২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি বাবা-মায়ের অনাকাঙ্ক্ষিত সন্তান’

নিজের উদ্যম এবং পরিশ্রমে আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। হিন্দি সিনেমার বাজারে তার চাহিদা এখন তুঙ্গে। কিন্তু অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত জানালেন, বাবা-মায়ের কাছে ‘অনাকাঙ্ক্ষিত মেয়ে সন্তান’ ছিলেন তিনি, যাকে প্রতিদিন মনে করিয়ে দেয়া হতো এই কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 02:13 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

তিন ভাইবোনের মধ্যে কাঙ্গানা হলেন মেজো। বড় বোন রাঙ্গোলি ছাড়াও তার রয়েছে এক ভাই আকশাত। তবে তাকে সব সময় অনুভব করানো হয়েছে তিনি কাম্য ছিলেন না।

সাংবাদিকদের তিনি বলেন, "রাঙ্গোলির আগে আমার বাবা-মায়ের আরেকটি ছেলে হয়েছিল, সে ১০ দিনের মধ্যে মারা যায়। তার নাম রাখা হয়েছিল হিরো। পুত্র সন্তান মারা যাওয়ার শোকে তারা পাথর হয়ে গিয়েছিলেন। এরপর রাঙ্গোলির জন্ম হয়, তাকে অনেক আনন্দের সঙ্গে গ্রহণ করেন বাবা-মা।"

কিন্তু বিপত্তিটা বাধে তার জন্মের সময়, জানান কাঙ্গানা। পুত্র সন্তান মারা যাওয়ার পর দুটি মেয়ে তারা চাননি।

"যখন আমার জন্ম হয়, তখন আমার বাবা-মা, বিশেষ করে আমার মা মেনে নিতে পারেননি তার আরেকটি মেয়ে হয়েছে। আমি এই গল্পগুলো ভাল করে জানি, কারণ আমাদের বাড়িতে যখনই কোনো অতিথি আসতো, আমার সামনেই তারা প্রত্যেক অতিথিকে একই গল্প শোনাতো।"

হিমাচল প্রদেশের এক মফস্বল শহরে জন্ম কাঙ্গানার। কিশোরী বয়সেই পরিবার ছেড়ে মুম্বাইতে এসে অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন। তার বাবা-মা চাইতেন মেয়ে চিকিৎসক হোক। পড়াশোনা নিয়েও বরাবরই বোন রাঙ্গোলির সঙ্গে নেতিবাচকভাবে তুলনা করা হত কাঙ্গানাকে। অনেকটা জেদ করেই বাড়ি ছেড়ে চলে যান তিনি।

৮ মার্চ নারী দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে কাঙ্গানা আরো জানান, কিভাবে তিনি প্রতিটা মুহূর্তে সংগ্রাম করেছেন।

"এরকম একটা পরিবেশে বড় হওয়া খুবই কঠিন, যেখানে আপনাকে সারাক্ষণ মনে করিয়ে দেয়া হবে যে আপনাকে ইচ্ছা করে দুনিয়াতে আনা হয়নি, এখানে আপনার কোনো স্থান নেই।"

তার মতে, পরিবারের পুরুষদের খুশি করার জন্য নিজের সব কিছু বিসর্জন দেয়া নারীদের এখন সময় এসেছে বদলানোর।