২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপমহাদেশের পর্দায় প্রথম চুম্বনের রূপকার যে নারী

১৯৩৩ সালে ‘কর্ম’ ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করে ভারতীয় উপমহাদেশজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন এক বাঙালি নারী। শুধু তাই নয়, ত্রিশ ও চল্লিশের দশকে হিন্দি ছবিরে জগতে দাপটের সঙ্গে রাজত্ব করতেন তিনি। হিন্দি ছবিতে অভিনয় করতেন। ছবি প্রযোজনা এবং পরিচালনাও করতেন। এই বাঙালি নারীর নাম দেবিকা রানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 12:05 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

দেবিকা রানীর পিতামহ ছিলেন পাবনার জমিদার। পূর্ববঙ্গ থেকে গিয়ে তিনি কলকাতায় প্রাসাদে বাস করতে থাকেন। তিনি রবীন্দ্রনাথের বোন সুকুমারী দেবীকে বিয়ে করেন। দেবিকার বাবার নাম মন্মথ রায় চৌধুরী। তিনি ছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সির প্রথম ভারতীয় সার্জন জেনারেল এবং সেনাবাহিনীর কর্নেল। মন্মথ চৌধুরীর অন্য তিন ভাইও বিখ্যাত। আশুতোষ চৌধুরী ছিলেন কলকাতার হাইকোর্টের বিচারপতি, যোগেশ চৌধুরী ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং প্রমথ চৌধুরী ছিলেন বিখ্যাত লেখক ও রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীর স্বামী। দেবিকা রানীর মা লীলা দেবী চৌধুরানীও ঠাকুর পরিবারের আত্মীয়া ছিলেন|।

দেবিকা রানীর জন্ম ১৯০৮ সালে মাদ্রাজের ওয়ালটেয়ারে| বিলাস ও জাঁকজমকের মধ্যে শৈশব কাটে তার। ৯ বছর বয়সে তাকে ও তার ভাইকে ইংল্যান্ড পাঠিয়ে দেয়া হয় লেখাপড়ার জন্য। লন্ডনে এক অভিজাত ইউরোপীয় মেয়ের মতোই বেড়ে ওঠেন তিনি। স্কুলের পড়া শেষ করে ভর্তি হন রয়াল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্ট এবং রয়্যাল অ্যাকাডেমি অফ মিউজিকে। নাট্যকলা ও সংগীতে তার প্রতিভার স্ফূরণ ঘটে এখানেই। এরপর তিনি বিখ্যাত ডিজাইনার এলিজাবেথ আর্ডেনের কাছে ফ্যাশন ডিজাইনিং শেখেন। বলতে গেলে থিয়েটারের সজ্জা, পোশাক, অভিনয় সব দিকেই তার যথাযথ জ্ঞান ছিল।

১৯২৮ সালে লন্ডনে বাঙালি চলচ্চিত্র নির্মাতা হিমাংশু রায়ের সঙ্গে দেবিকার দেখা হয় । তারা অচিরেই পরস্পরের প্রেমে পড়েন। দুজনে একসঙ্গে চলচ্চিত্র নির্মাণের কাজে জড়িয়ে পড়েন। হিমাংশু তখন একটি সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। তাকে সাহায্য করার জন্য দেবিকা ভারতে আসেন। সিনেমাটির কাজ শেষ হলে দুজনে জার্মানি যান। সেখানে দেবিকা অভিনয় এবং চলচ্চিত্র পরিচালনার কাজ শেখেন।

১৯২৯ সালে তারা দুজন বিয়ে করেন। সে সময় দেবিকার বয়স ছিল মাত্র ২১ বছর আর হিমাংশু রায়ের বয়স ছিল ৩৭ বছর। তারা একসঙ্গে অস্ট্রিয়া, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে অভিনয় করতেন। ইউরোপে তাদের জনপ্রিয়তা ছিল, পেয়েছেন প্রশংসাও।

১৯৩৩ সালে এই দম্পতি জার্মানি থেকে ভারতে চলে আসেন। হিমাংশু রায় ‘কর্ম’ নামে একটি ছবির নির্মাণ শুরু করেন। ছবিটি ছিল ইংরেজি ভাষায় এবং সবাক চলচ্চিত্র। এ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন হিমাংশু ও দেবিকা রানী। এই ছবিতেই দুজনের ৪ মিনিট দীর্ঘ চুম্বন দৃশ্য ছিল যা আজও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি রেকর্ড। ছবিটি মুক্তি পায় ইংল্যান্ডে। দারুণ প্রশংসিত হয় ছবিটি। বিশেষ করে দেবিকা রানী তার সৌন্দর্য ও অভিনয়ে ইউরোপীয় দর্শকদের মন জয় করেন। তবে ভারতীয় দর্শকের হৃদয় জয় করার জন্য তাকে আরো অনেক পথ পাড়ি দিতে হয়।

১৯৩৪ সালে হিমাংশু রায় প্রতিষ্ঠা করেন চলচ্চিত্র স্টুডিও বোম্বে টকিজ। বোম্বে টকিজ ত্রিশ ও চল্লিশের দশকে ছিল সবচেয়ে নামকরা স্টুডিও। দিলিপ কুমার, অশোক কুমার, মধুবালা, লীলা চিতনিশসহ অনেক খ্যাতিমান শিল্পীই তাদের অভিনয় জীবন শুরু করেছিলেন বোম্বে টকিজ থেকে। ১৯৩৫ সালে বোম্বে টকিজ থেকে মুক্তি পায় হিন্দি ছবি ‘জাওয়ানি কি হাওয়া’। এতে  নায়িকা হন দেবিকা। ছবিটি মুক্তির পর নায়িকা হিসেবে দেবিকা রানী বিপুল জনপ্রিয়তা পান। চলচ্চিত্রে তার আসন পাকা হয়ে যায়। এই ছবিতে নায়ক ছিলেন নজম-উল-হাসান নামে এক তরুণ সুদর্শন অভিনেতা| সহশিল্পী নজম-উল-হাসানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে দেবিকার, যা অচিরেই রূপ নেয় প্রেমে। হিমাংশু ছিলেন দেবিকার চেয়ে ১৬ বছরের বড়। তাই তাদের মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল প্রথম থেকেই। বোম্বে টকিজের পরবর্তী ছবি ছিল ‘জীবন নাইয়া’। এই ছবিতেও নায়ক-নায়িকা ছিলেন নজম-উল-হাসান এবং দেবিকা রানী। দুজন পরস্পরকে এতটাই ভালোবেসে ফেলেন যে তারা মুম্বাই থেকে পালিয়ে যান। স্ত্রীকে হারিয়ে মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন হিমাংশু রায়। ছবির কাজও বন্ধ হয়ে যায়। বোম্বে টকিজের সহকারী শব্দ প্রকৌশলী ছিলেন শশধর মুখার্জি। তিনি দেবিকা রানীর সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনেন। হিমাংশু রায় নতুনভাবে ছবিটির কাজ শুরু করেন। সেসময় অভিনয় শিল্পীরা একেকটি স্টুডিওতে চাকরি করতেন। চাকরিচ্যূত করা হয় নজম-উল হাসানকে। তার বদলে নায়ক হন শশধর মুখার্জির শ্যালক অশোক কুমার। নজম-উল হাসান যাতে আর কোনো স্টুডিওতে চাকরি না পান সেজন্য অন্যান্য স্টুডিও মালিকদের অনুরোধ করেন হিমাংশু রায়। ফলে অভিনেতা হিসেবে নজম-উল হাসানের ক্যারিয়ার সম্পূর্ণ ধংস হয়ে যায়।

হিমাংশুর সঙ্গে সামাজিক সম্পর্ক থাকলেও দুজনের মধ্যে আগের মতো ভালোবাসার সম্পর্ক আর ছিল না। দেবিকা ছবিতে অভিনয়ের জন্য স্বামীর কাছ থেকে তার প্রাপ্য বুঝে নিতেন কড়ায় গণ্ডায়।

‘জীবন নাইয়া’র পর বোম্বে টকিজের পরবর্তী ছবি ‘অচ্ছুৎ কন্যা’তে অভিনয় করেন দেবিকা রানী- অশোক কুমার জুটি। সুপার ডুপার হিট হয় ছবিটি। এ ছবির ‘ম্যায় বনকে চিড়িয়া’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। অস্পৃশ্য বা অচ্ছুত মেয়ের সঙ্গে উচ্চ বর্ণের এক ব্রাহ্মণ ছেলের প্রেমকাহিনি সরাসরি চ্যালেঞ্জ করে ভারতের জাতিভেদ প্রথাকে। দেবিকা-অশোক জুটির দারুণ জনপ্রিয়তার ফলে পরপর মুক্তি পায় এ জুটি অভিনীত ‘জীবন প্রভাত’, ‘ইজ্জত’, ‘নির্মলা’, ‘বচন’ ইত্যাদি ছবি।

১৯৪০ সালে ভগ্নহৃদয় হিমাংশু রায়ের মৃত্যু হয়। তখন বোম্বে টকিজের দায়িত্ব কাঁধে তুলে নেন দেবিকা রানী। তিনি শশধর মুখার্জির সঙ্গে যৌথভাবে স্টুডিওর ব্যবসা চালাতে থাকেন। তাদের সঙ্গে অশোক কুমারও ছিলেন। ১৯৪১ সালে মুক্তি পায় ‘আনজান’। দেবিকা-অশোক জুটির এ ছবিটি প্রযোজনা করেন দেবিকা রানী। এর পর মুক্তি পায় তাদের অভিনীত ‘বসন্ত’ ও ‘কিসমত’। ছবি দুটির প্রযোজকও তিনি ছিলেন। দুটি ছবিই ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৪৩ সালে মুক্তি পায় তার প্রযোজিত ‘হামারি বাত’। এটিই তার অভিনীত শেষ ছবি। ১৯৪৪ সালে তার প্রযোজনায় মুক্তি পায় ‘জোয়ারভাটা’। এ ছবির মাধ্যমেই প্রথম চলচ্চিত্রে পা রাখেন দিলিপ কুমার। আওধ মিলিটারি ক্যান্টিনে দেবিকা রানীর সঙ্গে পরিচয় হয় ক্যান্টিনটির পরিচালক ও ব্যবসায়ী ইউসুফ খানের। সুদর্শন তরুণ ইউসুফ খানকে খুব ভালো লেগে যায় তার। তিনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। দিলিপ কুমারের নামকরণ যেমন করেছিলেন তিনি, তেমনি মধুবালা নামটিও তারই দেয়া। এরপর অশোক কুমার ও শশধর মুখার্জি বোম্বে টকিজ থেকে চলে যান এবং নতুন স্টুডিও ফিল্মিস্তান প্রতিষ্ঠা করেন। দেবিকা রানীও অবসর নেয়ার কথা ভাবতে থাকেন। চলচ্চিত্র জগত থেকে দূরে সরে যান তিনি।

১৯৪৫ সালে দেবিকা রানী স্বেতোস্লাভ রোয়েরিখ নামে এক রুশ পেইন্টারকে বিয়ে করেন। দেবিকার বয়স তখন ৩৭ বছর। বিয়ের পর তারা চলে যান মানালিতে। এই সময় দেবিকা রানী বন্যপ্রাণি বিষয়ক কয়েকটি তথ্যচিত্র পরিচালনা ও প্রযোজনা করেন।

এরপর দেবিকা রানী ও রোয়েরিখ দম্পতি চলে যান ব্যাঙ্গালুরুতে। সেখানে শহরের উপকণ্ঠে একটি বিশাল বাড়িতে বাস করতেন তারা। ১৯৫৮ সালে দেবিকা রানীকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে ভারত সরকার। তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৬৯ সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৯০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দেবিকা রানীকে সম্মানসূচক সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কারে ভূষিত করে।

১৯৯৪ সালের ৯ মার্চ দেবিকা রানী মৃত্যুবরণ করেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই সাহসী বাঙালি নারী চির স্মরণীয় হয়ে আছেন।