ফেলেন টান টান উত্তেজনায় পরিপূর্ণ এই ট্রেইলার। 

গত সিজনেই সবাইকে চমকে দিয়ে সমাপ্তি টানা হয় সিরিজটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জন স্নোর। সবার প্রত্যাশা কোনো না কোনোভাবে ফিরে আসবেন কিট হ্যারিংটন। ট্রেইলারে অবশ্য মৃতদেহ হিসেবেই দেখা মিলেছে তার। অবশ্য ট্রেইলার দেখার পর অন্য এক আশংকা ঘনিয়ে উঠছে চরিত্রটিকে ঘিরে। হোয়াইট ওয়াকার রূপে যদি ফিরে আসেন স্নো, তবে কাহিনির মোড় ঘুরে যাবে রাতারাতি।

ল্যানিস্টারদের পতনের পর হাই স্প্যারোদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞায় দৃঢ় সারসেই ল্যানিস্টারকে দেখা গেল জেইমিকে পাশে নিয়ে। এদিকে ডথারাকি গোষ্ঠীর হাতে বন্দি খালিসি ড্যানেরিস টারগেরিয়ানের নিয়তি এখনও অজানা। তবে তার হারিয়ে যাওয়া ড্রাগনের দেখা মিলেছে ঠিকই। আর মেলিসান্দ্রেও স্বীকার করে নিয়েছে শেষমেশ, আগুনের লেলিহান শিখায় সে মহৎ বিজয় দেখেছিলো তার সবই ছিল মিথ্যা।

তবে ট্রেইলারের সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ব্র্যান স্টার্কের প্রত্যাবর্তন, যাকে চতুর্থ সিজনের পর আর দেখানো হয়নি। তবে এতদিনের পঙ্গু ব্র্যানকে দেখা গেল দাঁড়িয়ে থাকতে আর তার ঠিক পেছনেই হোয়াইট ওয়াকারদের রাজা।

স্যার ডাভোস সিওয়ার্থকে দেখানো হয়েছে একদম শেষে, যেখানে তিনি দাঁড়িয়ে জন স্নোর মৃতদেহের পাশে খোলা তরবারি হাতে। কি করতে চান তিনি? সব প্রশ্নের উত্তর মিলবে সিরিজের ষষ্ঠ সিজনে।

নতুন এই সিজনটি এইচবিও তে প্রচারিত হবে এপ্রিলের ২৬ তারিখ থেকে।