২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ভূমিকা পাল্টে দেয়া হিন্দি সিনেমা

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন নারী এসেছেন কেবলই গ্ল্যামারই ছড়াতে। কিন্তু ধীরে ধীরে হিন্দি সিনেমার পর্দায় নারীকে উপস্থাপনের ভঙ্গি পাল্টেছে। সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে এমন কয়েকটি সিনেমা যা নায়িকাদের চিরায়ত ভূমিকার ছাঁচ ভেঙে দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 05:35 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পিকু

ত্রিশোর্ধ্ব পিকু একজন আধুনিক নারী, যিনি সবদিক থেকেই স্বাধীন। ভারতের মতো দেশে যেখানে এখনও ছেলে শিশুদের প্রাধান্য বেশি দেয়া হয় এই ভেবে যে ছেলে বড় হয়ে বাবা-মাকে দেখবে, সেখানে পিকুকে বড় করা হয়েছে নিজের পায়ে দাড়ানোর উপযোগী করেই। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’র গল্প গড়ে উঠেছে পিকু নামের এই নারীকে ঘিরে, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন। নারীকেন্দ্রিক চলচ্চিত্র হওয়া সত্ত্বেও বক্স-অফিসে দারুণ সাড়া পায় ‘পিকু’।

কুইন

অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াতের ক্যারিয়ারের মাইলফলক বলা যেতে পারে ‘কুইন’কে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে ভারতীয় সমাজে মোটামুটি ‘অসম্ভব’ একটি ধারণা থেকে। বিয়ের ঠিক আগের দিন মেয়েটি জানতে পারে তার হবু স্বামী তাকে বিয়ে করতে রাজি নয়, কিন্তু ততোদিনে তাদের হানিমুনের টিকেটও কাটা হয়ে গেছে। অধিক শোকে পাথর হয়ে যাওয়া শহরতলীর সাধারণ মেয়েটি, যে জীবনে একা একা ঘর থেকেই বের হয়নি, সে একাই নিজের হানিমুনে চলে যায় প্যারিসে। এই অদ্ভুত যাত্রা জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়।

জয় গঙ্গাজল

সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমাতে একজন দুর্ধ্বর্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের এক অজ পাড়াগাঁয়ে বদলি হয়ে সেখানকার দুর্নীতিগ্রস্ত আইনব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই নারী পুলিশ কর্মকর্তা।

দাম লাগাকে হাইশা

আধুনিক সমাজে যেখানে ছিপছিপে গড়নের মেয়েদেরকেই দেয়া হয় সুন্দরীর স্বীকৃতি, বিয়ের বাজারের বৈষম্যমূলক সেই ভাবনার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এই সিনেমাটি।

নিরজা

আজও ভারতের অনেক জায়গায় মেয়ে শিশুকে ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করা হয়। অথচ নিরজা নামের এই মেয়েটিই বাঁচিয়েছিল একটি উড়োজাহাজের সব যাত্রীকে। ২৩ বছর বয়সী বিমান কর্মকর্তা নিরজা ভানোতকে অবশ্য নিজের প্রাণ বিসর্জন দিতে হয়। এই হৃদয়বিদারক গল্প পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী সোনাম কাপুর।

মারগারিটা উইথ আ স্ট্র

সেরেব্রাল প্যালসির মতো জন্মগত রোগে আক্রান্ত এক নারীর গল্প বলা হয়েছে এতে, যেখানে অভিনয় করেছেন কালকি কোয়েচলিন। নিজের দেহের ওপর নিয়ন্ত্রণ হারানো এ নারীর যৌনজীবন ও স্বাধীন ভাবে বেঁচে থাকার ইচ্ছা উঠে এসেছে এ সিনেমায়।

কি অ্যান্ড কা

এখনও মুক্তি পায়নি আর বাল্কি পরিচালিত এই সিনেমাটি। তবে ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এর গল্পের জন্য। এতে অভিনেতা অর্জুন কাপুরকে দেখা যাবে একজন গৃহস্বামী হিসেবে, আর উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী নারীর চরিত্রে থাকবেন কারিনা কাপুর খান। নারী-পুরুষের সামাজিক ভূমিকার অদল বদলের মাধ্যমে সিনেমাটি লিঙ্গ বৈষম্যের দিকে নজর ফেরাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।