বলিউড তারকাদের প্রিয় খাবার
খাওয়া-দাওয়ার বেলায় ভীষণ কড়াকড়ি, তারপরও প্রিয় খাবার সামনে পেলে লোভ সামলানো কি যায়? তারকারা কে কি খেতে ভালোবাসেন তা জানিয়ে দিতেই এবারের আয়োজন।
বিরিয়ানি সামনে পেলে নিজেকে আর আটকে রাখতে পারেন না সালমান খান। বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ সাল্লু নিজে যেমন বিরিয়ানি খেতে পছন্দ করেন, খাওয়ানোর ব্যাপারেও বেশ উদার তিনি। গতবছর 'বাজরাঙ্গি ভাইজান'- সিনেমার সব কলা-কুশলীকে আমন্ত্রণ করে নিজ বাসায় আপ্যায়ন করেছেন বিরিয়ানি দিয়ে।
আপনি যদি ক্যাটরিনার ভক্ত হন এবং তাকে মুগ্ধ করতে চান, তবে সিনামন রোল হাতে তার সামনে যেতে ভুলবেন না। বিশেষ করে সল্টওয়াটার ক্যাফের সিনামন রোলের ভক্ত ৩৩ বছর বয়সী ক্যাটরিনা।
সুঠামদেহী ভারুন ধাওয়ান খাবার নিয়ে বেশ সচেতন। তবে, সামনে পিজ্জার চলে এলে যেন ভুলে যান সব কিছু। পিজ্জার প্রতি দুর্বলতার কারণে স্বাস্থ্য সচেতন এই অভিনেতাকে হয়তো ডন-বৈঠক একটু বেশিই দিতে হয়।
২০ বছর বয়সী এক তরুণীর সামনে দুটো পথ খোলা। হয় সে তার প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া চালিয়ে যাবে অথবা ওজন ৬৭ কেজি থেকে কমিয়ে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নেবে। আলিয়া ভাট পরেরটাই বেছে নিয়েছিলেন। তবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রতি তার দুর্বলতাটা রয়ে গেছে।
জংলি মাটন বিরিয়ানি পেলে একেবারে যেন নিজেকে সঁপে দেন রানবির। নিজের দাদীকে মানেন সেরা রাঁধুনী হিসেবে। তার মা নিতু তাকে এই বিরিয়ানি খেতে নিষেধ করলেও তিনি জানিয়েছেন, তার চোখের সামনে কেউ এই বিরিয়ানি এনে দিলে নিজেকে সামলাতে পারেন না তিনি। গোগ্রাসে সবটুকু সাবাড় করতে তার খুব একটা সময় লাগে না।
ভারতীয়, ইউরোপীয় কিংবা জাপানি - কোনো খাবারেই না নেই শ্রদ্ধা কাপুরের। তবে জাপানি কুইজিন বিশেষ করে সুশি খেতে ভীষণ ভালোবাসেন। আর সেটা যদি হয় স্যামন মাছের স্পাইসি সুশি, তবে তো কথাই নেই।
চাইনিজ খাবারের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে 'বাজিরাও মাস্তানি' তারকা রানভির সিং এর। একটি চাইনিজ সস এবং নুডলস বিক্রয়কারী প্রতিষ্ঠানের পণ্যদূতও হয়ে বসেছেন তিনি। চাইনিজ খাবারপ্রীতির জন্য তাকে সিনেপাড়ায় ডাকা হয় 'রানভির চিং' নামে।
বলিউডের ফ্যাশন কুইন সোনাম রাস্তার পাশের খাবার খেতেই বেশি ভালোবাসেন আর তার সবচেয়ে প্রিয় খাবার মুম্বাইয়ের পাও ভাজি। সবচেয়ে পছন্দ করেন জুহু এলাকার কুপার হাসপাতালের পাশে এক পাও ভাজি বিক্রেতার খাবার।
ডুবো তেলে ভাজা গরম গরম শিঙ্গারা আর সমুচা খেতে ভীষণ ভালোবাসেন হৃত্বিক রোশান। মুম্বাই সিনেপাড়ার গ্রীক দেবতা বলা হয় যাকে, সেই সুঠামদেহী নায়ক বলে এক বসায় ডজনখানেক সিঙ্গারা-সমুচা সাবাড় করে ফেলতে পারেন।
চকলেট বলতে পাগল শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। চকলেট দেখলেই যেন থেমে যান তিনি। আর চকলেটনির্ভর যে কোনো খাবারই সাবাড় করে ফেলতে পারেন চোখের নিমিষে।
