২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কোয়ান্টিকো' বদলালেও প্রিয়াঙ্কা বদলাবেন না

মিড-সিজন বিরতির পর আবারও পর্দায় ফিরছে মার্কিন এফবিআই ড্রামা 'কোয়ান্টিকো'। এবার ইতি হবে প্রথম সিজনের। নির্মাতা জানালেন, প্রতি সিজনের কাহিনি বদলে যাবে, তবে কাহিনির কেন্দ্রে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 02:43 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

'কোয়ান্টিকো'তে অভিনয় করে ইতোমধ্যেই পশ্চিমা বিনোদন জগতে বাজিমাত করেছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা। তার এই জয়যাত্রা অটুট থাকবে বলেই নিশ্চিত করলেন সিরিজের নির্মাতা জশ সাফরান।

সম্প্রতি জনপ্রিয়তার ভিত্তিতে 'কোয়ান্টিকো'সহ ১৫টি নতুন টিভি সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন চ্যানেল এবিসি। ভ্যারাইটিকে দেয়া সাক্ষাৎকারে সাফরান জানান, "এবিসি চ্যানেল এবং 'কোয়ান্টিকো'র প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, প্রতি সিজনে সিরিজটির গল্প বদলাবে। তবে অ্যালেক্স প্যারিশকে ঘিরেই চলবে 'কোয়ান্টিকো'র যাত্রা।"

তিনি আরো জানান এবারের গল্প ছিল সন্ত্রাসবাদ ও যুক্তরাষ্ট্র নিয়ে। পরের সিজনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে আঘাত করে এমন আরেকটি ইস্যুকে তুলে ধরা হবে।  

'কোয়ান্টিকো'র যাত্রা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে। ইতোমধ্যেই প্রিয় নতুন টিভি অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন প্রিয়াঙ্কা এই সিরিজের জন্য।